শিশুকে বাঁচিয়ে ধ্বংসস্তূপে নিখোঁজ বাবা, অপেক্ষায় দুই সন্তান
নিজের জীবনের ঝুঁকি নিয়ে সেপটিক ট্যাংকের পানিতে ডুবে যাওয়া আট বছরের এক শিশুকে উদ্ধার করেছেন পোশাকশ্রমিক মো. ছকিনুর ইসলাম (৩০)। শিশুটিকে নিরাপদে ওপরে তুলে দিতে পারলেও শেষ পর্যন্ত নিজের জীবন রক্ষা করতে পারেননি তিনি। শিশুটিকে উদ্ধারের পরপরই জরাজীর্ণ সেপটিক ট্যাংকের দেয়াল ও পাশের মাটি ধসে তার ওপর পড়ে। এরপর থেকে নিখোঁজ রয়েছেন ছকিনুর। তাকে উদ্ধারে ফায়ার সার্ভিসের অভিযান চলছে। এদিকে স্বামীর ফিরে আসার অপেক্ষায় রয়েছেন স্ত্রী, আর বাবার অপেক্ষায় প্রহর গুনছে তার দুই সন্তান।
মঙ্গলবার (২৪ নভেম্বর) বিকালে ঢাকার আশুলিয়ার মধ্য গাজীরচট এলাকার দরগার পাড়ে এ ঘটনা ঘটে।
স্থানীয় সূত্রে জানা যায়, মঙ্গলবার বিকালে এলাকার একটি পুকুরের পাশে থাকা পরিত্যক্ত সেপটিক ট্যাংকের জমে থাকা পানিতে ছিপ দিয়ে মাছ ধরছিলো আট বছর বয়সী শিশু শাহিন কাজী লাভলু। মাছ ধরার একপর্যায়ে অসাবধানতাবশত সে ট্যাংকের পানিতে পড়ে যায়। গভীর পানিতে পড়ে শিশুটি বাঁচার জন্য চিৎকার করতে থাকে।
শিশুটির চিৎকার শুনে আশপাশের লোকজন দ্রুত ঘটনাস্থলে ছুটে আসেন। এ সময় শিশুটিকে উদ্ধারে এগিয়ে আসেন পোশাকশ্রমিক ছকিনুর ইসলাম। নিজের জীবনের ঝুঁকির কথা চিন্তা না করে তিনি সেপটিক ট্যাংকের পানিতে নেমে পড়েন। একপর্যায়ে শিশুটিকে উদ্ধার করে নিরাপদে ওপরে তুলে দিতে সক্ষম হন।
তবে শিশুটিকে বাঁচানোর পর নিজের আর বের হয়ে আসা হয়নি ছকিনুরের। তিনি ট্যাংকের ভেতরে থাকা অবস্থায় জরাজীর্ণ দেয়াল ও পাশের মাটি ধসে পড়ে। মুহূর্তের মধ্যে ধ্বংসস্তূপের নিচে চাপা পড়েন তিনি। এরপর থেকেই নিখোঁজ রয়েছেন এ পোশাকশ্রমিক।
ঘটনার পরপরই স্থানীয় লোকজন উদ্ধারকাজ শুরু করেন। পরে খবর পেয়ে ফায়ার সার্ভিসের উদ্ধারকারী দল ঘটনাস্থলে পৌঁছে অভিযান শুরু করে। ধসে পড়া মাটি ও সেপটিক ট্যাংকের ভাঙা অংশ সরিয়ে ছকিনুরকে উদ্ধারের চেষ্টা চালানো হচ্ছে।
নিখোঁজ ছকিনুর ইসলাম নীলফামারী জেলার কিশোরগঞ্জ থানার ছিট রাজীব গ্রামের মো. জাহিদুল ইসলামের ছেলে। তিনি আশুলিয়ার একটি বেসরকারি প্রতিষ্ঠানে কাটিং বান্ডেলম্যান হিসেবে কাজ করেন। স্ত্রী, এক ছেলে ও এক মেয়েকে নিয়ে আশুলিয়ার দরগার পাড় এলাকার একটি ভাড়া বাসায় বসবাস করতেন তিনি।
এদিকে ছকিনুরের নিখোঁজের খবরে তার পরিবারের সদস্যদের মধ্যে উদ্বেগ ও উৎকণ্ঠা দেখা দিয়েছে। যে মানুষটি নিজের জীবনের ঝুঁকি নিয়ে অন্যের সন্তানকে মৃত্যুর মুখ থেকে ফিরিয়ে আনলেন, সে মানুষটির খোঁজেই এখন অপেক্ষা করছেন তার স্ত্রী ও সন্তানেরা। দুই শিশুর কাছে বাবার ফিরে আসার অপেক্ষা যেন শেষ হচ্ছে না।
আশুলিয়া থানার এসআই মিরাজ ঘটনাস্থল থেকে জানান, নিখোঁজ ব্যক্তিকে উদ্ধারে ফায়ার সার্ভিসের অভিযান চলছে।
রাত ৯টায় এ প্রতিবেদন লেখা পর্যন্ত ছকিনুর ইসলামকে উদ্ধার করা সম্ভব হয়নি। উদ্ধার অভিযান অব্যাহত ছিলো।
সবার দেশ/কেএম




























