দুই গোলে পিছিয়ে থেকেও রোমাঞ্চকর জয় পেলো বার্সেলোনা
শুরুতেই দুই গোল হজম, এরপর পেনাল্টি মিস। সব মিলিয়ে কঠিন পরিস্থিতিতে পড়েছিল বার্সেলোনা। তবে দারুণভাবে ঘুরে দাঁড়িয়ে শেষ পর্যন্ত জয় তুলে নিয়েছে কাতালান ক্লাবটি। জেরার্দ মার্তিন ও ফারমিন লোপেজের গোলে এবং প্রতিপক্ষের আত্মঘাতী গোলের সুবাদে ভিয়ারিয়ালকে ৩-২ ব্যবধানে হারিয়েছে বার্সেলোনা। এ জয়ে লা লিগার পয়েন্ট তালিকায় রিয়াল মাদ্রিদের সঙ্গে তিন পয়েন্টের ব্যবধান ধরে রেখেছে দলটি।
ফিফা বিরতির পর লা লিগার খেলা শুরুর দ্বিতীয় দিনে নিজেদের মাঠে ভিয়ারিয়ালের মুখোমুখি হয় বার্সেলোনা। ম্যাচের শুরু থেকেই আক্রমণাত্মক ফুটবল খেলতে থাকে সফরকারীরা। মাত্র সাত মিনিটের ব্যবধানে দুই গোল করে স্বাগতিকদের চাপে ফেলে দেয় তারা।
ম্যাচের পঞ্চম মিনিটে ফারমিন লোপেজের ভুল পাস থেকে বল পেয়ে বক্সের বাইরে থেকে জোরালো শটে গোল করেন তাজন বুকানন। দুই মিনিট পরই বার্সেলোনার রক্ষণভাগ ভেঙে ব্যবধান দ্বিগুণ করেন তানিতোলুওয়া ওলুওয়াসেই। দ্রুত দুই গোল হজম করে ম্যাচে পিছিয়ে পড়ে বার্সেলোনা।
প্রথমার্ধের মাঝামাঝি সময়ে ঘুরে দাঁড়ানোর সুযোগ পায় স্বাগতিকরা। বক্সের মধ্যে লামিনে ইয়ামালকে ফাউল করেন ওলুওয়াসেই। ভিএআর পর্যালোচনার পর পেনাল্টির সিদ্ধান্ত দেন রেফারি। কিন্তু স্পট-কিক থেকে গোল করতে পারেননি ইয়ামাল। তার শট লক্ষ্যভ্রষ্ট হলে ব্যবধান কমানোর সুযোগ হারায় বার্সেলোনা।
দ্বিতীয়ার্ধের শুরুতেও দুই গোলের লিড ধরে রেখেছিল ভিয়ারিয়াল। তবে ৫৭ মিনিটে পেদ্রির দারুণ ক্রস থেকে হেডে গোল করে বার্সেলোনাকে ম্যাচে ফেরান জেরার্দ মার্তিন।
এর চার মিনিট পরই সমতায় ফেরে বার্সেলোনা। লামিনে ইয়ামালের বাড়ানো বলে নিখুঁত শটে জাল খুঁজে নেন ফারমিন লোপেজ। চলতি মৌসুমে দুর্দান্ত ছন্দে থাকা এ মিডফিল্ডার গোলের পাশাপাশি সতীর্থদের দিয়ে গোল করাতেও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছেন।
এরপর ৬৭ মিনিটে ডান দিক দিয়ে আক্রমণে ওঠেন ইয়ামাল। তার কাটব্যাক থেকে এরিক গার্সিয়া বল বাড়ালে নিজেদের জালেই বল পাঠিয়ে দেন ভিয়ারিয়ালের পাউ নাভারো। এতে ৩-২ ব্যবধানে এগিয়ে যায় বার্সেলোনা।
ম্যাচের শেষ দিকে ব্যবধান বাড়ানোর সুযোগ পেয়েছিল বার্সেলোনা। তবে বদলি হিসেবে নামা দানি ওলমোর একটি প্রচেষ্টা আটকে দেন ভিয়ারিয়ালের গোলরক্ষক। যোগ করা সময়ের শেষ দিকে রাফিনহাকে ফাউল করে দ্বিতীয় হলুদ কার্ড দেখেন পাউ নাভারো। ফলে ১০ জন নিয়ে ম্যাচ শেষ করতে হয় ভিয়ারিয়ালকে।
দুই গোলের লিড নিয়েও হার এড়াতে পারেনি সফরকারীরা। এ হারে লা লিগার পয়েন্ট তালিকার নবম স্থানেই রয়েছে তারা। অন্যদিকে গুরুত্বপূর্ণ তিন পয়েন্ট পেয়ে শীর্ষে নিজেদের অবস্থান ধরে রাখার লড়াইয়ে এগিয়ে গেল বার্সেলোনা।
পেনাল্টি মিসে ইয়ামালের অনাকাঙ্ক্ষিত রেকর্ড
ম্যাচে পেনাল্টি মিস করে লা লিগার ইতিহাসে একটি অনাকাঙ্ক্ষিত রেকর্ডও গড়েছেন লামিনে ইয়ামাল। মাত্র ১৯ বছর ১৩২ দিন বয়সে স্পেনের শীর্ষ লিগের ইতিহাসে সবচেয়ে কম বয়সী খেলোয়াড় হিসেবে তিনটি পেনাল্টি মিস করার নজির গড়েছেন তিনি।
লা লিগায় এখন পর্যন্ত সাতটি পেনাল্টি নিয়ে তিনটিতেই ব্যর্থ হয়েছেন এ স্প্যানিশ ফরোয়ার্ড। অর্থাৎ পেনাল্টি থেকে তার সফলতার হার ৫৭ দশমিক ১ শতাংশ। এর মধ্যে দুটি শট পোস্টে লেগে বাইরে চলে যায়।
এ রেকর্ড গড়তে গিয়ে ইয়ামাল পেছনে ফেলেছেন ফার্নান্দো তোরেসকে। ২০০৪ সালে ২০ বছর ৬৪ দিন বয়সে নিজের তৃতীয় পেনাল্টি মিস করেছিলেন তোরেস। তালিকায় আরও রয়েছেন লোপেজ উফার্তে ও লাফুয়েন্তে।
তবে পেনাল্টি মিস করলেও ম্যাচে ইয়ামালের অবদান ছিল গুরুত্বপূর্ণ। তার বাড়ানো বল থেকেই সমতাসূচক গোল করেন ফারমিন লোপেজ। শেষ পর্যন্ত তার আক্রমণ থেকে তৈরি হওয়া সুযোগেই আসে বার্সেলোনার জয়সূচক গোল।
সবার দেশ/এফও




























