জাহের আলভীর জামিন লাভ
স্ত্রী আফরা ইভনাথ খান ইকরাকে আত্মহত্যায় প্ররোচনার অভিযোগে দায়ের করা মামলায় হাইকোর্ট থেকে জামিন পেয়েছেন ছোট পর্দার অভিনেতা জাহের আলভী (মো. নিয়ামত উল্লাহ ভূঁইয়া)।
বিচারপতি কে এম জাহিদ সারওয়ার এবং বিচারপতি শেখ আবু তাহেরের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ গত রোববার এ আদেশ দেন।
আদালত সূত্রে জানা গেছে, একই মামলায় নিম্ন আদালতে জামিন আবেদন নাকচ হওয়ার পর হাইকোর্টে জামিন চেয়ে আবেদন করেন জাহের আলভী। আবেদনের প্রাথমিক শুনানি শেষে আদালত জামিন প্রশ্নে রুল জারি করেন। পরে চূড়ান্ত শুনানি শেষে রুল যথাযথ ঘোষণা করে তাকে জামিন দেন।
আদালতে জাহের আলভীর পক্ষে শুনানিতে অংশ নেন জ্যেষ্ঠ আইনজীবী জয়নুল আবেদীন ও আইনজীবী শেখ রফিকুল ইসলাম। রাষ্ট্রপক্ষে শুনানি করেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল সৈয়দা সাজিয়া শারমিন।
মামলার তথ্য অনুযায়ী, গত ২৮ ফেব্রুয়ারি রাজধানীর মিরপুর ডিওএইচএস এলাকার বাসা থেকে আফরা ইভনাথ খান ইকরার লাশ উদ্ধার করা হয়। এ ঘটনায় জাহের আলভীর বিরুদ্ধে স্ত্রীকে আত্মহত্যায় প্ররোচনার অভিযোগে মামলা দায়ের করা হয়।
পরবর্তীতে গত ১৮ জুন ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে আত্মসমর্পণ করেন জাহের আলভী। সেদিন আদালত তার জামিন আবেদন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।
মামলার তদন্তের স্বার্থে গত ২১ জুন তদন্ত কর্মকর্তা তাকে সাত দিনের রিমান্ডে নেয়ার আবেদন করেন। পরে ২৪ জুন আদালত দুই দিনের রিমান্ড মঞ্জুর করেন।
সবশেষে নিম্ন আদালতে জামিন না পেয়ে হাইকোর্টে আবেদন করলে শুনানি শেষে আদালত তাকে জামিন মঞ্জুর করেন।
সবার দেশ/কেএম




























