Sobar Desh | সবার দেশ সবার দেশ প্রতিবেদক

প্রকাশিত: ০১:১৯, ১৬ আগস্ট ২০২৬

আপডেট: ০১:২০, ১৬ আগস্ট ২০২৬

৯৮ শতাংশ গ্যাসের নিয়ন্ত্রণ ভারতের হাতে তুলে দেয়া হয়েছিলো: চিফ হুইপ

৯৮ শতাংশ গ্যাসের নিয়ন্ত্রণ ভারতের হাতে তুলে দেয়া হয়েছিলো: চিফ হুইপ
ছবি: সংগৃহীত

বিগত সরকারের সময় দেশের ৯৮ শতাংশ গ্যাসের নিয়ন্ত্রণ একটি বিশেষ দেশের (ভারত) হাতে তুলে দেয়া হয়েছিল বলে অভিযোগ করেছেন জাতীয় সংসদের চিফ হুইপ মো. নূরুল ইসলাম। তার দাবি, স্বৈরাচারী সরকারের আত্মঘাতী সিদ্ধান্ত, জ্বালানি খাতে অব্যবস্থাপনা এবং দীর্ঘদিনের ভুল নীতির কারণেই বর্তমানে দেশে গ্যাস সংকট তীব্র হয়েছে।

শনিবার (১৫ আগস্ট) জাতীয় প্রেসক্লাবের আব্দুস সালাম হলে বাংলাদেশ জাতীয়তাবাদী সাংস্কৃতিক দলের উদ্যোগে জুলাই গণ-অভ্যুত্থানের দুই বছর পূর্তি উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

চিফ হুইপ বলেন, বিগত সরকারের আমলে দেশের গ্যাস সম্পদের নিয়ন্ত্রণের বড় অংশ একটি বিশেষ দেশের (ভারত) হাতে তুলে দেয়া হয়েছিলো। এর পাশাপাশি জ্বালানি খাতে পরিকল্পিত অব্যবস্থাপনা চালানো হয়েছে। এরই ধারাবাহিকতায় বর্তমানে দেশের বিভিন্ন স্থানে গ্যাস সংকট দেখা দিয়েছে।

তিনি বলেন, জনগণের সরকার দায়িত্বশীলভাবে কাজ করছে। সবার সহযোগিতা পাওয়া গেলে দেশের বিদ্যুৎ ও জ্বালানি সংকট দূর করা সম্ভব হবে। জনগণের স্বার্থকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে সরকার এ সংকট মোকাবিলায় কাজ করবে বলেও আশাবাদ ব্যক্ত করেন তিনি।

বিএনপির অতীত ভূমিকার কথা তুলে ধরে চিফ হুইপ বলেন, দেশের বিভিন্ন সংকটের সময় বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) দায়িত্ব নিয়ে পরিস্থিতি সামাল দিয়েছে। দেশ যখন দুর্ভিক্ষপীড়িত অবস্থার মধ্য দিয়ে যাচ্ছিলো, তখন শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান দায়িত্ব গ্রহণ করে মাত্র কয়েক বছরের মধ্যে দেশকে খাদ্য রফতানিকারক দেশে পরিণত করেছিলেন।

তিনি বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বাধীন সরকারও বর্তমানে ভঙ্গুর অর্থনীতিকে শক্তিশালী ভিত্তির ওপর দাঁড় করাতে সক্ষম হবে। তবে এ জন্য শুধু সরকারের একার প্রচেষ্টা যথেষ্ট নয়, দেশের সব শ্রেণি-পেশার মানুষের সহযোগিতা প্রয়োজন।

দেশ থেকে বিপুল পরিমাণ অর্থ পাচারের অভিযোগ তুলে মো. নূরুল ইসলাম বলেন, বিগত শাসনামলে দেশ থেকে প্রায় ৩০ লাখ কোটি টাকা পাচার করা হয়েছে। এ বিপুল অর্থ দেশে থাকলে তা দিয়ে কয়েকটি জাতীয় বাজেট বাস্তবায়ন করা সম্ভব ছিলো। দীর্ঘদিন ধরে অর্থনীতি ও রাষ্ট্রীয় প্রতিষ্ঠানগুলোকে পরিকল্পিতভাবে দুর্বল করার যে প্রক্রিয়া চলেছে, তা থেকে দেশকে বের করে আনতে জাতীয় ঐক্য গড়ে তোলা জরুরি।

স্বৈরাচারী শাসনের সমালোচনা করে তিনি বলেন, মানুষের বাক্‌স্বাধীনতা কেড়ে নেয়ার পাশাপাশি তাদের ভবিষ্যতের আশা-আকাঙ্ক্ষাও ধ্বংস করা হয়েছে। মানুষের মনে একটি সুন্দর আগামীর যে স্বপ্ন ছিলো, পরিকল্পিতভাবে তা নষ্ট করে দেয়া হয়েছে।

চিফ হুইপ বলেন, স্বাধীনতার ৫৪ বছর পার হলেও বাংলাদেশে গণতন্ত্র এখনও পুরোপুরি প্রাতিষ্ঠানিক রূপ পায়নি। গণতন্ত্রকে শক্তিশালী ও টেকসই করতে হলে মানুষের খাবারের অধিকার নিশ্চিত করার পাশাপাশি মতপ্রকাশের স্বাধীনতা এবং রাষ্ট্রীয় প্রতিষ্ঠানগুলোর জবাবদিহি নিশ্চিত করতে হবে।

বর্তমান সরকারের কর্মকাণ্ড তুলে ধরে তিনি বলেন, গত সাড়ে পাঁচ মাসে প্রধানমন্ত্রী তারেক রহমানের দিকনির্দেশনায় সরকার দেশের মানুষের দুর্ভোগ ও হাহাকার আগের তুলনায় কমিয়ে আনতে সক্ষম হয়েছে। সাধারণ মানুষের পাশে থেকে সরকার বিভিন্ন সংকট মোকাবিলায় নিরলসভাবে কাজ করে যাচ্ছে।

জুলাই গণ-অভ্যুত্থানে নিহত ও আহতদের বিষয়ে চিফ হুইপ বলেন, জুলাইয়ের শহীদদের পরিবারের জন্য সরকার সর্বাত্মক সহযোগিতা নিশ্চিত করবে। একই সঙ্গে আহতদের প্রয়োজনীয় চিকিৎসা দেওয়া হবে এবং তাদের যোগ্যতা অনুযায়ী কর্মসংস্থানের ব্যবস্থা করা হবে।

বাংলাদেশ জাতীয়তাবাদী সাংস্কৃতিক দলের সভাপতি হুমায়ুন কবির বেপারীর সভাপতিত্বে আলোচনা সভায় অভিনেতা বাবুল আহমেদসহ সংগঠনটির বিভিন্ন পর্যায়ের নেতারা বক্তব্য দেন। অনুষ্ঠানে বিএনপির নেতাকর্মীদের পাশাপাশি বিভিন্ন রাজনৈতিক ব্যক্তিত্ব, সাংস্কৃতিক অঙ্গনের বিশিষ্টজন, সাংবাদিক এবং বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন।

সবার দেশ/কেএম

শীর্ষ সংবাদ:

বিদেশের মাটিতে রোমাঞ্চকর ১০ টেস্ট জয় বাংলাদেশের
বিভ্রান্তকারীদের অতীত দেখে নজরে রাখার আহ্বান প্রধানমন্ত্রীর
কাঠমাণ্ডুতে কারিগরি ত্রুটিতে আটকা বিমানের ১২৭ যাত্রী
১৮ আগস্ট বিআরটিসির ‘মহিলা বাস’ সার্ভিস চালু
যৌতুকের টাকা কম হওয়ায় স্ত্রীকে পিটিয়ে হত্যা
প্রয়োজনে ট্রাম্পের ‘পা ভেঙে’ দিবে ইরানি সেনারা: সেনাপ্রধান
চাঁদাবাজি চলবে না, এখানকার সরকার আমি: আমির হামজা
দুদককে অকার্যকর করে রেখেছে সরকার
বেনাপোল স্থলবন্দরে পরিচালকসহ ৭৯টি পদ শূন্য
দক্ষ মানবসম্পদ গঠনে গ্লোবাল বারিস্তা ট্রেনিং ইনস্টিটিউটের উদ্যোগ
অস্ট্রেলিয়াকে গুঁড়িয়ে ইতিহাস লিখলো বাংলাদেশ
আত্মহত্যার ঝুঁকিতে ৫ হাজার মার্কিন সেনা!
৯৮ শতাংশ গ্যাসের নিয়ন্ত্রণ ভারতের হাতে তুলে দেয়া হয়েছিলো: চিফ হুইপ
আমির হামজার গাড়িতে হামলা, জামায়াত-গণঅধিকার সংঘর্ষ
ভারতীয় মাদকসহ রাবিতে ছাত্রদল নেতা আটক