১৯ মে হচ্ছে না ভোট
জ্বালানি সংকটে স্থগিত বার কাউন্সিল নির্বাচন
দেশের আইনজীবীদের নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ বার কাউন্সিলের সদস্য নির্বাচন-২০২৬ অনির্দিষ্টকালের জন্য স্থগিত করা হয়েছে। ফলে আগামী ১৯ মে নির্ধারিত ভোটগ্রহণ আর অনুষ্ঠিত হচ্ছে না।
বুধবার (১৫ এপ্রিল) বার কাউন্সিল ভবনে অনুষ্ঠিত এক জরুরি সভায় সর্বসম্মতিক্রমে এ সিদ্ধান্ত নেয়া হয়। পরে এক সংবাদ বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করা হয়েছে।
বিজ্ঞপ্তিতে জানানো হয়, দেশব্যাপী চলমান তীব্র জ্বালানি সংকটের কারণে নির্বাচনী প্রচারণা কার্যক্রম মারাত্মকভাবে বিঘ্নিত হওয়ার আশঙ্কা তৈরি হয়েছে। সাধারণ আসনের ৭টি এবং আঞ্চলিক আসনের ৭টি পদে প্রতিদ্বন্দ্বী প্রার্থীদের সারাদেশে প্রচারণা চালানো কঠিন হয়ে পড়বে বলে মনে করছে কর্তৃপক্ষ।
এছাড়া সুপ্রিম কোর্ট বার অ্যাসোসিয়েশন, ঢাকা আইনজীবী সমিতি, চট্টগ্রাম জেলা আইনজীবী সমিতিসহ দেশের বিভিন্ন বার সমিতি থেকে নির্বাচন পেছানোর জন্য আবেদন ও অনুরোধ পাওয়া যায়। এসব বিষয় বিবেচনায় নিয়েই নির্বাচন স্থগিতের সিদ্ধান্ত নেয়া হয়েছে।
এর আগে, গত ২ এপ্রিল অনুষ্ঠিত সভায় সর্বসম্মতিক্রমে ১৯ মে ভোটগ্রহণের দিন ধার্য করা হয়েছিলো। ওই সভায় সভাপতিত্ব করেন বাংলাদেশের অ্যাটর্নি জেনারেল ও বার কাউন্সিল চেয়ারম্যান ব্যারিস্টার মো. রুহুল কুদ্দুস কাজল।
উল্লেখ্য, ২০২৪ সালের ৫ আগস্টের পর থেকে বাংলাদেশ বার কাউন্সিলে নির্বাচন অনুষ্ঠিত হয়নি। বর্তমানে অ্যাডহক কমিটির মাধ্যমে প্রতিষ্ঠানটির কার্যক্রম পরিচালিত হচ্ছে।
সবার দেশ/কেএম




























