কুর্মিটোলা হাসপাতালে দেয়াল ভেঙে ঢুকে পড়লো বাস, নিহত ১
রাজধানীর কুর্মিটোলা জেনারেল হাসপাতালের সামনে নিয়ন্ত্রণ হারিয়ে একটি যাত্রীবাহী বাস হাসপাতাল চত্বরে ঢুকে পড়েছে। এ ঘটনায় বাসচাপায় একজন নিহত হয়েছেন এবং শিশুসহ কয়েকজন আহত হয়েছেন। দুর্ঘটনার পর বাসটির চালককে আটক করেছে পুলিশ।
রোববার (২৭ জুলাই) সন্ধ্যা সোয়া ৭টার দিকে এ দুর্ঘটনা ঘটে। বাসটি হাসপাতালের মূল ফটকসংলগ্ন গ্যাসের কন্ট্রোল রুমের দেয়াল ভেঙে ভেতরে ঢুকে পড়ে।
নিহত ব্যক্তি রফিকুল ইসলাম। তিনি একটি হোটেলের কর্মচারী ছিলেন।
বাসের যাত্রীদের বরাত দিয়ে জানা গেছে, কুর্মিটোলা এলাকায় পৌঁছে যাত্রী নামানোর জন্য চালক বাসটি রাস্তার পাশে থামানোর চেষ্টা করেন। এ সময় হঠাৎ বাসটির ব্রেক বিকল হয়ে যায়। নিয়ন্ত্রণ হারিয়ে বাসটি সরাসরি হাসপাতালের প্রবেশপথ দিয়ে ভেতরে ঢুকে গ্যাসের কন্ট্রোল রুমের দেয়ালে আঘাত করে।
দুর্ঘটনার সময় হাসপাতালের সামনে দাঁড়িয়ে থাকা দুই ব্যক্তির মধ্যে একজন দ্রুত সরে যেতে সক্ষম হলেও অন্যজন বাসের নিচে চাপা পড়ে ঘটনাস্থলেই নিহত হন। এছাড়া বাসের ভেতরে থাকা এক শিশুসহ অন্তত দুজন আহত হন। পরে আহতদের উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়।
দুর্ঘটনার পরপরই ঘটনাস্থলে পৌঁছে ক্যান্টনমেন্ট থানা পুলিশ বাসটির চালককে আটক করে।
ক্যান্টনমেন্ট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রাকিবুল হাসান বলেন, দুর্ঘটনায় একজন নিহত হয়েছেন এবং বেশ কয়েকজন আহত হয়েছেন। আহতদের হাসপাতালে ভর্তি করা হয়েছে। বাসের চালককে আটক করা হয়েছে এবং এ ঘটনায় প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।
সবার দেশ/কেএম




























