একদলীয় সংবিধান সংশোধন কমিটি বাতিলই জাতীয় ঐক্যের প্রথম শর্ত: নাহিদ
জাতীয় ঐক্য প্রতিষ্ঠার প্রথম পদক্ষেপ হিসেবে একদলীয় সংবিধান সংশোধন কমিটি বাতিল করে সংবিধান সংস্কার পরিষদের শপথ গ্রহণের দাবি জানিয়েছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক ও জাতীয় সংসদের বিরোধীদলীয় চিফ হুইপ মো. নাহিদ ইসলাম। তিনি বলেছেন, শুধু আওয়ামী লীগ ঠেকানোর উদ্দেশ্যে জাতীয় ঐক্যের ডাক দিয়ে পরে একদলীয় সিদ্ধান্তে সংবিধান সংশোধন করা হলে সে ঐক্য প্রক্রিয়ায় অংশ নেবে না এনসিপি।
রোববার (২২ নভেম্বর) এক সপ্তাহের যুক্তরাজ্য সফর শেষে দেশে ফিরে ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন। বিকেল ৫টার দিকে তাকে বহনকারী বিমানটি বিমানবন্দরে অবতরণ করে।
নাহিদ ইসলাম বলেন,
জাতীয় ঐক্য প্রতিষ্ঠার জন্য সরকারকে প্রথমেই একদলীয় সংবিধান সংশোধন কমিটি ভেঙে দিতে হবে। একই সঙ্গে সংবিধান সংস্কার পরিষদের শপথ গ্রহণ করতে হবে। এর মাধ্যমে জনগণ বুঝতে পারবে, সরকার সত্যিকার অর্থেই জাতীয় ঐকমত্য প্রতিষ্ঠা করতে চায়। রাজনৈতিক দলগুলোর কাছেও ইতিবাচক বার্তা যাবে।
তিনি বলেন, তা না হলে সরকার ডিসেম্বরে শুধু আওয়ামী লীগকে ঠেকানোর জন্য জাতীয় ঐক্যের কথা বলবে, আর জানুয়ারিতে আবার একদলীয় কমিটির মতামতের ভিত্তিতে সংবিধান সংশোধন করবে। এ ধরনের কোনও প্রক্রিয়াকে জাতীয় ঐক্য বলা যায় না। এমন ঐক্য প্রক্রিয়ায় এনসিপি অংশ নেবে না।
জাতীয় ঐক্যের জন্য সরকারের কাছে কয়েকটি মৌলিক বিষয়ে সুস্পষ্ট অঙ্গীকার প্রত্যাশা করেন এনসিপির আহ্বায়ক। তিনি বলেন,
গণভোটের গণরায় অনুযায়ী জুলাই সনদ বাস্তবায়ন, গণহত্যার সঠিক বিচার নিশ্চিত করা এবং আসন্ন গঙ্গা চুক্তি নবায়নসহ দেশের গুরুত্বপূর্ণ জাতীয় ইস্যুতে বিএনপি সরকারকে অঙ্গীকারবদ্ধ হতে হবে। এসব মৌলিক বিষয়ে সরকারের সুস্পষ্ট অবস্থান থাকলেই কেবল জাতীয় ঐক্য সম্ভব।
আওয়ামী লীগের পুনরুত্থান ও ফ্যাসিবাদী শক্তির মোকাবিলায় শুধু রাজনৈতিক দলগুলোর মধ্যে সমঝোতা যথেষ্ট নয় বলেও মন্তব্য করেন নাহিদ ইসলাম।
তিনি বলেন, পতিত ফ্যাসিবাদী শক্তিকে মোকাবিলা করতে হলে রাজনৈতিক দলগুলোর ঐক্যের পাশাপাশি জনগণের মধ্যে ঐক্য গড়ে তুলতে হবে। জুলাই গণঅভ্যুত্থানের সময় জনগণ, সামাজিক শক্তি ও রাজনৈতিক শক্তিগুলোর মধ্যে যে ঐক্য তৈরি হয়েছিলো, সে ঐক্যই কেবল ফ্যাসিবাদী শক্তিকে প্রতিরোধ করতে পারবে।
নাহিদ ইসলামের বক্তব্যে স্পষ্ট হয়েছে, আওয়ামী লীগের পুনরুত্থান ঠেকাতে বৃহত্তর রাজনৈতিক ঐক্যের উদ্যোগকে এনসিপি পুরোপুরি নাকচ করছে না। তবে সংবিধান সংস্কার, জুলাই সনদের বাস্তবায়ন এবং গণভোটের রায় কার্যকরের মতো মৌলিক বিষয়গুলো নিশ্চিত না করে কেবল আওয়ামী লীগবিরোধী কর্মসূচিকে জাতীয় ঐক্যের ভিত্তি হিসেবে মানতে রাজি নয় দলটি।
এ সময় বিমানবন্দরে এনসিপির সিনিয়র যুগ্ম সদস্যসচিব সারজিস আলম, রাজনৈতিক পর্ষদ সদস্য আলী আহসান জুনায়েদ, আরিফুল ইসলাম আদীবসহ দলটির বিভিন্ন পর্যায়ের নেতা এবং সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
সবার দেশ/কেএম




























