Sobar Desh | সবার দেশ সবার দেশ প্রতিবেদক

প্রকাশিত: ০০:১২, ১৫ জুন ২০২৬

আপডেট: ০০:১৩, ১৫ জুন ২০২৬

বেনজীর গ্রেফতার ইন্টারপোলের কৃতিত্ব, দেশের পুলিশের নয়: জামায়াত আমির

বেনজীর গ্রেফতার ইন্টারপোলের কৃতিত্ব, দেশের পুলিশের নয়: জামায়াত আমির
ছবি: সংগৃহীত

দুর্নীতির মামলায় পুলিশের সাবেক মহাপরিদর্শক (আইজিপি) বেনজীর আহমেদের গ্রেফতারকে কেন্দ্র করে সরকারের দাবির সমালোচনা করেছেন জাতীয় সংসদের বিরোধীদলীয় নেতা ও বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির মাওলানা শফিকুর রহমান। তিনি বলেছেন, বেনজীরকে আটক করা দেশের পুলিশের কৃতিত্ব নয়, বরং এটি ইন্টারপোলের উদ্যোগ ও আন্তর্জাতিক ব্যবস্থার ফল।

রোববার (১৪ জুন) রাতে সিলেট সার্কিট হাউসে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়কালে তিনি এসব কথা বলেন।

শফিকুর রহমান বলেন, বেনজীর আহমেদের বিরুদ্ধে আন্তর্জাতিক পর্যায়ে ব্যবস্থা গ্রহণ এবং ইন্টারপোলের সংশ্লিষ্টতার কারণেই তাকে আটক করা সম্ভব হয়েছে। এ ঘটনায় কৃতিত্ব দাবি করার আগে বাস্তবতা বিবেচনা করা প্রয়োজন বলে মন্তব্য করেন তিনি।

তিনি অভিযোগ করেন, বেনজীর আহমেদের বিরুদ্ধে যথাসময়ে প্রয়োজনীয় আন্তর্জাতিক পদক্ষেপ গ্রহণে সরকারের আন্তরিকতার ঘাটতি ছিলো। তার ভাষ্য, বর্তমান সরকারের সময় বেনজীরের বিরুদ্ধে রেড নোটিশ জারি বা আন্তর্জাতিক সহযোগিতা নিশ্চিত করার ক্ষেত্রেও কার্যকর উদ্যোগ দেখা যায়নি।

বিরোধীদলীয় নেতা বলেন, বেনজীর আহমেদের গ্রেফতার অবশ্যই দেশের জন্য একটি গুরুত্বপূর্ণ ঘটনা। তবে এটিকে নিয়ে অতিরিক্ত উচ্ছ্বাস বা রাজনৈতিক প্রচারণার সুযোগ নেই। এখন মূল প্রশ্ন হলো, তাকে দেশে ফিরিয়ে এনে আইনের মুখোমুখি করা যায় কি না।

তিনি আরও বলেন, বেনজীরকে দেশে প্রত্যর্পণের বিষয়টি পুরোপুরি সরকারের রাজনৈতিক সদিচ্ছা, কূটনৈতিক তৎপরতা এবং আইনি প্রক্রিয়া সফলভাবে সম্পন্ন করার ওপর নির্ভর করবে। শুধু গ্রেফতার হলেই বিচার নিশ্চিত হয় না; তাকে দেশে এনে আদালতের মুখোমুখি করাই হবে প্রকৃত চ্যালেঞ্জ।

আলোচনায় দেশের সাম্প্রতিক রাজনৈতিক পরিস্থিতি এবং নির্বাচন প্রসঙ্গও উঠে আসে। এ বিষয়ে শফিকুর রহমান বলেন, দীর্ঘদিন পর দেশে একটি অর্থবহ ও প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ নির্বাচনের প্রত্যাশা তৈরি হয়েছিলো। তবে নির্বাচন-পরবর্তী পরিস্থিতি এবং ফলাফল নিয়ে এখনও নানা প্রশ্ন ও বিতর্ক রয়েছে।

তিনি বলেন, আমাদের বিভিন্ন পর্যায়ে আপত্তি ও উদ্বেগ ছিলো। তারপরও দেশের বৃহত্তর স্বার্থ, রাজনৈতিক স্থিতিশীলতা এবং গণতান্ত্রিক প্রক্রিয়া অব্যাহত রাখার স্বার্থে আমরা নির্বাচনকে মেনে নিয়েছি।

জামায়াত আমিরের দাবি, নির্বাচন পুরোপুরি প্রত্যাখ্যান করা হলে দেশে নতুন করে রাজনৈতিক অস্থিরতা ও অনিশ্চয়তা তৈরি হতে পারত, যা দেশের জন্য কল্যাণকর হতো না।

সীমান্ত পরিস্থিতি নিয়ে এক প্রশ্নের জবাবে তিনি বলেন, দেশের অভ্যন্তর ও বাইরের বিভিন্ন মহল থেকে উসকানি দেয়ার চেষ্টা চলছে। তবে এসব উসকানির ব্যাপারে সবাইকে সতর্ক থাকার আহ্বান জানান তিনি।

শফিকুর রহমান বলেন, বাংলাদেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব এবং জাতীয় স্বার্থের প্রশ্নে কোনও ধরনের আপসের সুযোগ নেই। দেশের নিরাপত্তা ও মর্যাদা রক্ষায় রাজনৈতিক দলগুলোর মধ্যে জাতীয় ঐক্য প্রয়োজন বলেও মন্তব্য করেন তিনি।

সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের জবাবে তিনি আরও বলেন, দুর্নীতি, সুশাসন ও জবাবদিহিতা প্রতিষ্ঠার প্রশ্নে কোনও ব্যক্তি বা গোষ্ঠীর প্রতি বিশেষ সুবিধা দেয়া উচিত নয়। আইন সবার জন্য সমানভাবে প্রয়োগ নিশ্চিত করার মধ্য দিয়েই জনগণের আস্থা অর্জন সম্ভব।

সিলেট সফরকালে স্থানীয় রাজনৈতিক পরিস্থিতি, সাংগঠনিক কার্যক্রম এবং জাতীয় ইস্যু নিয়ে দলের নেতাকর্মীদের সঙ্গেও মতবিনিময় করেন জামায়াতে ইসলামীর আমির।

সবার দেশ/কেএম

শীর্ষ সংবাদ:

চার শিশুসহ ১২ জন তিন দিন ধরে শূন্যরেখায়
এডিবির ঋণে রিজার্ভ ছাড়ালো ৩৫ বিলিয়ন ডলার
নোয়াখালীতে টিন কেটে ঘরে ঢুকে গৃহবধূকে ধর্ষণ, আটক-১
এমপি মনিরুলকে প্রকাশ্যে ক্ষমা চাওয়ার দাবি আলেম সমাজের
নেদারল্যান্ডসকে উড়িয়ে বিশ্বকাপ মিশন শুরু বাংলাদেশের
বেনাপোল বন্দরে শ্রমিকদের কর্মবিরতি স্থগিত
বেনজীর গ্রেফতার ইন্টারপোলের কৃতিত্ব, দেশের পুলিশের নয়: জামায়াত আমির
বেনজীরকে গ্রেফতার বাংলাদেশ পুলিশের ঐতিহাসিক সাফল্য: স্বরাষ্ট্রমন্ত্রী
ইসলামী ব্যাংকের চেয়ারম্যানসহ পুরো পর্ষদ বাতিল
মনিরুল হকের বক্তব্য অমার্জনীয় ও শিষ্টাচারবহির্ভূত: নাহিদ ইসলাম
সাবেক আইজিপি বেনজীর গ্রেফতার
মরক্কোর সঙ্গে ড্র করে ব্রাজিলের হেক্সা অভিযান শুরু
হাসিনাকে পুশইন করুন, দেখি কত সাহস: সীমান্ত ইস্যুতে গোলটেবিল বৈঠকে বক্তারা
‘বাংলাদেশি’ তকমা দিয়ে নথিহীনদের সীমান্তে ঠেলে দিচ্ছে ভারত
নোয়াখালীতে জুলাই স্মৃতিস্তম্ভে আগুন দিয়েছে আওয়ামী দুর্বৃত্তরা
ইরান-যুক্তরাষ্ট্র সমঝোতা কি দ্বারপ্রান্তে? রোববার চুক্তির ইঙ্গিত