Sobar Desh | সবার দেশ সবার দেশ প্রতিবেদক

প্রকাশিত: ০০:০৫, ৩০ জুন ২০২৬

কালো টাকা সাদা করার সুযোগ বাতিলের প্রস্তাব প্রধানমন্ত্রীর

কালো টাকা সাদা করার সুযোগ বাতিলের প্রস্তাব প্রধানমন্ত্রীর
ছবি: সংগৃহীত

ফ্যাসিবাদী শাসনব্যবস্থার অবসানের পর দেশের অর্থনীতিতে শৃঙ্খলা ফিরিয়ে আনা, বিদেশে পাচার হওয়া অর্থ দেশে ফেরানো এবং সাধারণ মানুষের করের বোঝা কমাতে একগুচ্ছ গুরুত্বপূর্ণ প্রস্তাব দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। একই সঙ্গে তিনি কালো টাকা সাদা করার বিতর্কিত বিধান বাতিল, করমুক্ত আয়সীমা বৃদ্ধি, দেশীয় শিল্পে কর-শুল্ক ছাড় এবং বেসরকারি বিশ্ববিদ্যালয়ের কর কমানোর আহ্বান জানিয়েছেন।

সোমবার (২৯ জুন) জাতীয় সংসদে ২০২৬-২৭ অর্থবছরের প্রস্তাবিত বাজেটের ওপর সাধারণ আলোচনায় অংশ নিয়ে এসব প্রস্তাব তুলে ধরেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

বক্তব্যের শুরুতে প্রধানমন্ত্রী বলেন, ফ্যাসিবাদী শাসনব্যবস্থার অবসানের পর দেশের অর্থনীতিতে সুশাসন প্রতিষ্ঠা এবং আর্থিক খাতে শৃঙ্খলা ফিরিয়ে আনা বর্তমান সরকারের অন্যতম অগ্রাধিকার। একই সঙ্গে বিদেশে পাচার হওয়া অর্থ দ্রুত দেশে ফিরিয়ে আনার বিষয়ে সরকার দৃঢ়ভাবে কাজ করছে বলেও তিনি জানান।

করদাতাদের স্বস্তি দিতে প্রধানমন্ত্রী ব্যক্তিশ্রেণির করমুক্ত আয়সীমা বাড়ানোর প্রস্তাব করেন। তিনি বলেন, প্রস্তাবিত বাজেটে ২০২৬-২৭ ও ২০২৭-২৮ কর বছরের জন্য করমুক্ত আয়সীমা ৩ লাখ ৭৫ হাজার টাকা রাখা হলেও সেটি বাড়িয়ে ৪ লাখ টাকা করা উচিত। পাশাপাশি ২০২৮-২৯ ও ২০২৯-৩০ কর বছরের জন্য করমুক্ত আয়সীমা ৪ লাখ ৫০ হাজার টাকা এবং ২০৩০-৩১ কর বছরের জন্য ৫ লাখ টাকা নির্ধারণের প্রস্তাব দেন।

এ সময় প্রধানমন্ত্রী অর্থ ও পরিকল্পনা মন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করে কালো টাকা সাদা করার বিতর্কিত বিধান সম্পূর্ণ প্রত্যাহারের আহ্বান জানান।

শিক্ষা খাতের উন্নয়নের ওপর গুরুত্ব দিয়ে প্রধানমন্ত্রী বেসরকারি বিশ্ববিদ্যালয়ের ওপর আরোপিত ১০ শতাংশ কর কমিয়ে ৫ শতাংশ করার প্রস্তাব করেন। তবে তিনি বলেন, কর ছাড়ের পাশাপাশি এসব বিশ্ববিদ্যালয়কে গবেষণার পরিবেশ আরও শক্তিশালী করতে হবে। শিক্ষার্থীদের বহুভাষায় দক্ষ করে তুলতে ল্যাঙ্গুয়েজ ল্যাব স্থাপন এবং দরিদ্র ও মেধাবী শিক্ষার্থীদের জন্য বিনা বেতনে পড়াশোনার সুযোগও নিশ্চিত করার আহ্বান জানান তিনি।

প্রধানমন্ত্রীর এসব প্রস্তাবের সময় সরকারি ও বিরোধী দলের সংসদ সদস্যরা টেবিল চাপড়ে সমর্থন ও অভিনন্দন জানান।

ক্ষুদ্র নৃগোষ্ঠীর অর্থনৈতিক উন্নয়নের বিষয়েও বিশেষ গুরুত্বারোপ করেন প্রধানমন্ত্রী। তিনি পার্বত্য তিন জেলার ক্ষুদ্র নৃগোষ্ঠীর অর্থনৈতিক কর্মকাণ্ড থেকে অর্জিত আয়ের পাশাপাশি পাহাড়ি ও সমতল অঞ্চলের ক্ষুদ্র নৃগোষ্ঠীভুক্ত চাকরিজীবীদের বেতনভোগী আয়ও করমুক্ত করার প্রস্তাব দেন।

দেশীয় শিল্প ও রপ্তানি খাতকে আরও প্রতিযোগিতামূলক করতে একাধিক কর ও শুল্ক ছাড়ের প্রস্তাবও দেন প্রধানমন্ত্রী। তিনি বলেন, চিংড়ি শিল্পের উৎপাদন ও রফতানি বাড়াতে একুয়াফিড, ফিড অ্যাডিটিভস, প্রোবায়োটিকস, ভিটামিন ও মিনারেল আমদানির ওপর আরোপিত সব ধরনের আমদানি শুল্ক, রেগুলেটরি শুল্ক, সম্পূরক শুল্ক ও ভ্যাট প্রত্যাহার করা প্রয়োজন।

এ ছাড়া স্থানীয় শিল্পের কাঁচামাল আমদানিতে রেয়াতি সুবিধা অব্যাহত রাখা, ওষুধ শিল্প এবং স্থানীয় উৎপাদনে ব্যবহৃত মধু আমদানির ওপর ১০ শতাংশ সম্পূরক শুল্ক প্রত্যাহার, পিভিসি ও পিইটি রেজিন আমদানির প্রস্তাবিত ১০ শতাংশ শুল্ক কমিয়ে ৫ শতাংশ নির্ধারণেরও প্রস্তাব দেন তিনি।

অগ্নিনিরাপত্তা সরঞ্জাম উৎপাদনে ব্যবহৃত কোল্ড রোল্ড শিট আমদানির ওপর ১০ শতাংশ রেগুলেটরি শুল্ক এবং ফ্ল্যাট রোল্ড পণ্যের ১০ শতাংশ আগাম কর প্রত্যাহারের আহ্বান জানান প্রধানমন্ত্রী। একই সঙ্গে বৈদ্যুতিক তার উৎপাদনে ব্যবহৃত রিফাইন্ড কপার আমদানির রেগুলেটরি শুল্ক এবং কাজুবাদাম প্রক্রিয়াজাত শিল্পের কাঁচামাল আমদানির শুল্ক কমানোরও প্রস্তাব করেন।

তিনি আরও বলেন, দেশে এলইডি ল্যাম্প ও প্রি-ফ্যাব্রিকেটেড ভবন নির্মাণ শিল্পের বিকাশে এসব খাতের কাঁচামাল আমদানির রেয়াতি সুবিধার মেয়াদ ২০৩০ সালের ৩০ জুন পর্যন্ত বাড়ানো প্রয়োজন।

ব্যবসাবান্ধব ভ্যাট ব্যবস্থা গড়ে তুলতে স্বর্ণ, রৌপ্য ও ডায়মন্ডের অলংকারের ভ্যাটহার পুনর্নির্ধারণ, বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশনের (বিটিআরসি) রাজস্ব ভাগের ওপর ১৫ শতাংশ ভ্যাট এবং মাছ সরবরাহের জোগানদার পর্যায়ের ১০ শতাংশ ভ্যাট সম্পূর্ণ প্রত্যাহারের প্রস্তাবও দেন প্রধানমন্ত্রী।

এ ছাড়া স্থানীয়ভাবে ডাবল কেবিন পিকআপ ও মাইক্রোবাস উৎপাদনকে উৎসাহ দিতে এসব যানবাহনের ওপর ভ্যাট ১৫ শতাংশ থেকে কমিয়ে ৫ শতাংশ করার আহ্বান জানান তিনি।

প্রযুক্তিনির্ভর অর্থনীতি গড়ে তোলার বিষয়েও সরকারের নতুন উদ্যোগের কথা তুলে ধরে প্রধানমন্ত্রী বলেন, ফ্রিল্যান্সার ও স্টার্টআপ উদ্যোক্তাদের জন্য এবারের বাজেটে বিশেষ গুরুত্ব দেয়া হয়েছে। দেশের ইতিহাসে প্রথমবারের মতো স্টার্টআপে অর্থায়নের জন্য ৫০০ কোটি টাকার পৃথক বাজেট বরাদ্দ রাখা হয়েছে, যা নতুন উদ্যোক্তা তৈরিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে তিনি আশা প্রকাশ করেন।

সূত্র: বাসস

সবার দেশ/কেএম

শীর্ষ সংবাদ:

বাজেট অধিবেশন শেষে প্রধানমন্ত্রী-বিরোধীদলীয় নেতার কুশল বিনিময়
শেষ মুহূর্তের গোলে জাপানকে হারিয়ে শেষ ষোলোতে ব্রাজিল
এনবিআরের ভারপ্রাপ্ত চেয়ারম্যান আহসান হাবিব
বিশ্বমানের শিক্ষায় প্রয়োজন উচ্চমানের শিক্ষক ও গবেষণা, ক্যাম্পাস নয়
৩৬ দিনের ‘জুলাই জাগরণ’ কর্মসূচি এনসিপির
সাবেক আওয়ামী এমপির স্ত্রী মৌসুমি কারাগারে
তিস্তা প্রকল্পে ভারতের আপত্তির জবাবে চীনের কড়া বার্তা
কালো টাকা সাদা করার সুযোগ বাতিলের প্রস্তাব প্রধানমন্ত্রীর
করমুক্ত আয়সীমা ৪ লাখ টাকা; টিআইএন ছাড়াই খুলবে ব্যাংক হিসাব
শেষ মুর্হূতে ইউস্টাকিওর জাদু, ইতিহাস গড়ে শেষ ষোলোয় কানাডা
একুশে পদকপ্রাপ্ত বরেণ্য শিল্পী মুস্তাফা মনোয়ার আর নেই
দেশের বিভিন্ন স্থানের মতো ঢাকাতেও লোডশেডিং দিতে হবে: জ্বালানিমন্ত্রী
ইউরোপজুড়ে ভয়াবহ তাপপ্রবাহ, ফ্রান্সে প্রাণহানি ছাড়ালো ৪ হাজার
ভারতের ক্ষমা চাওয়া উচিত ছিলো: নাহিদ ইসলাম
ইতালিতে ট্রিপল মার্ডার: মা জানেন না একমাত্র ছেলে বেঁচে নেই
ইরানে শিশুহত্যা ও যুদ্ধাপরাধের বিচার আন্তর্জাতিক আদালতে চাইলেন হবে