প্রধানমন্ত্রীর বক্তব্য বিকৃত করেছে ভারতীয় গণমাধ্যম: পররাষ্ট্র মন্ত্রণালয়
ভারতকে দায়ী করার খবর অসত্য, তারেক রহমান বক্তব্যে কোনও দেশের নাম নেননি; দিল্লির প্রতিক্রিয়া, বাংলাদেশের অভ্যন্তরীণ বিষয়ে মন্তব্যে অনাগ্রহ।
লালমনিরহাটে প্রধানমন্ত্রী তারেক রহমানের দেয়া বক্তব্যকে বিকৃতভাবে উপস্থাপন করেছে ভারতের কয়েকটি সংবাদমাধ্যম—এমন অভিযোগ করেছে বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয়। আওয়ামী লীগের সহিংস কর্মকাণ্ডের জন্য প্রধানমন্ত্রী ভারতকে দায়ী করেছেন বলে ভারতীয় গণমাধ্যমে প্রকাশিত খবর সঠিক নয় বলে জানিয়েছে মন্ত্রণালয়। ঢাকার দাবি, প্রধানমন্ত্রী তার বক্তব্যে কোনও দেশের নাম উল্লেখ করেননি।
রোববার (২২ নভেম্বর) এ বিষয়ে বার্তা সংস্থা ইউএনবিকে পররাষ্ট্র মন্ত্রণালয়ের একজন কর্মকর্তা বলেন, প্রধানমন্ত্রীর বক্তব্যে কোনও দেশের নাম ছিলো না। কিন্তু ভারতের কয়েকটি সংবাদমাধ্যম বক্তব্যটি ভুলভাবে উপস্থাপন করে বিভ্রান্তিকর সংবাদ প্রকাশ করেছে।
ওই কর্মকর্তা বলেন, আওয়ামী লীগের ফ্যাসিস্ট সন্ত্রাসীরা দেশে তাণ্ডব চালাচ্ছে। নিরীহ মানুষের ওপর তাদের চালানো গুরুতর সহিংসতার ঘটনা বিশ্ববাসী প্রত্যক্ষ করেছে। এসব কর্মকাণ্ড এখন দেশের গণ্ডি পেরিয়ে আন্তর্জাতিক পর্যায়েও ছড়িয়ে পড়ছে, যা বিভিন্ন দেশে নিরাপত্তা উদ্বেগ তৈরি করছে।
তিনি আরও বলেন, আওয়ামী লীগের এসব কর্মকাণ্ড বিদেশে বাংলাদেশের ভাবমূর্তি ক্ষুণ্ন করছে। একই সঙ্গে প্রবাসী বাংলাদেশিদের নেতিবাচকভাবে উপস্থাপন করে তাদেরও ক্ষতিগ্রস্ত করা হচ্ছে। এ ভয়াবহ হুমকির শিকড় আরও বিস্তৃত হওয়ার আগেই তা নির্মূল করতে আন্তর্জাতিক সম্প্রদায়ের দায়িত্ব রয়েছে বলেও মন্তব্য করেন তিনি।
বাংলাদেশের বক্তব্য নিয়ে দিল্লির প্রতিক্রিয়া
প্রধানমন্ত্রীর বক্তব্য ঘিরে ভারতীয় সংবাদমাধ্যমে প্রকাশিত খবরের পর ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের পক্ষ থেকেও প্রতিক্রিয়া এসেছে। গত শুক্রবার (২০ নভেম্বর) নয়াদিল্লিতে মন্ত্রণালয়ের নিয়মিত সংবাদ সম্মেলনে মুখপাত্র রণধীর জয়সওয়াল বাংলাদেশ-ভারত সম্পর্ক নিয়ে ভারতের অবস্থান তুলে ধরেন।
তিনি বলেন, বাংলাদেশের সঙ্গে ইতিবাচক, ভবিষ্যৎমুখী ও গঠনমূলক সম্পর্ক প্রতিষ্ঠা করাই ভারতের ধারাবাহিক অবস্থান। দুই দেশের অভিন্ন ইতিহাস, ত্যাগ এবং সাংস্কৃতিক মূল্যবোধের ভিত্তিতে সম্পর্ক এগিয়ে নেয়ার ওপর গুরুত্ব দেন তিনি।
প্রধানমন্ত্রীর বক্তব্য নিয়ে এক সাংবাদিকের প্রশ্নের জবাবে রণধীর জয়সওয়াল বলেন, বাংলাদেশের অভ্যন্তরীণ বিষয়ে মন্তব্য করতে আগ্রহী নয় ভারত। তার এ বক্তব্যের মধ্য দিয়ে বাংলাদেশের রাজনৈতিক পরিস্থিতি নিয়ে সরাসরি মন্তব্য এড়িয়ে যাওয়ার অবস্থান তুলে ধরে নয়াদিল্লি।
লালমনিরহাটের জনসভায় কী বলেছিলেন প্রধানমন্ত্রী?
গত বৃহস্পতিবার (১৯ নভেম্বর) লালমনিরহাট সদর উপজেলার মহেন্দ্রনগর মডেল খাল পুনঃখনন কর্মসূচির উদ্বোধন শেষে জেলা বিএনপি আয়োজিত জনসভায় বক্তব্য দেন প্রধানমন্ত্রী তারেক রহমান। সেখানে তিনি দীর্ঘ ১৬ বছর জোর করে দেশ শাসনের পর পালিয়ে যাওয়া একটি সন্ত্রাসী গোষ্ঠী আবারও দেশের বিরুদ্ধে ষড়যন্ত্র শুরু করেছে বলে অভিযোগ করেন।
প্রধানমন্ত্রী বলেন, ওই গোষ্ঠী নতুন করে অগ্নিসংযোগ ও মানুষ হত্যার রাজনীতিতে জড়িয়ে পড়েছে। দেশ ছেড়ে পালিয়ে গেলেও তাদের আগুন সন্ত্রাস ও হত্যার রাজনীতি বন্ধ হয়নি। পেছন থেকে সাধারণ মানুষের ওপর হামলা চালিয়ে তাদের হত্যা করা হচ্ছে বলেও মন্তব্য করেন তিনি।
গত কয়েক দিনের কর্মকাণ্ড পর্যবেক্ষণ করলেই পরিস্থিতির ভয়াবহতা বোঝা যাবে উল্লেখ করে তারেক রহমান বলেন, দেশবিরোধী ষড়যন্ত্র ও সহিংস কর্মকাণ্ডের মাধ্যমে সাধারণ মানুষের নিরাপত্তা বিঘ্নিত করার চেষ্টা চলছে।
২০২৪ সালের মতো ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান
সহিংসতা ও সন্ত্রাসী কর্মকাণ্ডের বিরুদ্ধে দেশবাসীকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানান প্রধানমন্ত্রী। তিনি বলেন, ২০২৪ সালের মতো আবারও সবাইকে প্রস্তুতি নিতে হবে, যাতে সন্ত্রাসীদের উপযুক্ত জবাব দেয়া যায়।
জনসভায় তারেক রহমান বলেন,
আসুন, ২০২৪ সালের মতো আবারও আমরা প্রস্তুতি নিই, যাতে এ সন্ত্রাসীদের উপযুক্ত জবাব দিতে পারি। আজ আমি সে প্রস্তুতি নেয়ার আহ্বান জানাচ্ছি।
সবার দেশ/এমকেজে




























