‘সন্তান জন্ম দিতে যুক্তরাষ্ট্রে আসে’,—ট্রাম্পের বক্তব্য রুচিহীন: ভারত
যুক্তরাষ্ট্রে সন্তান জন্ম দিতে ভারত ও চীন থেকে মানুষ ভিড় করে—ডোনাল্ড ট্রাম্প-এর এমন মন্তব্যকে ঘিরে কূটনৈতিক অস্বস্তি তৈরি হয়েছে। মন্তব্যটিকে ‘রুচিহীন’ ও ‘তথ্যভিত্তিক নয়’ বলে কঠোর প্রতিক্রিয়া জানিয়েছে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়।
শুক্রবার (২৪ এপ্রিল) প্রকাশিত এক প্রতিবেদনে বিষয়টি সামনে আনে রয়টার্স।
ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জয়সওয়াল বলেন, এ মন্তব্য বাস্তবতার সঙ্গে সামঞ্জস্যপূর্ণ নয় এবং ভারত-যুক্তরাষ্ট্র সম্পর্কের ভিত্তিকে প্রতিফলিত করে না। তিনি জোর দিয়ে বলেন, দুই দেশের সম্পর্ক পারস্পরিক সম্মান ও অভিন্ন স্বার্থের ওপর দাঁড়িয়ে আছে।
ট্রাম্পের বক্তব্যকে শুধু অযৌক্তিকই নয়, ‘ঘৃণামূলক’ ও ‘বর্ণবাদী’ বলেও আখ্যা দিয়েছে হিন্দু আমেরিকান ফাউন্ডেশন। সংগঠনটি বলছে, এ ধরনের মন্তব্য অভিবাসী সম্প্রদায়ের প্রতি নেতিবাচক মনোভাব উসকে দেয়।
এর আগে সোশ্যাল মিডিয়ায় একটি পোস্ট শেয়ার করে ট্রাম্প ভারতকে ‘নিকৃষ্ট স্থান’ হিসেবে উল্লেখ করেন এবং ভারতীয় অভিবাসীদের নিয়েও আপত্তিকর মন্তব্য করেন, যা নিয়ে ব্যাপক সমালোচনা শুরু হয়।
বিশ্লেষকরা বলছেন, এ বিতর্ক এমন এক সময়ে তৈরি হলো, যখন মার্কো রুবিও আগামী মাসে ভারত সফরের প্রস্তুতি নিচ্ছেন। ফলে কূটনৈতিকভাবে সংবেদনশীল এ সময়ে ট্রাম্পের মন্তব্য দুই দেশের সম্পর্কের ওপর প্রভাব ফেলতে পারে বলেও আশঙ্কা করা হচ্ছে।
সবার দেশ/কেএম




























