ধামইরহাটে উৎসবমুখর পরিবেশে ঐতিহাসিক মে দিবস পালিত
নওগাঁর ধামইরহাটে যথাযোগ্য মর্যাদা ও উৎসবমুখর পরিবেশে পালিত হয়েছে ঐতিহাসিক আন্তর্জাতিক মে দিবস ও জাতীয় পেশাগত স্বাস্থ্য ও সেফটি দিবস-২০২৬। দিবসটি উপলক্ষে উপজেলা প্রশাসনের উদ্যোগে আয়োজন করা হয় র্যালি ও আলোচনা সভার।
শুক্রবার (১ মে) সকাল ১০টায় ধামইরহাট উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা পরিষদ চত্বর থেকে একটি বর্ণাঢ্য র্যালি বের করা হয়। র্যালিটি উপজেলার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে উপজেলা পরিষদের হলরুমে গিয়ে শেষ হয়।
পরে সেখানে অনুষ্ঠিত আলোচনা সভায় সভাপতিত্ব করেন সাজ্জাদ পারভেজ, যিনি ধামইরহাট উপজেলা প্রশাসনের সহকারী কমিশনার (ভূমি) হিসেবে দায়িত্ব পালন করছেন।
আলোচনা সভায় বক্তারা বলেন, বিশ্বের অন্যান্য দেশের মতো বাংলাদেশেও যথাযোগ্য মর্যাদায় মে দিবস পালিত হচ্ছে। শ্রমিকদের ন্যায্য অধিকার, নিরাপদ কর্মপরিবেশ এবং সম্মানজনক জীবনের দাবিকে সামনে রেখে দিবসটির গুরুত্ব আজও সমানভাবে প্রাসঙ্গিক।
বক্তারা আরও বলেন, মে দিবসের ইতিহাস শ্রমিক আন্দোলনের গৌরবোজ্জ্বল ও আত্মত্যাগের ইতিহাস। ১৮৮৬ সালে শিকাগো শহরে আট ঘণ্টা কর্মদিবসের দাবিতে আন্দোলনরত শ্রমিকদের রক্তঝরা সংগ্রামই বিশ্ব শ্রমিক আন্দোলনের ভিত্তি রচনা করেছিলো। সে আত্মত্যাগ কেবল একটি দেশের ইতিহাস নয়, বরং বিশ্বজুড়ে শ্রমিক অধিকারের সংগ্রামের অনুপ্রেরণা।
আলোচনা সভা থেকে বক্তারা শ্রমিকদের অধিকার আদায়ে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান এবং শ্রমজীবী মানুষের মর্যাদা ও নিরাপত্তা নিশ্চিত করতে সবাইকে একসঙ্গে কাজ করার ওপর গুরুত্বারোপ করেন।
সবার দেশ/কেএম




























