জাতিসংঘে একসঙ্গে দুই দায়িত্ব
পদ ছাড়ছেন না পররাষ্ট্রমন্ত্রী, নজির টানলেন হুমায়ুন রশীদের
মন্ত্রিত্বের দায়িত্ব বজায় রেখেই জাতিসংঘের সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনের সভাপতির দায়িত্ব পালনের ইঙ্গিত দিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান। বৃহস্পতিবার (৪ জুন) পররাষ্ট্র মন্ত্রণালয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা জানান।
পররাষ্ট্রমন্ত্রী বলেন, তিনি এখনই পররাষ্ট্রমন্ত্রীর পদ ছাড়ছেন না এবং একসঙ্গে দুই দায়িত্ব পালনের বিষয়টি নতুন নয়। এ প্রসঙ্গে তিনি সাবেক পররাষ্ট্রমন্ত্রী ও জাতিসংঘের সাধারণ পরিষদের সাবেক সভাপতি হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ তুলে ধরেন।
ড. খলিলুর রহমান বলেন, হুমায়ুন রশীদ চৌধুরী একদিকে বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করেছেন, অন্যদিকে জাতিসংঘের সাধারণ পরিষদের সভাপতির দায়িত্বও সামলেছেন। তিনি বলেন, আমি তার একান্ত সচিব হিসেবে কাজ করেছি। তিনি তখন দুই দায়িত্বই দক্ষতার সঙ্গে পালন করেছিলেন।
তিনি আরও বলেন, বর্তমান সময়ে প্রযুক্তিগত সুবিধার কারণে একসঙ্গে একাধিক দায়িত্ব পালন আগের চেয়ে অনেক বেশি সহজ হয়েছে।
জাতিসংঘের সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনের সভাপতির পদে নিজের বিজয়কে বাংলাদেশের অর্জন হিসেবে উল্লেখ করে ড. খলিলুর রহমান বলেন, এটি প্রধানমন্ত্রীর দৃঢ় সমর্থনের ফল। তার ভাষায়, এ বিজয় বাংলাদেশের, প্রধানমন্ত্রীরও। তার দৃঢ় সমর্থন না থাকলে এত দ্রুত এই অগ্রগতি সম্ভব হতো না।
তিনি আরও জানান, এ অর্জন তিনি বাংলাদেশের ভবিষ্যতের জন্য উৎসর্গ করছেন।
উল্লেখ্য, গত মঙ্গলবার জাতিসংঘের সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনের সভাপতি নির্বাচিত হন ড. খলিলুর রহমান। নিউইয়র্কে অনুষ্ঠিত নির্বাচনে তিনি সাইপ্রাসের পররাষ্ট্রমন্ত্রীর বিশেষ দূত আন্দ্রেয়াস এস কাকোরিসকে ৮ ভোটে পরাজিত করেন। তিনি এক বছরের জন্য এ দায়িত্ব পালন করবেন।
সবার দেশ/কেএম




























