শিবগঞ্জে নতুন বিতর্ক
নিজ নামে স্কুলের নামকরণ বন্ধে শাহে আলমের চিঠি
নিজের নির্বাচনী এলাকায় নতুন করে নিজের বা পরিবারের সদস্যদের নামে কোনো শিক্ষাপ্রতিষ্ঠানের নামকরণ না করার জন্য শিক্ষা মন্ত্রণালয়ের কাছে আনুষ্ঠানিক অনুরোধ জানিয়েছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী মীর শাহে আলম। এ বিষয়ে তিনি মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের সচিবের কাছে চিঠি পাঠিয়ে স্পষ্ট অবস্থান তুলে ধরেছেন।
শুক্রবার (১৯ জুন) প্রতিমন্ত্রীর ব্যক্তিগত প্রেস সচিব আতিকুর রহমান স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে বিষয়টি জানানো হয়। বিজ্ঞপ্তিতে বলা হয়, এর আগে গত ১ জুন মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের সচিব বরাবর পাঠানো এক অফিসিয়াল চিঠিতে প্রতিমন্ত্রী অনুরোধ করেন, তার নির্বাচনী এলাকা বগুড়া-২ (শিবগঞ্জ ও মোকামতলা) আসনের কোনও শিক্ষাপ্রতিষ্ঠানের নাম যেনো নতুন করে তার বা তার পরিবারের সদস্যদের নামে অনুমোদন না দেয়া হয়।
চিঠিতে মীর শাহে আলম উল্লেখ করেন, নির্বাচনী এলাকার কয়েকটি শিক্ষাপ্রতিষ্ঠান উন্নয়ন ও জাতীয়করণের স্বার্থে তার নামে নাম পরিবর্তনের প্রস্তাব পাঠানো হচ্ছে বলে তিনি জানতে পেরেছেন। তবে তিনি এ ধরনের উদ্যোগকে সম্পূর্ণ অনভিপ্রেত বলে উল্লেখ করেন এবং ভবিষ্যতে এ ধরনের কোনও প্রস্তাব অনুমোদন না দেয়ার জন্য শিক্ষা মন্ত্রণালয়ের দৃষ্টি আকর্ষণ করেন।
প্রতিমন্ত্রী তার চিঠিতে আরও বলেন, ১৯৯৭ সাল থেকে ২০২৩ সাল পর্যন্ত নিজস্ব জমি ও অর্থায়নে তিনি ১০টি শিক্ষাপ্রতিষ্ঠান প্রতিষ্ঠা করেছেন। এসব প্রতিষ্ঠান দীর্ঘদিন ধরে এলাকায় শিক্ষা বিস্তারে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে এবং সুনামের সঙ্গে পরিচালিত হচ্ছে। তবে ওই প্রতিষ্ঠানগুলোর বাইরে নতুন করে তার নামে কোনও শিক্ষাপ্রতিষ্ঠানের নামকরণের প্রস্তাব পাঠানো হলে তা যেনো গ্রহণ বা অনুমোদন করা না হয়।
এদিকে প্রতিমন্ত্রীর এমন অবস্থানের মধ্যেই তার নির্বাচনী এলাকা বগুড়ার শিবগঞ্জে একটি ঐতিহ্যবাহী শিক্ষাপ্রতিষ্ঠানের নাম পরিবর্তনের প্রস্তাব ঘিরে নতুন বিতর্কের সৃষ্টি হয়েছে। শুক্রবার সোশ্যাল মিডিয়ায় ৯ জুন তারিখের একটি সরকারি চিঠি ছড়িয়ে পড়লে স্থানীয়দের মধ্যে ব্যাপক আলোচনা-সমালোচনা শুরু হয়।
স্থানীয়দের একাংশের দাবি, দীর্ঘদিনের ঐতিহ্য বহনকারী শিক্ষাপ্রতিষ্ঠানের নাম পরিবর্তনের উদ্যোগ শিক্ষার্থী, অভিভাবক ও এলাকার মানুষের আবেগের সঙ্গে জড়িত একটি বিষয়। ফলে এ ধরনের সিদ্ধান্ত গ্রহণের আগে জনমত ও প্রতিষ্ঠানের ঐতিহাসিক পরিচয়কে গুরুত্ব দেয়া প্রয়োজন।
এর আগে নিজের বংশ ও দুই ছেলের নামে তিনটি ইউনিয়নের নামকরণ নিয়ে সমালোচনার মুখে পড়েছিলেন প্রতিমন্ত্রী মীর শাহে আলম। সে সময় তিনি বিষয়টিকে ‘কাকতালীয়’ বলে ব্যাখ্যা দিয়েছিলেন। নতুন করে শিক্ষাপ্রতিষ্ঠানের নাম পরিবর্তনের প্রস্তাব সামনে আসায় সে বিতর্কও আবার আলোচনায় উঠে এসেছে।
তবে প্রতিমন্ত্রীর দাবি, ব্যক্তি বা পারিবারিক পরিচয়ের চেয়ে শিক্ষাপ্রতিষ্ঠানের নিজস্ব ঐতিহ্য ও শিক্ষার পরিবেশই বেশি গুরুত্বপূর্ণ। এ কারণেই তিনি নিজ নামে নতুন কোনও প্রতিষ্ঠানের নামকরণ না করার বিষয়ে শিক্ষা মন্ত্রণালয়কে আনুষ্ঠানিকভাবে অনুরোধ জানিয়েছেন।
সবার দেশ/কেএম




























