Sobar Desh | সবার দেশ সবার দেশ প্রতিবেদক

প্রকাশিত: ০১:৫০, ৭ আগস্ট ২০২৬

২০২৯ সালের মধ্যে দুটি চালুর লক্ষ্য

রাজধানীর গণপরিবহনে প্রবেশ করছে মনোরেল

রাজধানীর গণপরিবহনে প্রবেশ করছে মনোরেল
ছবি: সংগৃহীত

রাজধানীর ক্রমবর্ধমান যানজট নিরসন এবং সমন্বিত গণপরিবহন ব্যবস্থা গড়ে তুলতে মনোরেলভিত্তিক নেটওয়ার্ক নির্মাণের পরিকল্পনা নিয়েছে সরকার। এ লক্ষ্যে সম্ভাব্য রুট নির্ধারণ, কারিগরি ও অর্থনৈতিক সম্ভাব্যতা যাচাই এবং বাস্তবায়ন কৌশল প্রণয়নের কাজ শুরু করেছে ঢাকা পরিবহন সমন্বয় কর্তৃপক্ষ (ডিটিসিএ)। প্রাথমিক পরিকল্পনা অনুযায়ী, ২০২৯ সালের মধ্যে অন্তত দুটি মনোরেল রুট চালুর লক্ষ্য নির্ধারণ করা হয়েছে।

পরিবহন বিশেষজ্ঞরা বলছেন, রাজধানীতে ব্যক্তিগত যানবাহনের সংখ্যা দ্রুত বাড়ছে, কার্যকর গণপরিবহনের ঘাটতি এবং অবৈধ যানবাহনের কারণে যানজট দিন দিন জটিল আকার ধারণ করছে। মেট্রোরেল চালু হওয়ার পর যাত্রীসেবায় ইতিবাচক পরিবর্তন এলেও রাজধানীর সব এলাকায় মেট্রোরেল পৌঁছানো সম্ভব নয়। তাই মেট্রোরেলের সঙ্গে আশপাশের জনবহুল এলাকাগুলোর সংযোগ স্থাপনে মনোরেলকে একটি ‘ফিডার’ বা সহায়ক গণপরিবহন হিসেবে বিবেচনা করা হচ্ছে।

পরিকল্পনা সংশ্লিষ্টরা জানিয়েছেন, ভবিষ্যতের ঢাকা হবে সমন্বিত গণপরিবহননির্ভর একটি নগরী। মেট্রোরেল, বাস, মনোরেল এবং পথচারীবান্ধব অবকাঠামোকে একটি সমন্বিত নেটওয়ার্কে যুক্ত করে যাত্রীদের জন্য নিরাপদ, দ্রুত ও নির্বিঘ্ন যাতায়াত নিশ্চিত করাই সরকারের লক্ষ্য। একই সঙ্গে বৈদ্যুতিক বাস চালু এবং পরিবহন ব্যবস্থার আধুনিকায়নের উদ্যোগও চলছে।

বিশেষজ্ঞদের মতে, মনোরেল এক ধরনের বৈদ্যুতিক রেলব্যবস্থা, যা উঁচুতে নির্মিত একক বিম বা ট্র্যাকের ওপর চলাচল করে। প্রচলিত রেল বা মেট্রোরেলের তুলনায় এটি নির্মাণে কম জায়গার প্রয়োজন হয় এবং ভূমি অধিগ্রহণও তুলনামূলক কম লাগে। বিদ্যুৎচালিত হওয়ায় এটি পরিবেশবান্ধব; বায়ুদূষণ ও শব্দদূষণ কম সৃষ্টি করে। এছাড়া ঘনবসতিপূর্ণ ও সংকীর্ণ সড়কবিশিষ্ট এলাকায় মনোরেল নির্মাণ তুলনামূলক সহজ হওয়ায় রাজধানীর অনেক এলাকায় এটি কার্যকর সমাধান হতে পারে।

ডিটিসিএ সূত্রে জানা গেছে, রাজধানীতে পাঁচটি মনোরেল রুট নির্মাণের সুপারিশ করা হয়েছে। এসব রুটের প্রাক-সম্ভাব্যতা সমীক্ষার দায়িত্ব পেয়েছে বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয় (বুয়েট)। সমীক্ষায় বুয়েটের পাশাপাশি আন্তর্জাতিক পরামর্শক প্রতিষ্ঠানও যুক্ত থাকবে।

সমীক্ষার মাধ্যমে যাত্রীচাহিদা, অর্থনৈতিক সম্ভাব্যতা, জমি অধিগ্রহণের প্রয়োজন, নির্মাণ ব্যয়, মেট্রোরেলের সঙ্গে সংযোগ এবং বাস্তবায়নের সুবিধা-অসুবিধা বিশ্লেষণ করে পাঁচটি রুটের মধ্য থেকে দুটি অগ্রাধিকারভিত্তিক রুট নির্বাচন করা হবে। এরপর অর্থায়ন নিশ্চিত করে উন্নয়ন প্রকল্প প্রস্তাব (ডিপিপি) প্রণয়ন এবং বাস্তবায়ন কার্যক্রম শুরু হবে।

প্রস্তাবিত পাঁচটি মনোরেল রুট হলো—

  • বিমানবন্দর থেকে জলসিঁড়ি-পূর্বাচল
  • বিমানবন্দর থেকে সাভার
  • মোহাম্মদপুর থেকে পোস্তগোলা
  • মধ্য বাড্ডা থেকে ভুলতা
  • রামপুরা থেকে ডেমরা

পরিকল্পনাকারীদের মতে, এসব রুট এমনভাবে নির্ধারণ করা হয়েছে যাতে মেট্রোরেল নেটওয়ার্কের বাইরে থাকা জনবহুল এলাকাগুলো দ্রুত মূল গণপরিবহন ব্যবস্থার আওতায় আসে। এর ফলে পুরান ঢাকা, মোহাম্মদপুর, রামপুরা, ডেমরা, পূর্বাচল, ভুলতা ও সাভারসহ বিভিন্ন এলাকার মানুষের যাতায়াত আরও সহজ ও দ্রুত হবে।

নগর পরিকল্পনাবিদদের মতে, ঢাকার মতো ঘনবসতিপূর্ণ শহরের জন্য একক কোনো পরিবহন ব্যবস্থা যথেষ্ট নয়। জনসংখ্যা, সড়কের ধরন এবং যাত্রীচাহিদা বিবেচনায় মেট্রোরেল, মনোরেল ও বাস র‌্যাপিড ট্রানজিটসহ বিভিন্ন গণপরিবহন ব্যবস্থাকে সমন্বিতভাবে পরিচালনা করাই দীর্ঘমেয়াদে সবচেয়ে কার্যকর সমাধান হতে পারে।

বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) পুরকৌশল বিভাগের অধ্যাপক ড. হাদিউজ্জামান বলেন, ঢাকার সরু সড়ক ও ঘনবসতিপূর্ণ এলাকাগুলোকে মূল গণপরিবহন নেটওয়ার্কের সঙ্গে যুক্ত করতেই মনোরেলের পরিকল্পনা নেয়া হয়েছে। এটি মেট্রোরেলের বিকল্প নয়, বরং একটি পরিপূরক বা ফিডার ব্যবস্থা হিসেবে কাজ করবে।

তিনি আরও বলেন, কৌশলগত পরিবহন পরিকল্পনায় পাঁচটি মনোরেল লাইনের প্রস্তাব থাকলেও চলমান সমীক্ষায় প্রয়োজনে আরও দুই থেকে তিনটি সম্ভাব্য করিডোর মূল্যায়নের আওতায় আনা হতে পারে। প্রতিটি রুটে সম্ভাব্য যাত্রীসংখ্যা, বাস্তবায়নযোগ্যতা, জমি অধিগ্রহণের প্রয়োজন এবং বিদ্যমান ও ভবিষ্যৎ মেট্রোরেল লাইনের ওপর এর প্রভাব বিশ্লেষণ করা হবে।

বিশেষজ্ঞদের অভিমত, দীর্ঘমেয়াদি ও বাস্তবসম্মত পরিকল্পনার মাধ্যমে মনোরেল প্রকল্প বাস্তবায়ন করা গেলে রাজধানীর গণপরিবহন ব্যবস্থায় নতুন মাত্রা যুক্ত হবে। একই সঙ্গে যানজট কমানো, যাতায়াতের সময় হ্রাস এবং পরিবেশবান্ধব নগর পরিবহন ব্যবস্থা গড়ে তোলার ক্ষেত্রেও এটি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে।

সবার দেশ/কেএম

জনপ্রিয়

শীর্ষ সংবাদ:

বিএনপি এমপি বীথিকাকে আইনি নোটিশ দিলেন আসিফ মাহমুদ
রাজধানীর গণপরিবহনে প্রবেশ করছে মনোরেল
ছয় মাস পূর্তিতে সরকারে বড় রদবদলের ইঙ্গিত
বিশ্বকবিকে স্মরণে বাঙালির বিষাদঘন দিন ২২ শ্রাবণ আজ
ইয়েমেনে হুথি হামলায় সরকারি বাহিনীর ৩০ সদস্য নিহত
দেশের সব বিমানবন্দরে কড়া নিরাপত্তার নির্দেশ
এসএসসি ও সমমানের ফল প্রকাশ সোমবার
পাকিস্তান হাইকমিশনারের ঢাকার বাসভবনে আগুন, স্ত্রীসহ হাসপাতালে ভর্তি
মৃত্যুদণ্ডপ্রাপ্ত হাসিনার প্রত্যার্পণের দাবি এনসিপির
অচিরেই আওয়ামী লীগ বিএনপির সঙ্গে মিশে যাবে: বিএনপি এমপি নাছির
কাজী জেসিন বিটিভির নতুন মহাপরিচালক
রাষ্ট্রপতি নির্বাচনের তফসিল ঘোষণা
বিতর্ককে পেছনে ফেলে ‘লক আপ ২’-এর চ্যাম্পিয়ন শ্রেয়া কালরা
পতনের আগেই স্বজনদের নিরাপদে সরিয়ে নেন হাসিনা
জুলাই স্মৃতি জাদুঘর উন্মুক্ত; অনলাইনে টিকিট কাটবেন যেভাবে
বাবরের নেতৃত্বে দাপুটে জয় পাকিস্তানের, সিরিজ শেষ সমতায়