Sobar Desh | সবার দেশ সবার দেশ প্রতিবেদক

প্রকাশিত: ০৩:১৪, ১ মে ২০২৬

‘খুবই গুরুতর’ অবস্থায় দেশ

গণমাধ্যম স্বাধীনতা সূচকে পেছালো বাংলাদেশ

গণমাধ্যম স্বাধীনতা সূচকে পেছালো বাংলাদেশ
ফাইল ছবি

বিশ্ব গণমাধ্যম স্বাধীনতা সূচকে আবারও অবনতি হয়েছে বাংলাদেশের। আন্তর্জাতিক সংস্থা রিপোর্টার্স উইদাউট বর্ডার্স (আরএসএফ) প্রকাশিত ২০২৬ সালের বিশ্ব গণমাধ্যম স্বাধীনতা সূচকে বাংলাদেশ তিন ধাপ পিছিয়ে ১৮০টি দেশের মধ্যে ১৫২তম অবস্থানে নেমে এসেছে। গত বছর বাংলাদেশের অবস্থান ছিলো ১৪৯তম।

নতুন সূচকে বাংলাদেশকে এবার ‘খুবই গুরুতর’ শ্রেণিতে অন্তর্ভুক্ত করা হয়েছে। যদিও ২০২৫ সালের প্রতিবেদনে বাংলাদেশ ১৬ ধাপ উন্নতি করেছিলো, এবারের অবনতি আবারও দেশের গণমাধ্যম পরিস্থিতি নিয়ে নতুন উদ্বেগ তৈরি করেছে।

গণমাধ্যমের স্বাধীনতা মূল্যায়নে আরএসএফ পাঁচটি সূচক বিবেচনা করে থাকে—রাজনৈতিক প্রেক্ষাপট, আইনি কাঠামো, অর্থনৈতিক চাপ, সামাজিক পরিবেশ এবং সাংবাদিকদের নিরাপত্তা। সংস্থাটির বিশ্লেষণে দেখা গেছে, বাংলাদেশের অবনতির সবচেয়ে বড় কারণ রাজনৈতিক প্রেক্ষাপটের স্কোর কমে যাওয়া।

এ সূচকে মূলত পরিমাপ করা হয়, গণমাধ্যম কতটা স্বাধীনভাবে কাজ করতে পারছে, রাজনৈতিক ক্ষমতাকাঠামোর চাপ কতটা রয়েছে, এবং ভিন্নমত বা অনুসন্ধানী সাংবাদিকতাকে কতটা সহনশীলভাবে দেখা হচ্ছে। একই সঙ্গে জনস্বার্থে ক্ষমতাসীনদের জবাবদিহির আওতায় আনতে সংবাদমাধ্যম কতটা কার্যকর ভূমিকা রাখতে পারছে, সেটিও বিবেচনায় নেয়া হয়।

আরএসএফের পর্যবেক্ষণ অনুযায়ী, দক্ষিণ ও দক্ষিণ-পূর্ব এশিয়াজুড়ে গণমাধ্যমের স্বাধীনতা ক্রমেই সংকুচিত হচ্ছে। কাগজে-কলমে সংবাদপত্রের স্বাধীনতার প্রতিশ্রুতি থাকলেও বাস্তবে সাংবাদিকরা নানা ধরনের রাজনৈতিক, আইনি ও অর্থনৈতিক চাপের মুখে রয়েছেন।

তবে সূচকে বাংলাদেশ এখনও প্রতিবেশী কয়েকটি দেশের চেয়ে এগিয়ে রয়েছে। এবারের তালিকায় বাংলাদেশ পাকিস্তানের চেয়ে এক ধাপ এবং ভারতের চেয়ে পাঁচ ধাপ এগিয়ে আছে। কিন্তু দক্ষিণ এশিয়ার অন্য কয়েকটি দেশের তুলনায় অবস্থান এখনও দুর্বল। নেপাল বাংলাদেশের চেয়ে ৬৫ ধাপ এগিয়ে রয়েছে। এছাড়া শ্রীলঙ্কা ১৮ ধাপ এবং ভুটান দুই ধাপ এগিয়ে আছে।

বিশ্বব্যাপী পরিস্থিতি বিশ্লেষণ করে আরএসএফ বলেছে, সাংবাদিকতার পরিবেশ বর্তমানে ভয়াবহ চাপের মধ্যে রয়েছে। বিশ্বের ১৮০টি দেশের মধ্যে ১০০টিরও বেশি দেশে সংবাদমাধ্যমের স্বাধীনতার স্কোর কমেছে। গত ২৫ বছরের মধ্যে এবারই বৈশ্বিক গড় স্কোর সর্বনিম্ন পর্যায়ে নেমেছে বলে জানিয়েছে সংস্থাটি।

প্রতিবেদনে বলা হয়েছে, বর্তমানে মাত্র সাতটি দেশকে ‘ভালো’ শ্রেণিতে রাখা হয়েছে। এসব দেশের মধ্যে উত্তর ইউরোপের কয়েকটি রাষ্ট্র, বিশেষ করে নরওয়ে, ধারাবাহিকভাবে শীর্ষ অবস্থানে রয়েছে।

অন্যদিকে যুক্তরাষ্ট্র–এর অবস্থানও অবনতি হয়েছে। ডোনাল্ড ট্রাম্প পুনর্নির্বাচিত হওয়ার পর দেশটির গণমাধ্যম পরিস্থিতি নিয়ে নতুন বিতর্ক তৈরি হয়। এবারের সূচকে যুক্তরাষ্ট্র আরও সাত ধাপ পিছিয়ে ৬৪তম অবস্থানে নেমে এসেছে।

গণমাধ্যম বিশ্লেষকদের মতে, বাংলাদেশে ডিজিটাল নিরাপত্তা আইনসহ বিভিন্ন আইনি কাঠামো, রাজনৈতিক মেরুকরণ, অনুসন্ধানী সাংবাদিকতার ওপর চাপ এবং অর্থনৈতিক অনিশ্চয়তা সংবাদমাধ্যমের স্বাধীনতাকে দীর্ঘদিন ধরেই প্রভাবিত করছে।

তাদের মতে, সাংবাদিকদের নিরাপত্তা নিশ্চিত করা, তথ্যপ্রাপ্তির অধিকার কার্যকর করা এবং গণমাধ্যমের ওপর রাজনৈতিক ও প্রাতিষ্ঠানিক চাপ কমানো না গেলে ভবিষ্যতে বাংলাদেশের অবস্থান আরও সংকটে পড়তে পারে।

বিশ্লেষকদের ভাষ্য, একটি গণতান্ত্রিক রাষ্ট্রে স্বাধীন গণমাধ্যম শুধু তথ্য পরিবেশনের মাধ্যম নয়; এটি রাষ্ট্রীয় জবাবদিহি, স্বচ্ছতা এবং নাগরিক অধিকারের অন্যতম প্রধান ভিত্তি। ফলে এ সূচকে বাংলাদেশের অবনতি আন্তর্জাতিক অঙ্গনেও গুরুত্বপূর্ণ বার্তা বহন করছে।

সবার দেশ/কেএম

শীর্ষ সংবাদ:

দুর্ভিক্ষের দ্বারপ্রান্তে সোমালিয়া, পাঁচ লাখ শিশু অপুষ্টিতে
রক্তে লেখা ইতিহাস: ঐতিহাসিক মে দিবস আজ
গণমাধ্যম স্বাধীনতা সূচকে পেছালো বাংলাদেশ
অতীতের বিতর্ক নয়, নতুন ইতিহাস গড়ার আহ্বান জামায়াত আমিরের
শেষ হলো ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশন
এই চেয়ারে আগুনের তপ্ত হিট অনুভব করি: প্রধানমন্ত্রী
বোয়িংয়ের ১৪ উড়োজাহাজ কেনার চুক্তি সই
২০২৭ সালের নির্বাচনে ফিরছেন ফ্রাঁসোয়া অলাঁদ?
‘চট্টগ্রাম পানির নিচে’ প্রচার ছিলো অপপ্রচার: সংসদে প্রতিমন্ত্রী
নির্বাচন ঠেকিয়ে দেয়ার ভয়ে জুলাই সনদে সই করেছি: স্বরাষ্ট্রমন্ত্রী
নোয়াখালীতে শিক্ষক হেনস্তার প্রতিবাদে মানববন্ধন
১১ দেশ নিয়ে ভারতের সামরিক মহড়া, বাদ পড়লো বন্ধুরাষ্ট্র(?) বাংলাদেশ
পদত্যাগ না করেই নির্বাচনে লড়বো: তামিম ইকবাল
বেনাপোল-খুলনা-মোংলা কমিউটার ট্রেনের ইজারা চুক্তি বাতিল
রাষ্ট্রপতিকে গ্রেফতারের দাবি, ৭২-এর সংবিধানকে ‘মুজিববাদী’ আখ্যা
গণভোটের রায় বাস্তবায়নে বিভাগীয় সমাবেশে ১১ দলের
‘জুলাই সনদকে প্রতারণার দলিলে পরিণত করেছে বিএনপি’