বিয়ের খাবার নিয়ে বর ও কনেপক্ষের সংঘর্ষ, আহত ১০
লক্ষ্মীপুরের রায়পুরে বিয়ের অনুষ্ঠান চলাকালে খাবার পরিবেশনকে কেন্দ্র করে বর ও কনেপক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। কথা কাটাকাটির একপর্যায়ে দুই পক্ষের মধ্যে হাতাহাতি ও মারামারি শুরু হলে অন্তত ১০ জন আহত হন। আহতদের মধ্যে তিনজনকে হাসপাতালে নেয়া হয়েছে।
শুক্রবার (৭ আগস্ট) বিকেলে রায়পুর পৌরসভার উত্তর কেরোয়া এলাকায় এ ঘটনা ঘটে।
আহতদের মধ্যে বেলাল হোসেন, শাহিনুর, ইয়াসিন ও শাহ আলম পাটওয়ারীসহ অন্তত ১০ জন রয়েছেন। তাদের মধ্যে তিনজনকে রায়পুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়।
প্রত্যক্ষদর্শীরা জানান, তিন লাখ টাকা দেনমোহরে উত্তর কেরোয়া এলাকার শাহ আলম পাটওয়ারীর মেয়ে নাজমার সঙ্গে রায়পুর উপজেলার কলাকোপা এলাকার খলিলুর রহমানের ছেলে মুক্তার হোসেনের বিয়ে সম্পন্ন হয়। বিয়ের আনুষ্ঠানিকতা শেষ হওয়ার পর অতিথিরা খাবার খেতে বসেন।
এ সময় খাবার পরিবেশন নিয়ে বরের বড় ভাইয়ের সঙ্গে কনেপক্ষের কয়েকজনের কথা কাটাকাটি শুরু হয়। পরিস্থিতি দ্রুত উত্তপ্ত হয়ে ওঠে। পরে বরও এ ঘটনায় উত্তেজিত হয়ে পড়লে উভয় পক্ষের মধ্যে তীব্র বাকবিতণ্ডা শুরু হয়। একপর্যায়ে তা সংঘর্ষ ও মারামারিতে রূপ নেয়।
সংঘর্ষে দুই পক্ষের অন্তত ১০ জন আহত হন। স্থানীয়রা পরিস্থিতি নিয়ন্ত্রণে এনে আহতদের উদ্ধার করেন। পরে তাদের মধ্যে তিনজনকে রায়পুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়া হয়।
কনের বাবা শাহ আলম পাটওয়ারী বলেন, হঠাৎ করেই বরের বড় ভাই খাবার নিয়ে প্রশ্ন তোলেন। বিষয়টি নিয়ে কথা বাড়তে থাকে। একপর্যায়ে বরও ক্ষিপ্ত হয়ে ওঠেন। পরে দুই পক্ষের মধ্যে মারামারির ঘটনা ঘটে। এতে অন্তত ১০ জন আহত হয়েছেন।
রায়পুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিক্যাল অফিসার (আরএমও) মামুনুর রশিদ জানান, মারামারির ঘটনায় তিনজনকে হাসপাতালে আনা হয়েছিলেঅ। তাদের মধ্যে দুজন প্রাথমিক চিকিৎসা নিয়ে বাড়ি ফিরে গেছেন। অপর একজনের অবস্থা বিবেচনায় তাকে উন্নত চিকিৎসার জন্য লক্ষ্মীপুর সদর হাসপাতালে পাঠানো হয়েছে।
এ বিষয়ে রায়পুর থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) আব্দুল মান্নান বলেন, ঘটনাটি সম্পর্কে পুলিশকে কেউ অবহিত করেনি। লিখিত অভিযোগ পাওয়া গেলে তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেয়া হবে।
সবার দেশ/কেএম




























