আমি কারও ব্যক্তির গাড়িতে উঠিনি— এস আলমের গাড়ি বিতর্কে স্বরাষ্ট্রমন্ত্রী
ভারত থেকে দেশে ফেরার পর আলোচিত ব্যবসায়ী এস আলমের মালিকানাধীন বলে প্রচারিত একটি গাড়িতে চড়ে সংবর্ধনা নেয়ার অভিযোগ নিয়ে সংসদে বিস্তারিত ব্যাখ্যা দিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী ও বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদ। তিনি দাবি করেছেন, ঘটনাটি নিয়ে যে বিতর্ক তৈরি হয়েছিলো, তার বাস্তব ভিত্তি নেই এবং বিষয়টি অনেক আগেই পরিষ্কার হয়ে গেছে।
বুধবার জাতীয় সংসদে এক আলোচনায় জামায়াতে ইসলামীর সংসদ সদস্য নজিবুর রহমান বিষয়টি উত্থাপন করেন। বক্তব্যে তিনি ইঙ্গিতপূর্ণ মন্তব্য করে বলেন, স্বরাষ্ট্রমন্ত্রী ‘নুন খেয়ে’ কিছু করছেন। তার এ মন্তব্যের পরই সংসদে বিষয়টি নিয়ে আলোচনা শুরু হয়।
জবাব দিতে গিয়ে স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ প্রথমে নজিবুর রহমানের ‘সেন্স অব হিউমার’-এর প্রশংসা করেন। তবে তিনি স্পষ্ট ভাষায় বলেন, স্বরাষ্ট্রমন্ত্রী হিসেবে তিনি কখনও কোনও ব্যক্তির গাড়িতে চড়ে সংবর্ধনা নেননি।
ঘটনার পটভূমি তুলে ধরে সালাহউদ্দিন আহমদ বলেন, তিনি যখন বিদেশ সফর শেষে দেশে ফেরেন, তখন কক্সবাজারে তাকে অভ্যর্থনা জানাতে বিপুলসংখ্যক নেতাকর্মী ও সমর্থক উপস্থিত ছিলেন। মানুষের ব্যাপক সমাগমের কারণে বিমানবন্দরে ব্যক্তিগত গাড়ি প্রবেশের সুযোগ ছিলোনা।
স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, কক্সবাজারে আমার আগমনের সময় লক্ষাধিক মানুষের উপস্থিতি ছিলো। বিমানবন্দরে কোনও গাড়ি ঢুকতে পারেনি। সেখানে কয়েকটি মাইক্রোবাস ছিলো। প্রথমে একটি গাড়িতে উঠলেও জায়গার সংকট হয়। পরে আরেকটি গাড়িতে উঠি। এরপর সমর্থকেরা আমাকে অন্য একটি গাড়িতে স্থানান্তর করেন।
তিনি জানান, পরবর্তীতে তিনি জানতে পারেন যে গাড়িটি নিয়ে যে অভিযোগ তোলা হয়েছিলো, তা সঠিক নয়। তার দাবি, এটি কোনও নির্দিষ্ট ব্যক্তির নামে নিবন্ধিত গাড়ি ছিলো না এবং গাড়িটি বহু বছর আগের একটি পুরোনো যানবাহন।
সালাহউদ্দিন আহমদ বলেন, যে গাড়ি নিয়ে এত আলোচনা হয়েছে, সেটি কোনও ব্যক্তির নামে নয়। ১৭-১৮ বছর আগের একটি গাড়িকে কেন্দ্র করে বিভ্রান্তি তৈরি করা হয়েছিলো। তারপরও যদি কোনও ভুল বোঝাবুঝি হয়ে থাকে, আমি জাতির সামনে দুঃখ প্রকাশ করেছি। বিষয়টি তখনই নিষ্পত্তি হয়েছে।
নিজের আর্থিক অবস্থার প্রসঙ্গও টেনে আনেন স্বরাষ্ট্রমন্ত্রী। তিনি বলেন, আমার চারটি গাড়ি আছে এবং চারজন চালকও রয়েছে। খুব একটা গরিব নই যে কারও গাড়ির ওপর নির্ভর করতে হবে।
বক্তব্যের একপর্যায়ে নজিবুর রহমানের মন্তব্য সংসদের কার্যবিবরণী থেকে বাদ দেওয়ার অনুরোধ জানান তিনি। তার ভাষ্য, বিষয়টি পুরোনো এবং এর ব্যাখ্যা আগেই দেয়া হয়েছে। তাই একই প্রসঙ্গ বারবার সামনে আনার কোনো যৌক্তিকতা নেই।
এ বিষয়ে স্পিকার বলেন, সংসদের কার্যবিবরণী পর্যালোচনা করে দেখা হবে। যদি কোনও বক্তব্য অসংসদীয় হিসেবে বিবেচিত হয়, তাহলে সংসদীয় বিধি অনুযায়ী তা কার্যবিবরণী থেকে বাদ দেয়া হবে।
সংসদে স্বরাষ্ট্রমন্ত্রীর এ ব্যাখ্যার মাধ্যমে এস আলমের গাড়িতে চড়ে সংবর্ধনা নেয়া সংক্রান্ত পুরোনো বিতর্কটি আবারও আলোচনায় এসেছে। তবে তিনি দাবি করেছেন, ঘটনাটি নিয়ে আর কোনও বিভ্রান্তির সুযোগ নেই এবং বিষয়টি ইতোমধ্যেই নিষ্পত্তি হয়েছে।
সবার দেশ/কেএম




























