Sobar Desh | সবার দেশ ক্রীড়া প্রতিবেদক

প্রকাশিত: ০৪:২৩, ১০ জুলাই ২০২৬

মরক্কোকে বিদায় করে সবার আগে সেমিফাইনালে ফ্রান্স

মরক্কোকে বিদায় করে সবার আগে সেমিফাইনালে ফ্রান্স
ছবি: সংগৃহীত

ফিফা বিশ্বকাপের প্রথম কোয়ার্টার ফাইনালে দাপুটে ফুটবল উপহার দিয়ে মরক্কোকে ২-০ গোলে হারিয়ে সবার আগে সেমিফাইনালে জায়গা নিশ্চিত করেছে ফ্রান্স। পুরো ম্যাচজুড়ে বল দখল, আক্রমণ এবং সুযোগ তৈরিতে স্পষ্ট আধিপত্য দেখিয়েছে দিদিয়ের দেশামের দল। আফ্রিকার অন্যতম শক্তিশালী দল মরক্কো লড়াই করার চেষ্টা করলেও শেষ পর্যন্ত কিলিয়ান এমবাপ্পে ও উসমান দেম্বেলের গোলেই বিদায় নিতে হয়েছে আশরাফ হাকিমিদের।

ম্যাচের শুরু থেকেই আক্রমণাত্মক ফুটবল খেলতে থাকে ফ্রান্স। একের পর এক আক্রমণে মরক্কোর রক্ষণভাগকে চাপে রাখলেও গোলের দেখা পাচ্ছিল না তারা। ২৫তম মিনিটে মরক্কোর ডি-বক্সে নুসাইর মাজরাউয়ির ফাউলে পেনাল্টি পায় ফরাসিরা। সহকারী রেফারির সঙ্গে আলোচনা শেষে মূল রেফারি ফাকুন্দো তেল্লো স্পট কিকের নির্দেশ দেন। পরে ভিএআরে সিদ্ধান্ত পর্যালোচনা করা হলেও পেনাল্টির সিদ্ধান্ত বহাল থাকে।

পেনাল্টি নিতে এগিয়ে আসেন ফরাসি অধিনায়ক কিলিয়ান এমবাপ্পে। তবে তার ডান দিকের নিচের কোণায় নেওয়া শট অসাধারণ দক্ষতায় ঠেকিয়ে দেন মরক্কোর গোলরক্ষক ইয়াসিন বুনু। দুর্দান্ত সেই সেভে ম্যাচে দলকে টিকিয়ে রাখেন তিনি।

এরপরও আক্রমণের ধার কমায়নি ফ্রান্স। ৩২তম মিনিটে তরুণ ফরোয়ার্ড দেজিরে দুয়ে একক নৈপুণ্যে কয়েকজন ডিফেন্ডারকে কাটিয়ে ডি-বক্সে ঢুকে শট নিলেও আবারও বাধা হয়ে দাঁড়ান বুনু। তার চমৎকার সেভে প্রথমার্ধ গোলশূন্যভাবেই শেষ হয়।

বিরতির পর আরও আক্রমণাত্মক হয়ে মাঠে নামে বর্তমান চ্যাম্পিয়নরা। অবশেষে ৬০তম মিনিটে কাঙ্ক্ষিত গোলের দেখা পায় ফ্রান্স। ডি-বক্সের বাইরে থেকে কিলিয়ান এমবাপ্পের নেওয়া দুর্দান্ত শট মরক্কোর রক্ষণভাগ ভেদ করে ডান দিকের পোস্ট ঘেঁষে জালে জড়িয়ে যায়। গোল হতেই উচ্ছ্বাসে ফেটে পড়ে ফরাসি শিবির।

গোল হজমের পর মরক্কো সমতায় ফেরার চেষ্টা করলেও ফ্রান্সের সংগঠিত রক্ষণ তাদের তেমন কোনো সুযোগ দেয়নি। বরং ৭১তম মিনিটে ব্যবধান আরও বাড়ায় ইউরোপের দলটি। এমবাপ্পের নিখুঁত পাস থেকে বল পেয়ে ডি-বক্সের ঠিক বাইরে থেকে শট নেন উসমান দেম্বেলে। শটটি খুব জোরালো না হলেও ডিফেন্ডার ও গোলরক্ষকের নাগাল এড়িয়ে বল জালে জড়িয়ে গেলে ২-০ ব্যবধানে এগিয়ে যায় ফ্রান্স।

শেষ সময়েও মরক্কো ব্যবধান কমানোর মরিয়া চেষ্টা চালায়। তবে ফরাসি রক্ষণভাগ ছিল অনড়। নির্ধারিত সময় শেষ পর্যন্ত আর কোনো গোল না হলে ২-০ ব্যবধানে জয় নিয়ে বিশ্বকাপের প্রথম দল হিসেবে সেমিফাইনালে নিজেদের জায়গা নিশ্চিত করে দিদিয়ের দেশামের শিষ্যরা।

এ জয়ে শিরোপা ধরে রাখার স্বপ্ন আরও উজ্জ্বল হলো ফ্রান্সের। অন্যদিকে দুর্দান্ত এক বিশ্বকাপ অভিযান শেষে কোয়ার্টার ফাইনাল থেকেই বিদায় নিতে হলো আফ্রিকার প্রতিনিধি মরক্কোকে।

সবার দেশ/এফও 

শীর্ষ সংবাদ:

ফিটনেসবিহীন গাড়ির চালকের আসনে তারেক রহমান: হাসনাত
ড. ইউনূসকে হেনস্তা, ৪ আওয়ামী জঙ্গি শনাক্ত
এনসিপির শীর্ষ চার পদ বিলুপ্তির সিদ্ধান্ত, বদলাচ্ছে নেতৃত্ব
ড. ইউনূসকে হেনস্তা, ১২ সাবেক উপদেষ্টার নিন্দা
মুচলেকা দিয়ে পুলিশি পাহারায় ক্যাম্পাস ছাড়লেন চুয়েট ভিসি
ড. ইউনূসের হেনস্তার দায় পররাষ্ট্রমন্ত্রীর: নাহিদ
যুক্তরাষ্ট্রে ড. ইউনূসকে হেনস্তা, সরকারের নিন্দা
ড. ইউনূস ভালো আছেন, কোনও ক্ষতি হয়নি: লামিয়া মোরশেদ
মোদিবিরোধী আন্দোলনে বাজলো হাসিনাবিরোধী প্রতিবাদী গান
পাখি আমদানির আড়ালে শত কোটি টাকা পাচার
ওয়ান ব্যাংকে অভিজ্ঞতা ছাড়াই নিয়োগ
বিএনপি’র সাবেক এমপি সালাহউদ্দিন আহমেদ আর নেই
ইরানে অতিরিক্ত বাড়াবাড়ি করে ফেলেছি: ট্রাম্প
ড. ইউনূসকে হেনস্তার ঘটনায় জুলাই জার্নালিস্ট ইউনিটির নিন্দা ও প্রতিবাদ
টেস্টে লিটন দাসের বিশ্বরেকর্ড
চুয়েটে ২৪ ঘণ্টা ধরে অবরুদ্ধ উপাচার্যসহ ১১ জন
নিউইয়র্কে ইউনূসকে হেনস্তা, ব্যবস্থা নেবে সরকার: তথ্য উপদেষ্টা