Sobar Desh | সবার দেশ আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশিত: ০০:১৪, ২২ আগস্ট ২০২৬

আপডেট: ০০:১৫, ২২ আগস্ট ২০২৬

রেড নোটিশ চেয়েছে আঙ্কারা

নেতানিয়াহুকে ধরতে ইন্টারপোলের দ্বারস্থ তুরস্ক

নেতানিয়াহুকে ধরতে ইন্টারপোলের দ্বারস্থ তুরস্ক
ছবি: সংগৃহীত

ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর বিরুদ্ধে ইন্টারপোলের রেড নোটিশ জারির উদ্যোগ নিতে সংস্থাটির কাছে অনুরোধ জানিয়েছে তুরস্ক। গাজামুখী ত্রাণবাহী গ্লোবাল সুমুদ ফ্লোটিলার কর্মীদের ওপর হামলা ও আটকের অভিযোগে তুরস্কে চলমান বিচারিক কার্যক্রমের অংশ হিসেবে এ পদক্ষেপ নেয়া হয়েছে।

শুক্রবার তুরস্কের বিচারমন্ত্রী আকিন গুরলেক এ তথ্য জানিয়েছেন। দেশটির সংবাদমাধ্যম আনাদোলুর প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।

সোশ্যাল মিডিয়া এনসোস্যালে দেয়া এক বিবৃতিতে গুরলেক বলেন, আন্তর্জাতিক জলসীমায় সংঘটিত ওই ঘটনার অভিযোগে নেতানিয়াহু, আফেক মস্কোভিচসহ মোট ৩৫ আসামির বিরুদ্ধে ইস্তাম্বুলের ১১তম উচ্চ ফৌজদারি আদালতে বিচারিক কার্যক্রম চলছে।

তিনি জানান, গাজায় গণহত্যার অভিযোগে ২০২৬ সালের ১৪ জুলাই নেতানিয়াহু ও আফেক মস্কোভিচের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করা হয়। ওই পরোয়ানার ভিত্তিতে দুজনের বিরুদ্ধে ইন্টারপোলের রেড নোটিশ জারির জন্য প্রয়োজনীয় পদক্ষেপ নিতে স্বরাষ্ট্র মন্ত্রণালয়কে অনুরোধ করেছে তুরস্কের বিচার মন্ত্রণালয়।

বিচারমন্ত্রী আরও জানান, এ বিষয়ে প্রয়োজনীয় নথিপত্র ইতোমধ্যে তুরস্কের পররাষ্ট্র মন্ত্রণালয়ে পাঠানো হয়েছে।

তুরস্কের অভিযোগ অনুযায়ী, আন্তর্জাতিক জলসীমায় মানবিক ত্রাণ নিয়ে গাজামুখী বেসামরিক নাগরিকদের ওপর সশস্ত্র হামলা এবং তাদের আটকের ঘটনায় নেতানিয়াহু ও মস্কোভিচের বিরুদ্ধে বিচার চলছে।

মামলায় তাদের বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধ, গণহত্যা, গুরুতরভাবে স্বাধীনতা হরণ, ইচ্ছাকৃতভাবে আঘাত করা, নির্যাতন, সম্পত্তির ক্ষতিসাধন, সশস্ত্র ডাকাতি এবং পরিবহনমাধ্যম ছিনতাইসহ একাধিক গুরুতর অভিযোগ আনা হয়েছে।

গুরলেক বলেন, গাজায় সংঘটিত অপরাধগুলো ধামাচাপা দেয়ার কোনও সুযোগ তুরস্ক দেবে না। এসব ঘটনায় জড়িতদের দায়মুক্তি দেয়ারও সুযোগ থাকবে না।

তিনি আরও বলেন, জাতীয় ও আন্তর্জাতিক আইনের আওতায় থাকা সব ধরনের আইনগত ব্যবস্থা তুরস্ক দৃঢ়তার সঙ্গে প্রয়োগ করবে।

ইন্টারপোলের রেড নোটিশ সাধারণত কোনও দেশে বিচার বা সাজা কার্যকর করার উদ্দেশ্যে অভিযুক্ত বা দণ্ডিত ব্যক্তিকে শনাক্ত ও সাময়িকভাবে আটকের জন্য আন্তর্জাতিক পুলিশ সহযোগিতার অনুরোধ হিসেবে ব্যবহৃত হয়। তবে এটি নিজে কোনও আন্তর্জাতিক গ্রেফতারি পরোয়ানা নয় এবং কোনও দেশকে বাধ্যতামূলকভাবে কাউকে গ্রেফতার করার নির্দেশও দেয় না।

নেতানিয়াহুর বিরুদ্ধে তুরস্কের এ উদ্যোগ বাস্তবায়িত হলে তা আন্তর্জাতিক অঙ্গনে গাজা যুদ্ধ ও ইসরায়েলের কর্মকাণ্ড ঘিরে চলমান আইনি ও কূটনৈতিক চাপকে আরও বাড়িয়ে দিতে পারে। তবে রেড নোটিশ জারি ও এর পরবর্তী পদক্ষেপ নির্ভর করবে ইন্টারপোলের সংশ্লিষ্ট প্রক্রিয়া এবং সদস্য দেশগুলোর নিজস্ব আইনি ব্যবস্থার ওপর।

সবার দেশ/কেএম

জনপ্রিয়

শীর্ষ সংবাদ:

আজ বঙ্গভবনে উঠছেন রাষ্ট্রপতি মির্জা ফখরুল
দেশে হবে পোস্টগ্র্যাজুয়েট বিশ্ববিদ্যালয়: শিক্ষামন্ত্রী
ভারতের বক্তব্য ‘আধিপত্যবাদের স্টেটমেন্ট’: সারজিস
কোলকাতায় অগ্নিকাণ্ডে নিহত ৫ জনের লাশ পরিবারের কাছে হস্তান্তর
এক্সিলারেটের টার্মিনাল চালু, এলএনজি সরবরাহ বাড়লো
চাঁদাবাজ-সন্ত্রাসীদের দ্রুত ধরতে নির্দেশ স্বরাষ্ট্রমন্ত্রীর
জাতীয় স্মৃতিসৌধে রাষ্ট্রপতি মির্জা ফখরুলের শ্রদ্ধা
আজ থেকে সারাদেশে ওরাল কলেরা টিকাদান ক্যাম্পেইন
বাংলাদেশসহ ৭৫ দেশের অভিবাসী ভিসা স্থগিতের ট্রাম্প নীতি বাতিল
স্টার্কের বিধ্বংসী বোলিংয়ে ৬৪ রানে অলআউট বাংলাদেশ
চ্যাটজিপিটিতে হত্যার ছক, এফবিআইকে জানালো ওপেনএআই
মির্জা ফখরুলকে নেপালের রাষ্ট্রপতির অভিনন্দন
প্রধানমন্ত্রীর ভারত সফর নিয়ে এখনও সিদ্ধান্ত হয়নি: প্রেস সচিব
নেতানিয়াহুকে ধরতে ইন্টারপোলের দ্বারস্থ তুরস্ক
রাষ্ট্রপতির শপথ অনুষ্ঠানে ড. ইউনূস
মির্জা ফখরুলকে পাকিস্তানের রাষ্ট্রপতির অভিনন্দন
প্রধানমন্ত্রীর ভারত সফর হতে হবে সমমর্যাদার ভিত্তিতে: বিরোধীদলীয় নেতা