Sobar Desh | সবার দেশ কক্সবাজার প্রতিনিধি

প্রকাশিত: ০০:৪৯, ৩ জুলাই ২০২৬

আপডেট: ০০:৪৯, ৩ জুলাই ২০২৬

রোহিঙ্গা অনুপ্রবেশ ঠেকাতে বিজিবির কড়া নজরদারি

রাখাইনে তীব্র বিমান হামলা, টেকনাফ সীমান্তে আতঙ্ক

রাখাইনে তীব্র বিমান হামলা, টেকনাফ সীমান্তে আতঙ্ক
ছবি: সংগৃহীত

মিয়ানমারের রাখাইন রাজ্যের মংডু এলাকায় সরকারি জান্তা বাহিনী ও আরাকান আর্মির মধ্যে সংঘর্ষ নতুন করে তীব্র আকার ধারণ করেছে। আরাকান আর্মির অবস্থান লক্ষ্য করে জান্তা বাহিনীর ধারাবাহিক বিমান হামলা ও গোলাবর্ষণের বিকট শব্দে কেঁপে উঠেছে বাংলাদেশের টেকনাফ ও উখিয়া সীমান্ত। এ পরিস্থিতিতে নতুন করে রোহিঙ্গা অনুপ্রবেশের আশঙ্কায় সীমান্তজুড়ে সতর্ক অবস্থানে রয়েছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) ও কোস্টগার্ড।

বৃহস্পতিবার (২ জুলাই) দুপুর থেকে বিকেল পর্যন্ত টেকনাফের শাহপরীর দ্বীপ, হ্নীলা, হোয়াইক্যং ও নেটংপাড়া সীমান্ত এলাকায় থমথমে পরিস্থিতি বিরাজ করতে দেখা গেছে। সীমান্তবর্তী এলাকায় সাধারণ মানুষের চলাচল কমে এসেছে। নাফ নদীতে মাছ ধরতে যাওয়া জেলেরাও সতর্কতার সঙ্গে কাজ করছেন।

সীমান্তজুড়ে বিজিবি ও কোস্টগার্ডের অতিরিক্ত সদস্য মোতায়েন করা হয়েছে। নাফ নদীসহ গুরুত্বপূর্ণ পয়েন্টগুলোতে টহল জোরদার করা হয়েছে, যাতে কোনওভাবেই নতুন করে অনুপ্রবেশের ঘটনা না ঘটে।

সীমান্ত সূত্রে জানা গেছে, রাখাইন রাজ্যের রাজধানী সিত্তে থেকে উড্ডয়ন করা জান্তা বাহিনীর যুদ্ধবিমানগুলো প্রায় ৯০ কিলোমিটার দূরের মংডু এলাকায় গিয়ে আরাকান আর্মির বিভিন্ন অবস্থানে একের পর এক বোমা হামলা চালাচ্ছে। প্রতিটি অভিযানে একসঙ্গে পাঁচ থেকে ছয়টি শক্তিশালী বোমা নিক্ষেপ করা হচ্ছে বলে স্থানীয়রা জানিয়েছেন।

বুধবার রাত সাড়ে ৯টা থেকে প্রায় সোয়া ১১টা পর্যন্ত চলা হামলায় দুটি যুদ্ধবিমান থেকে অন্তত ২৭ দফা বোমাবর্ষণের দাবি করেছে সীমান্তের বিভিন্ন সূত্র। হামলার সময় বিস্ফোরণের তীব্রতায় বাংলাদেশের সীমান্তবর্তী এলাকার ঘরবাড়িও কেঁপে ওঠে বলে স্থানীয় বাসিন্দারা জানিয়েছেন। একই সময় আরাকান আর্মিও পাল্টা প্রতিরোধ গড়ে তোলে বলে জানা গেছে।

উখিয়া-৬৪ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল জহিরুল ইসলাম জানান, বুধবার রাতে রাখাইনের অভ্যন্তরে বিমান হামলার শব্দ শোনা গেলেও বৃহস্পতিবার সকাল থেকে বড় ধরনের কোনও নতুন ঘটনার খবর পাওয়া যায়নি। সীমান্ত পরিস্থিতি স্বাভাবিক রয়েছে এবং সার্বক্ষণিক নজরদারির মধ্যে রাখা হয়েছে।

তিনি বলেন, নতুন করে কোনও রোহিঙ্গা যাতে বাংলাদেশে প্রবেশ করতে না পারে, সে জন্য নাফ নদীতে অতিরিক্ত টহল দল মোতায়েন করা হয়েছে। বৃহস্পতিবার বিকেল পর্যন্ত সীমান্তে কোনও গুলি এসে পড়া কিংবা অনুপ্রবেশের ঘটনা ঘটেনি।

এদিকে সীমান্তবর্তী সবরাং ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান আবদুল মান্নান এবং হোয়াইক্যং ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান মো. শাহজালাল চৌধুরী আশঙ্কা প্রকাশ করে বলেন, সংঘাত আরও বাড়লে বাস্তুচ্যুত রোহিঙ্গারা বাংলাদেশে প্রবেশের চেষ্টা করতে পারে।

উখিয়ার একটি রোহিঙ্গা আশ্রয়শিবিরের নেতা মো. জুবায়ের দাবি করেন, সাম্প্রতিক বিমান হামলায় রাখাইনে অসংখ্য ঘরবাড়ি ধ্বংস হয়েছে এবং কয়েক হাজার রোহিঙ্গা নতুন করে বাস্তুচ্যুত হয়েছেন। একই সঙ্গে স্থলপথে আরাকান আর্মির সঙ্গে আরও কয়েকটি রোহিঙ্গা সশস্ত্র গোষ্ঠীর সংঘর্ষের খবরও পাওয়া যাচ্ছে। এতে পুরো অঞ্চলের পরিস্থিতি আরও জটিল হয়ে উঠেছে।

সীমান্ত সংশ্লিষ্ট সূত্রগুলো জানায়, ২০২৩ সালের ডিসেম্বর থেকে শুরু হওয়া দীর্ঘ সংঘর্ষের পর আরাকান আর্মি রাখাইন রাজ্যের মংডু, বুথিডং ও রাথেডংসহ বিস্তীর্ণ এলাকা নিজেদের নিয়ন্ত্রণে নেয়। বর্তমানে রাজধানী সিত্তে জান্তা বাহিনীর নিয়ন্ত্রণে রয়েছে এবং সেখান থেকেই সাম্প্রতিক বিমান অভিযান পরিচালিত হচ্ছে বলে ধারণা করা হচ্ছে।

এদিকে মিয়ানমারভিত্তিক কয়েকটি স্থানীয় সংবাদমাধ্যমের খবরে বলা হয়েছে, বুধবার বুথিডং টাউনশিপের একটি মুসলিম অধ্যুষিত গ্রামে বিমান হামলায় বেসামরিক হতাহতের ঘটনা ঘটেছে এবং অন্তত ১০টি বসতবাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে। এর আগে ১৭ ও ২৪ জুনও মংডু ও কিয়াউকতাও এলাকায় পৃথক বিমান হামলার ঘটনা ঘটে।

টেকনাফ-২ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল হানিফুর রহমান ভূঁইয়া বলেন, সীমান্তের প্রতিটি পয়েন্টে সার্বক্ষণিক নজরদারি অব্যাহত রয়েছে। নাফ নদীসহ পুরো সীমান্ত এলাকায় নিয়মিত টহল ও গোয়েন্দা তৎপরতা আরও জোরদার করা হয়েছে।

টেকনাফ উপজেলা নির্বাহী কর্মকর্তা এস এম মো. অনীক চৌধুরী জানান, দিনভর সীমান্ত পরিস্থিতি স্বাভাবিক ছিলো। তবে যেকোনও অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি মোকাবিলায় বিজিবি, কোস্টগার্ড এবং স্থানীয় প্রশাসন সর্বোচ্চ সতর্ক অবস্থানে দায়িত্ব পালন করছে।

সবার দেশ/কেএম

জনপ্রিয়

শীর্ষ সংবাদ:

বিদেশি হস্তক্ষেপের বিরুদ্ধে বাংলাদেশের পাশে থাকবে চীন: জানালেন রাষ্ট্রদূত ইয়াও ওয়েন
রাখাইনে তীব্র বিমান হামলা, টেকনাফ সীমান্তে আতঙ্ক
সহকারী শিক্ষিকার বদলির দাবিতে বাগাতিপাড়ায় মানববন্ধন
নিরাপত্তা শঙ্কায় বাবার জানাজায় থাকছেন না মোজতবা খামেনি
এমপি মনির বক্তব্য ঘৃণাভরে প্রত্যাখ্যান করলাম: ছাত্রদল সভাপতি
ড. জন লি লিগ্যাসি অ্যাওয়ার্ডের জন্য নির্বাচিত বাংলাদেশি শিক্ষাবিদ
জাপানের ৫ পেট্রল বোট যুক্ত হলো নৌবহরে
এলপিজির দাম কমলো ৩৫৭ টাকা
নারীসহ যুবদল নেতা আটক, হারালেন পদ
‘ফুয়েল আপ–সেলিব্রেশন অব টেস্ট’-এর যাত্রা শুরু
এইচএসসিতে প্রথম দিনে অনুপস্থিত প্রায় ২৫ হাজার, বহিষ্কার ৭
শার্শায় তরুণীকে ধর্ষণের অভিযোগে দুই যুবক গ্রেফতার
নোয়াখালীতে হাতের টানেই উঠে যাচ্ছে কার্পেটিং
যুদ্ধের জন্যও প্রস্তুত ইরান, বসেনি বৈঠকে