বিরোধীদলীয় নেতা শফিকুর রহমান, চিফ হুইপ নাহিদ
ত্রয়োদশ জাতীয় সংসদে বিরোধীদলীয় নেতা হিসেবে নির্বাচিত হয়েছেন ডা. শফিকুর রহমান। তিনি বাংলাদেশ জামায়াতে ইসলামী–এর আমির এবং এবার বিরোধী শিবিরের নেতৃত্ব দেবেন।
বিরোধীদলীয় উপনেতা হচ্ছেন কুমিল্লা-১১ (চৌদ্দগ্রাম) আসনের নবনির্বাচিত সংসদ সদস্য ও জামায়াতে নায়েবে আমির ডা. সৈয়দ আব্দুল্লাহ মোহাম্মদ তাহের। আর বিরোধীদলীয় চিফ হুইপ হিসেবে দায়িত্ব পাচ্ছেন নাহিদ ইসলাম, যিনি জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)-এর আহ্বায়ক।
মঙ্গলবার (১৭ ফেব্রুয়ারি) সংসদ সদস্যদের শপথ গ্রহণের পর অনুষ্ঠিত বিরোধী সংসদীয় দলের বৈঠকে এসব সিদ্ধান্ত নেয়া হয় বলে জানা গেছে। বৈঠকে অংশ নেয়া গাইবান্ধা জেলার জামায়াতের আমির ও গাইবান্ধা-২ আসনের সংসদ সদস্য মো. আব্দুল করিম বিষয়টি নিশ্চিত করেছেন।
দলীয় সূত্র জানিয়েছে, ১১ দলীয় জোটের পক্ষ থেকে শিগগিরই যৌথ সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে আনুষ্ঠানিক ঘোষণা দেয়া হবে।
নতুন সংসদে সরকার ও বিরোধী দলের আনুষ্ঠানিক নেতৃত্ব নির্ধারিত হওয়ায় এখন শুরু হচ্ছে নীতিনির্ধারণী বিতর্ক ও সংসদীয় কার্যক্রমের নতুন অধ্যায়।
সবার দেশ/কেএম




























