ইরানের হামলায় রক্তাক্ত তেল আবিব—২৪ ঘণ্টায় ২৬১ ইসরায়েলি আহত
মধ্যপ্রাচ্যে চলমান উত্তেজনা নতুন করে ভয়াবহ রূপ নিয়েছে। ইসরায়েলে ইরান ও হিজবুল্লাহর হামলায় গত ২৪ ঘণ্টায় অন্তত ২৬১ জন আহত হয়েছেন বলে জানিয়েছে দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয়।
মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী,ইরানে হামলা শুরুর পর থেকে এখন পর্যন্ত মোট আহতের সংখ্যা দাঁড়িয়েছে ৫ হাজার ৪৯২ জনে। এর মধ্যে বর্তমানে ১১৬ জন বিভিন্ন হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।
শুধুমাত্র গত একদিনেই হিজবুল্লাহ ও ইরানের যৌথ হামলায় আহতদের বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়েছে, যা পরিস্থিতির ক্রমাবনতিরই ইঙ্গিত দিচ্ছে।
সংঘাতের সূত্রপাত গত ২৮ ফেব্রুয়ারি থেকে, যখন যুক্তরাষ্ট্র ও ইসরায়েল ইরানে সামরিক অভিযান শুরু করে। এর জবাবে ইরান পাল্টা আঘাত হানতে থাকে—টার্গেট করা হয় ইসরায়েলের বিভিন্ন এলাকা এবং মধ্যপ্রাচ্যে থাকা মার্কিন সামরিক ঘাঁটিগুলো।
বিশ্লেষকদের মতে, এ সংঘাত এখন আর সীমিত পর্যায়ে নেই; বরং এটি ধীরে ধীরে একটি বহুমাত্রিক আঞ্চলিক যুদ্ধে রূপ নিচ্ছে। প্রতিদিনের হতাহতের সংখ্যা বাড়ছে, আর সে সঙ্গে বাড়ছে আন্তর্জাতিক উদ্বেগ।
আল জাজিরার প্রতিবেদনে বলা হয়েছে, পরিস্থিতি দ্রুত নিয়ন্ত্রণে না এলে মানবিক বিপর্যয় আরও গভীর হতে পারে।
সবার দেশ/কেএম




























