২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচিও শুরু করলেন তারেক রহমান
কক্সবাজারে পাতলী খাল পুনঃখননের উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী
কক্সবাজার সফরে এসে পরিবেশ সংরক্ষণ, অবকাঠামো উন্নয়ন এবং স্থানীয় উন্নয়ন কর্মকাণ্ডের একাধিক কর্মসূচির উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। শনিবার (১৩ জুন) সকালে কক্সবাজারের গুরুত্বপূর্ণ জলাধার পাতলী খাল পুনঃখনন কাজের আনুষ্ঠানিক উদ্বোধনের মধ্য দিয়ে দিনের কর্মসূচি শুরু করেন তিনি।
সকাল ১০টায় প্রধানমন্ত্রী তারেক রহমানকে বহনকারী ইউএস-বাংলা এয়ারলাইনসের একটি ফ্লাইট কক্সবাজার বিমানবন্দরে অবতরণ করে। পরে সকাল পৌনে ১১টার দিকে তিনি পাতলী খাল পুনঃখনন প্রকল্পের উদ্বোধন করেন।
সংশ্লিষ্টরা জানান, খালটির পুনঃখননের মাধ্যমে পানি নিষ্কাশন ব্যবস্থার উন্নয়ন, জলাবদ্ধতা নিরসন, কৃষি ও মৎস্য খাতের উন্নয়ন এবং স্থানীয় পরিবেশের ভারসাম্য রক্ষায় ইতিবাচক প্রভাব পড়বে।
পাতলী খালের পুনঃখনন কাজের উদ্বোধনের পর প্রধানমন্ত্রী মাছুমঘাট সংরক্ষিত বনে বৃক্ষরোপণের মাধ্যমে দেশব্যাপী ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচিরও উদ্বোধন করবেন। পরিবেশ রক্ষা, জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবিলা এবং সবুজায়ন বৃদ্ধির লক্ষ্যে এ কর্মসূচি বাস্তবায়ন করা হচ্ছে।
সফরের অংশ হিসেবে তিনি জুলাই গণ-অভ্যুত্থানে নিহত কক্সবাজারের শহিদ ওয়াসীমের কবর জিয়ারত করবেন এবং তার পরিবারের সদস্যদের সঙ্গে সাক্ষাৎ করবেন। এছাড়া পেকুয়া পৌরসভা ও নবগঠিত মাতামুহুরী উপজেলার বিভিন্ন অবকাঠামোগত উন্নয়ন প্রকল্পের ভিত্তিপ্রস্তর স্থাপন ও উদ্বোধনী অনুষ্ঠানে অংশ নেয়ার কথা রয়েছে তার।
দিনের দ্বিতীয়ার্ধে চকরিয়া পৌর বাস টার্মিনাল মাঠে আয়োজিত এক জনসভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেবেন প্রধানমন্ত্রী তারেক রহমান। সেখানে সরকারের উন্নয়ন পরিকল্পনা, স্থানীয় সমস্যা সমাধান এবং ভবিষ্যৎ কর্মসূচি নিয়ে তিনি দিকনির্দেশনামূলক বক্তব্য রাখবেন বলে জানা গেছে।
এছাড়া কক্সবাজার সমুদ্রসৈকত ও মেরিন ড্রাইভ এলাকা পরিদর্শনেরও কর্মসূচি রয়েছে প্রধানমন্ত্রীর। পরে একটি সুধী সমাবেশে অংশ নিয়ে বিভিন্ন শ্রেণি-পেশার প্রতিনিধিদের উদ্দেশে বক্তব্য দেবেন তিনি।
দিনব্যাপী ব্যস্ত কর্মসূচি শেষে রাতেই বিমানযোগে ঢাকায় ফেরার কথা রয়েছে প্রধানমন্ত্রী তারেক রহমানের।
সবার দেশ/কেএম




























