জামালপুরে পশুর হাটে তাণ্ডব
ক্ষিপ্ত মহিষের আক্রমণে প্রাণ গেলো ২ জনের
জামালপুরের দেওয়ানগঞ্জে পশুর হাটে হঠাৎ ক্ষিপ্ত হয়ে ওঠা একটি মহিষের আক্রমণে দুইজন নিহত হয়েছেন। এ ঘটনায় হাটজুড়ে আতঙ্ক ছড়িয়ে পড়ে। আহত হয়েছেন আরও কয়েকজন।
রোববার (২৪ মে) বিকেলে উপজেলার চর আমখাওয়া ইউনিয়নের সানন্দবাড়ী পশুর হাটে এ ঘটনা ঘটে।
নিহতরা হলেন চর মাদার গ্রামের মরহুম নুর মোহাম্মদের ছেলে মজিবুর রহমান (৫০) এবং কুড়িগ্রামের রাজিবপুর উপজেলার জাউনিয়ার কড়াইডাঙ্গীপাড়া গ্রামের মরহুম আব্দুস সামাদের ছেলে রুহুল আমীন (৪৫)।
স্থানীয়দের ভাষ্য, রোববার বিকেলে সানন্দবাড়ী আকন্দপাড়া এলাকার এক ব্যবসায়ী বিক্রির উদ্দেশ্যে মহিষটি হাটে নিয়ে আসেন। হাটে পৌঁছানোর কিছুক্ষণ পর হঠাৎ করেই মহিষটি ক্ষিপ্ত হয়ে ওঠে। এরপর নিয়ন্ত্রণ হারিয়ে এলোপাতাড়িভাবে দৌড়াতে শুরু করে এবং আশপাশে থাকা লোকজনকে আক্রমণ করে।
এ সময় মহিষটির আক্রমণে গুরুতর আহত হন রুহুল আমীন ও মজিবুর রহমান। হাটে থাকা লোকজন আতঙ্কিত হয়ে ছোটাছুটি শুরু করলে পরিস্থিতি আরও বিশৃঙ্খল হয়ে পড়ে।
পরে স্থানীয়রা আহতদের উদ্ধার করে হাসপাতালে নেয়ার চেষ্টা করেন। তবে পথে রুহুল আমীনের মৃত্যু হয়। অন্যদিকে গুরুতর আহত মজিবুর রহমানকে জামালপুর জেনারেল হাসপাতালে ভর্তি করা হলে চিকিৎসাধীন অবস্থায় সোমবার (২৫ মে) বিকেলে তিনি মারা যান।
ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন দেওয়ানগঞ্জের সানন্দবাড়ী পুলিশ তদন্ত কেন্দ্রের পরিদর্শক দেবাশীষ শাহা। তিনি বলেন, রোববার পশুর হাটে মহিষের আক্রমণে দুইজন গুরুতর আহত হন। তাদের মধ্যে একজন রাতেই মারা যান। অপরজন সোমবার বিকেলে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন।
ঘটনার পর এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। স্থানীয়রা পশুর হাটে নিরাপত্তা ও বড় প্রাণী নিয়ন্ত্রণে আরও সতর্কতা বাড়ানোর দাবি জানিয়েছেন।
সবার দেশ/কেএম




























