শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ
মর্গে মৃত নারীদের ধর্ষণের প্রতিবেদন, সাংবাদিককে হত্যার হুমকি
রাজধানীর শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে মৃত নারীদের লাশের সঙ্গে বিকৃত যৌনাচার ও ধর্ষণের অভিযোগ নিয়ে অনুসন্ধানী প্রতিবেদন প্রকাশ করায় জীবননাশের হুমকি পেয়েছেন অনলাইন সংবাদমাধ্যম ‘আলাপ’-এর বিশেষ প্রতিনিধি দিপু সিকদার। এ ঘটনায় বুধবার (২৮ অক্টোবর) সকালে রাজধানীর মিরপুর থানায় সাধারণ ডায়েরি (জিডি) করেছেন তিনি।
জিডিতে দিপু সিকদার অভিযোগ করেছেন, পেশাগত দায়িত্ব পালন করতে গিয়ে মর্গে সংঘটিত কথিত অনিয়ম ও অপরাধের তথ্য সংগ্রহ এবং অভিযুক্তদের বক্তব্য নেয়ার পর থেকেই তাকে ভয়ভীতি ও হুমকি দেয়া হচ্ছে। এ ঘটনার সঙ্গে মর্গের একটি সংঘবদ্ধ চক্র ও শক্তিশালী সিন্ডিকেট জড়িত বলেও অভিযোগ করেছেন তিনি।
জিডিতে হুমকিদাতা হিসেবে মর্গের চাকরিচ্যুত সাবেক সহকারী নূরে আলম শান্তর নাম উল্লেখ করা হয়েছে। দিপু সিকদারের অভিযোগ, অনুসন্ধানী প্রতিবেদন প্রকাশের পর শান্ত তাকে ফোন করে বিভিন্ন ধরনের হুমকি দেন। একপর্যায়ে ‘কোর্টে দেখে নেয়ার’ হুমকি দিয়ে তার ফোনে বার্তাও পাঠান।
গত ১৮ অক্টোবর অনলাইন সংবাদমাধ্যম ‘আলাপ’-এর ওয়েবসাইট ও সোশ্যাল মিডিয়ায় ‘ধর্ষণের শিকার হচ্ছে মৃত নারীও, নিরাপত্তা কোথায়?’ শিরোনামে অনুসন্ধানী প্রতিবেদনটি প্রকাশিত হয়। এতে রাজধানীর শেরেবাংলা নগরে অবস্থিত শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে মৃত নারীদের লাশের সঙ্গে যৌন নিপীড়ন ও ধর্ষণের অভিযোগসংক্রান্ত তথ্য ও প্রমাণ তুলে ধরা হয়।
প্রতিবেদনের বস্তুনিষ্ঠতা নিশ্চিত করতে অভিযোগের সঙ্গে সংশ্লিষ্ট দুই ব্যক্তির বক্তব্যও নেয়া হয়েছিলো। তারা হলেন মর্গের সাবেক ইনচার্জ যতন লাল এবং চাকরিচ্যুত মর্গ সহকারী নূরে আলম শান্ত। প্রতিবেদন প্রকাশের পর সাংবাদিককে লক্ষ্য করে হুমকি দেয়ার ঘটনা ঘটে বলে জিডিতে উল্লেখ করা হয়েছে।
এদিকে সাংবাদিক দিপু সিকদারকে হুমকি দেয়ার ঘটনায় উদ্বেগ প্রকাশ করেছে বাংলাদেশ ক্রাইম রিপোর্টার্স অ্যাসোসিয়েশন (ক্র্যাব)। সংগঠনটির বিবৃতিতে বলা হয়েছে, অনুসন্ধানী সাংবাদিকতা জনস্বার্থ রক্ষা, অনিয়ম উদ্ঘাটন ও জবাবদিহি প্রতিষ্ঠার গুরুত্বপূর্ণ মাধ্যম। পেশাগত দায়িত্ব পালনের কারণে কোনও সাংবাদিকের হুমকি বা হয়রানির শিকার হওয়া স্বাধীন সাংবাদিকতার পরিবেশের জন্য উদ্বেগজনক।
ক্র্যাব এ ঘটনার নিরপেক্ষ তদন্ত করে দায়ীদের আইনের আওতায় আনার দাবি জানিয়েছে। একই সঙ্গে অভিযোগকারী সাংবাদিকের ব্যক্তিগত নিরাপত্তা নিশ্চিত করতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি আহ্বান জানিয়েছে সংগঠনটি।
সবার দেশ/কেএম




























