মাইকে ঘোষণা দিয়ে নজিরবিহীন হামলা, ভাঙচুর
নিষিদ্ধ জঙ্গি আ.লীগের আগুনে জ্বলছে টুঙ্গিপাড়া থানা
গোপালগঞ্জের টুঙ্গিপাড়া থানায় নজিরবিহীন হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে। আটক নেতাকর্মীদের ছিনিয়ে নিতে নিষিদ্ধ আওয়ামী লীগ ও ছাত্রলীগের নেতাকর্মীরা মাইকে ঘোষণা দিয়ে লোকজন জড়ো করে থানা ঘেরাও করেন। একপর্যায়ে হামলাকারীরা থানার ভেতরে ঢুকে ব্যাপক ভাঙচুর চালান এবং পুলিশের একাধিক গাড়িতে আগুন দেন। এ ঘটনায় পুলিশ সদস্যদের আহত হওয়ার খবর পাওয়া গেছে। সন্ধ্যার পর থেকে দফায় দফায় সংঘর্ষ ও সহিংসতায় পুরো এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে।
মঙ্গলবার (১৭ নভেম্বর) সন্ধ্যার পর উপজেলা পরিষদ চত্বর ও আশপাশের এলাকায় কয়েকজন নেতাকর্মীকে আটকের পর এ হামলার ঘটনা ঘটে।
স্থানীয় ও পুলিশ সূত্র জানায়, গত রোববার গোপালগঞ্জের টুঙ্গিপাড়া শহরের বিভিন্ন স্থানে নাশকতামূলক কর্মকাণ্ডের অভিযোগে কয়েকজনকে গ্রেফতার করে থানা-পুলিশ। এর ধারাবাহিকতায় মঙ্গলবার সন্ধ্যায় উপজেলা পরিষদ চত্বর ও আশপাশের এলাকা থেকে নিষিদ্ধ সংগঠনের আরও কয়েকজন নেতাকর্মীকে আটক করে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী।
আটকের খবর ছড়িয়ে পড়ার পরপরই থানার সামনে লোকজন জড়ো হতে শুরু করেন। আটক ব্যক্তিদের মুক্তির দাবিতে বিভিন্ন মসজিদের মাইকে ঘোষণা দিয়ে লোকজনকে একত্রিত করা হয় বলে জানা গেছে। পরে লাঠিসোঁটা ও দেশীয় অস্ত্র নিয়ে একটি মিছিল থানার দিকে অগ্রসর হয়।
পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে নেয়ার চেষ্টা করলে বিক্ষোভকারীদের সঙ্গে সংঘর্ষ শুরু হয়। একপর্যায়ে পরিস্থিতি ভয়াবহ রূপ নেয়। সূত্রের দাবি, আত্মরক্ষার্থে পুলিশ টিয়ারশেল, ছররা গুলি, রাবার বুলেট ও সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করে।
এরপর হামলাকারীদের একটি অংশ থানার ভেতরে প্রবেশ করে ব্যাপক ভাঙচুর চালায়। থানা চত্বরে রাখা পুলিশের কয়েকটি যানবাহনেও আগুন দেয়া হয়। সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়া বিভিন্ন ভিডিওতে হেলমেট পরা কয়েকজনকে থানার ভেতরে ভাঙচুর করতে এবং বিভিন্ন স্লোগান দিতে দেখা গেছে।

এ ছাড়া এইচ এম রুবেল ফরাজী নামের এক ব্যক্তিকে ফেসবুক লাইভে থানায় আগুন দেয়ার হুমকি দিতে দেখা যায় বলে সংশ্লিষ্ট ভিডিওতে উল্লেখ করা হয়েছে। লাইভে তিনি পুলিশের কাঁদানে গ্যাস নিক্ষেপের কথাও বলেন।
এদিকে, হামলা ও সংঘর্ষের ঘটনায় পুলিশের কয়েকজন সদস্য আহত হয়েছেন বলে জানা গেছে। তবে আহতের সুনির্দিষ্ট সংখ্যা এবং তাদের শারীরিক অবস্থা সম্পর্কে তাৎক্ষণিকভাবে বিস্তারিত তথ্য পাওয়া যায়নি।
টুঙ্গিপাড়া ফায়ার সার্ভিসের ভারপ্রাপ্ত স্টেশন কর্মকর্তা এসকেন্দার শেখ জানান, থানা, চৌরঙ্গীর মোড় ও বাঁশবাড়িয়া এলাকায় আগুন লাগার খবর পেয়েছেন তারা। তবে নিরাপত্তাজনিত কারণে ফায়ার সার্ভিসের কর্মীরা তাৎক্ষণিকভাবে ঘটনাস্থলে যেতে পারেননি। নিরাপত্তা নিশ্চিত হলে আগুন নেভানো ও উদ্ধারকাজে অংশ নেয়া সম্ভব হবে বলে জানান তিনি।
সন্ধ্যার পর থেকে শুরু হওয়া সংঘর্ষ ও অগ্নিসংযোগের ঘটনায় টুঙ্গিপাড়া শহরজুড়ে আতঙ্ক ছড়িয়ে পড়ে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর তৎপরতা এবং পরবর্তী পরিস্থিতি নিয়ে স্থানীয়দের মধ্যে উদ্বেগ দেখা দেয়।
এদিকে, পুলিশ সদর দফতরের উপমহাপরিদর্শক (ক্রাইম অ্যান্ড অপারেশনস) মোহাম্মদ আবু সুফিয়ান রাতে গণমাধ্যমকে বলেন, টুঙ্গিপাড়া থানা ঘেরাওয়ের খবর পাওয়ার পর থেকেই পুলিশ সদর দফতর পরিস্থিতির ওপর নজর রাখছে।
পুলিশ সদর দফতরের মুখপাত্র কামারুন্নুমিরাও থানায় হামলা ও পুলিশের যানবাহনে অগ্নিসংযোগের ঘটনা নিশ্চিত করেছেন। এসব ঘটনায় জড়িত ব্যক্তিদের শনাক্ত করে তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেয়ার প্রক্রিয়া চলছে বলে জানান তিনি।
সবার দেশ/কেএম




























