কবি আল মুজাহিদীর মৃত্যুতে প্রধানমন্ত্রীর শোক
বীর মুক্তিযোদ্ধা, বিশিষ্ট সাংবাদিক, সাহিত্যিক এবং একুশে পদকপ্রাপ্ত কবি আল মুজাহিদীর মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
শুক্রবার (১৯ জুন) এক শোকবার্তায় প্রধানমন্ত্রী তারেক রহমান মরহুমের আত্মার মাগফিরাত কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারের সদস্য, স্বজন ও শুভানুধ্যায়ীদের প্রতি গভীর সমবেদনা জানান।
শোকবার্তায় প্রধানমন্ত্রী বলেন, কবি আল মুজাহিদী ছিলেন দেশপ্রেম, মানবিক মূল্যবোধ ও গণতান্ত্রিক চেতনার এক উজ্জ্বল প্রতীক। তিনি আজীবন গণতন্ত্র, মানবাধিকার এবং বাংলাদেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষার পক্ষে দৃঢ় অবস্থান বজায় রেখেছেন। সাহিত্য, সাংবাদিকতা ও মুক্তিযুদ্ধের চেতনা বিকাশে তার অবদান জাতি চিরদিন শ্রদ্ধার সঙ্গে স্মরণ করবে।
প্রধানমন্ত্রী তারেক রহমান আরও বলেন, আল মুজাহিদীর মৃত্যু দেশের সাহিত্য, সংস্কৃতি ও বুদ্ধিবৃত্তিক অঙ্গনের জন্য এক অপূরণীয় ক্ষতি। তার সৃষ্টিশীল কর্ম, লেখনী এবং আদর্শ আগামী প্রজন্মের জন্য অনুপ্রেরণার উৎস হয়ে থাকবে। তার চলে যাওয়ায় যে শূন্যতার সৃষ্টি হয়েছে, তা সহজে পূরণ হওয়ার নয়।
জানা গেছে, একুশে পদকপ্রাপ্ত এ কবি শুক্রবার দুপুরে রাজধানীর ইউনাইটেড হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিলো ৮৩ বছর।
আল মুজাহিদী দীর্ঘ সাহিত্যজীবনে কবিতা, প্রবন্ধ, সাংবাদিকতা এবং মুক্তিযুদ্ধভিত্তিক লেখালেখির মাধ্যমে দেশের সাংস্কৃতিক অঙ্গনে গুরুত্বপূর্ণ অবদান রেখে গেছেন। তার মৃত্যুতে সাহিত্যিক, সাংবাদিক, সাংস্কৃতিক ব্যক্তিত্ব ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের মধ্যে শোকের ছায়া নেমে এসেছে।
সূত্র: বাসস
সবার দেশ/কেএম




























