রাজপথে মোকাবিলা হবে
আওয়ামী লীগকে পুনর্বাসনের চেষ্টা করছে বিএনপি: এনসিপি
আওয়ামী লীগকে রাজনৈতিকভাবে পুনর্বাসনের চেষ্টা চলছে বলে অভিযোগ তুলেছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)। দলটির দাবি, বিএনপি ক্ষমতায় এলে ফ্যাসিবাদের বিচার হবে না; বরং আওয়ামী লীগকে ফিরিয়ে আনার পথ তৈরি করা হবে।
শনিবার (৭ ফেব্রুয়ারি) রাতে রাজধানীর বাংলামোটরে এনসিপির কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত এক জরুরি সংবাদ সম্মেলনে এসব কথা বলেন দলের নির্বাচন পরিচালনা কমিটির চেয়ারম্যান আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া।
তিনি বলেন, বিএনপি ক্ষমতায় গেলে অতীতের স্বৈরাচার ও ফ্যাসিবাদের বিচার প্রক্রিয়া থমকে যাবে। তার ভাষ্য, আওয়ামী লীগকে রাজনৈতিকভাবে পুনর্বাসনের জন্য নানামুখী প্রস্তুতি চলছে। এ ধরনের কোনো উদ্যোগ বাস্তবায়নের চেষ্টা হলে তা রাজপথে প্রতিরোধ করা হবে বলে হুঁশিয়ারি দেন তিনি।
আসিফ মাহমুদ আরও দাবি করেন, গণভোটে ‘হ্যাঁ’ ভোট জয়লাভ করলেও বিএনপি ক্ষমতায় গিয়ে জুলাই সনদ বাস্তবায়ন করবে না। তিনি বলেন, জুলাই সনদে স্বাক্ষর করার পরও বিএনপি জনগণের সঙ্গে প্রতারণা করছে, যা তাদের নির্বাচনী ইশতেহারেই প্রতিফলিত হয়েছে।
সংবাদ সম্মেলনে এনসিপির মুখপাত্র নির্বাচনী পরিবেশ নিয়েও উদ্বেগ প্রকাশ করেন। তার অভিযোগ, বিভিন্ন এলাকায় নির্বাচনের আগে অস্ত্র মজুতের তথ্য পাওয়া যাচ্ছে। তিনি নির্বাচন কমিশনের প্রতি আহ্বান জানিয়ে বলেন, এসব বিষয়ে দ্রুত ও কার্যকর ব্যবস্থা নেয়া প্রয়োজন।
এছাড়া কয়েকজন প্রার্থী উঠান বৈঠকে ভোটারদের হুমকি দিচ্ছেন বলেও অভিযোগ করেন তিনি। তবে এসব ঘটনায় দৃশ্যমান কোনও পদক্ষেপ পরিলক্ষিত হচ্ছে না বলে দাবি করেন এনসিপি নেতারা।
সংবাদ সম্মেলনে দলের অন্যান্য কেন্দ্রীয় নেতারাও উপস্থিত ছিলেন। তারা সুষ্ঠু, নিরপেক্ষ ও ভীতিমুক্ত নির্বাচনী পরিবেশ নিশ্চিত করার দাবি জানান।
সবার দেশ/কেএম




























