Sobar Desh | সবার দেশ আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশিত: ০১:০৩, ১৭ অক্টোবর ২০২৬

দিল্লিতে সিজেপি নেতা দীপক আটক, তুলে নিলো নেহাকেও

দিল্লিতে সিজেপি নেতা দীপক আটক, তুলে নিলো নেহাকেও
ছবি: সংগৃহীত

ভারতের রাজধানী দিল্লিতে ককরোচ জনতা পার্টির (সিজেপি) নেতা অভিজিত দীপকেকে তার বাসা থেকে আটক করেছে পুলিশ। একই দিন দিল্লির যন্তর মন্তর এলাকা থেকে অল ইন্ডিয়া স্টুডেন্টস অ্যাসোসিয়েশনের (আইসা) সভাপতি নেহা বোরাকেও পুলিশ তুলে নিয়ে গেছে বলে জানিয়েছে ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি। দুই নেতার আটকের ঘটনা ঘিরে দিল্লিতে রাজনৈতিক উত্তেজনা তৈরি হয়েছে।

শুক্রবার (১৬ অক্টোবর) দিল্লির কনট প্লেসের সেন্ট্রাল পার্কে সিজেপির ‘তিরঙ্গা মার্চ’ কর্মসূচিতে যোগ দেয়ার কথা ছিলো অভিজিত দীপকে ও নেহা বোরার। সিজেপির নেতা সৌরভ দাস ও আশুতোষ রাঙ্কাকে গ্রেফতারের প্রতিবাদে এবং ভারতের জাতীয় পতাকা নিয়ে এ কর্মসূচির ঘোষণা দিয়েছিলো সংগঠনটি।

তবে কর্মসূচি শুরুর আগেই সমাবেশস্থল সেন্ট্রাল পার্ক বন্ধ করে দেয় নয়াদিল্লি মিউনিসিপ্যাল কাউন্সিল (এনডিএমসি)। সম্ভাব্য জমায়েত ঠেকাতে এলাকায় ব্যাপক নিরাপত্তাব্যবস্থা নেয়া হয়। পুলিশসহ নিরাপত্তা বাহিনীর ২৫ হাজারের বেশি সদস্য মোতায়েন করা হয়েছে বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।

দীপকেকে আটকের আগে তার বাসায় একটি নোটিশ নিয়ে যান কনট প্লেস থানার স্টেশন হাউস অফিসার। হিন্দুস্থান টাইমসের প্রতিবেদন অনুযায়ী, জননিরাপত্তা ও যান চলাচল স্বাভাবিক রাখার কথা উল্লেখ করে কনট প্লেসের আশপাশে অনুমতি ছাড়া মিছিল ও সমাবেশের ওপর নিষেধাজ্ঞার কথা জানায় পুলিশ।

নোটিশে বলা হয়, যথাযথ কর্তৃপক্ষের অনুমতি নিয়েই নির্ধারিত স্থানে বিক্ষোভ কর্মসূচি পালন করা যাবে। পুলিশ আরও জানায়, কনট প্লেস এলাকায় ভারতীয় নাগরিক সুরক্ষা সংহিতার ১৬৩ ধারা জারি রয়েছে। এ আদেশ অমান্য করলে আইনি ব্যবস্থা নেয়া হতে পারে।

এনডিটিভির প্রতিবেদনে বলা হয়েছে, নোটিশ পাওয়ার পরও দীপকে কর্মসূচিতে যোগ দেয়ার চেষ্টা করলে তাকে আটক করা হয়।

অন্যদিকে, নেহা বোরাকে তুলে নেয়ার বিষয়ে এনডিটিভি বিস্তারিত তথ্য জানায়নি। তবে সোশ্যাল মিডিয়া এক্সে ‘নেহা বোরা টিম’ নামের একটি ভেরিফায়েড অ্যাকাউন্ট থেকে শুক্রবার সন্ধ্যা ৬টার পর একটি ভিডিও প্রকাশ করা হয়। ভিডিওতে নেহাকে আটক করার চেষ্টা করতে দেখা যায় পুলিশকে।

ভিডিওটির সঙ্গে দেয়া বিবরণে দাবি করা হয়, মান্ডি হাউস থেকে ভারতের নির্বাচন কমিশনের দিকে মিছিল নিয়ে যাওয়ার সময় পুলিশ নেহাকে জোরপূর্বক আটক করার চেষ্টা করে।

বার্তা সংস্থা এএফপিও নেহা বোরাকে আটকের একটি ছবি প্রকাশ করেছে। ছবির বিবরণে বলা হয়েছে, ভারতের প্রধান নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের পদত্যাগের দাবিতে বিক্ষোভ চলাকালে নিরাপত্তা বাহিনীর সদস্যরা নেহাকে আটক করেন।

এদিকে, বিকেল ৫টার পর এএফপির প্রকাশিত কয়েকটি ছবিতে কনট প্লেসে বেশ কয়েকজনকে ভারতের জাতীয় পতাকা হাতে দেখা যায়। বার্তা সংস্থাটি তাদের সিজেপির সমর্থক বলে উল্লেখ করেছে।

সিজেপি নেতা সৌরভ দাস ও আশুতোষ রাঙ্কার গ্রেফতারের প্রতিবাদে আয়োজিত তিরঙ্গা মার্চ ঘিরে দিল্লি পুলিশের কঠোর নিরাপত্তাব্যবস্থা ও একাধিক আটকের ঘটনা রাজনৈতিক কর্মসূচি পালনের অনুমতি এবং বিক্ষোভকারীদের অধিকার নিয়ে নতুন করে আলোচনা তৈরি করেছে।

সবার দেশ/কেএম

সর্বশেষ

শীর্ষ সংবাদ:

জুলাই শহীদ স্মৃতিস্তম্ভে আগুন: এনসিপির তীব্র নিন্দা ও প্রতিবাদ
পরীমনির বিরুদ্ধে সাংবাদিককে হেনস্তার অভিযোগ, সিজেএফডির নিন্দা
আইনশৃঙ্খলা সামলাতে ব্যর্থ স্বরাষ্ট্রমন্ত্রী বিরোধীদের চরিত্র হননে ব্যস্ত: জামায়াত
বিয়ের প্রলোভনে তরুণীকে ধর্ষণের অভিযোগ ওসির বিরুদ্ধে
বিশ্ব শেয়ারবাজারে বড় ধস, একদিনে কমলো ২.৫ ট্রিলিয়ন ডলার
জুলাই স্মৃতিস্তম্ভে আগুন, চাঁদপুরে বিএনপির বিক্ষোভ
ইরান থেকে হাজার কিলোমিটার দূরে মার্কিন নৌবাহিনী: তেহরান
বৈশাখী বাসে আগুন দিলো আওয়ামী দুর্বৃত্তরা
যশোরে স্ত্রীকে পরকীয়ার সন্দেহে হত্যা, থানায় আত্মসমর্পণ স্বামীর
‘ব্যাড টাচের’ শিকার হয়েছিলেন প্রভাও
টেকনাফের পাহাড়ে ৩ লাশ, যৌথ বাহিনীর অভিযান
বিনা খরচে ওমরাহর সুযোগ, আবেদন করবেন যেভাবে
৭ নভেম্বর ছিলো শত্রু-মিত্র চিহ্নিত করার গুরুত্বপূর্ণ দিন: প্রধানমন্ত্রী
সামান্তাদের রাজনীতিতে আরও বড় জায়গা চান তাসনিম জারা
টেকনাফে পাচারকারীদের-যৌথবাহিনীর গোলাগুলি, আহত সেনাসদস্যের মৃত্যু
জামায়াতের জোটে আপত্তি, এনসিপি ছাড়লেন তিন নেত্রী
চুয়েট উপাচার্যের পুনর্বহালে রিজভীর দ্বারস্থ শিক্ষার্থীরা
হাসিনার গুণ্ডা-পাণ্ডারা গার্মেন্টসে আগুন দিচ্ছে: রিজভী
নিউইয়র্কে আবাসিক ভবনে ভয়াবহ আগুন, নিহত ৬