হাসিনা লাশের অপেক্ষায় আছেন: সোহেল তাজ
আওয়ামী লীগের কর্মসূচি ঘিরে অরাজকতা সৃষ্টির পরিকল্পনার অভিযোগ, ফেসবুক পোস্টে সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রীর তীব্র সমালোচনা।
গণঅভ্যুত্থানে ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে নিয়ে বিস্ফোরক মন্তব্য করেছেন সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী সোহেল তাজ। তিনি বলেছেন, উনি এখন লাশের অপেক্ষায় আছেন। আওয়ামী লীগের নেতাকর্মীদের মৃত্যুকে রাজনৈতিক হাতিয়ার হিসেবে ব্যবহার করে দেশে অরাজকতা ও বিশৃঙ্খলা সৃষ্টির পরিকল্পনা করছেন শেখ হাসিনা—এমন অভিযোগও করেছেন তিনি।
বৃহস্পতিবার (১৯ নভেম্বর) দুপুরে নিজের ফেসবুক অ্যাকাউন্টে দেয়া এক পোস্টে এসব মন্তব্য করেন সোহেল তাজ। পোস্টের সঙ্গে গত কয়েক দিনে দেশের বিভিন্ন এলাকায় আওয়ামী লীগের নেতাকর্মীদের তাণ্ডবের কিছু ছবিও শেয়ার করেন তিনি।
ফেসবুক পোস্টে শেখ হাসিনার দীর্ঘ শাসনামলের সমালোচনা করে সোহেল তাজ অভিযোগ করেন, প্রায় দেড় দশকের শাসনকালে বিরোধী দলের নেতাকর্মীদের ওপর নির্যাতন-নিপীড়ন, গুম ও খুন, সাধারণ মানুষের ভোটাধিকার হরণ, গণতান্ত্রিক প্রতিষ্ঠান ধ্বংস এবং ব্যাপক লুটপাটের মাধ্যমে দেশকে বিপর্যস্ত করা হয়েছে। তার অভিযোগ, ওই সময় দেশে গণহত্যার ঘটনাও ঘটেছে।
সোহেল তাজ আরও দাবি করেন, ছাত্র-জনতার গণঅভ্যুত্থানের মুখে ক্ষমতা ছেড়ে দেশত্যাগের পর শেখ হাসিনা বিদেশে অবস্থান করে আওয়ামী লীগকে সন্ত্রাসী কর্মকাণ্ডের পথে ঠেলে দিচ্ছেন। দেশে অরাজকতা ও তাণ্ডব সৃষ্টি করে রাজনৈতিক পরিস্থিতি অস্থিতিশীল করার মাধ্যমে দেশে ফেরার পথ তৈরি এবং পরবর্তী সময়ে প্রতিশোধ নেয়ার পরিকল্পনা করছেন বলেও অভিযোগ করেন তিনি।
পোস্টে সোহেল তাজের সবচেয়ে আলোচিত মন্তব্যটি ছিলো আন্দোলনে লাশের ব্যবহার নিয়ে। তার ভাষ্য,
শেখ হাসিনা সম্প্রতি বলেছেন, তার মতো করে কেউ আন্দোলন গড়ে তুলতে পারে না। আর সে আন্দোলনের অন্যতম বড় উপাদান হচ্ছে লাশ।
সোহেল তাজের অভিযোগ,
শেখ হাসিনা নিজের দলের নেতাকর্মীদের মৃত্যুকেও রাজনৈতিক উদ্দেশ্যে ব্যবহারের পরিকল্পনা করছেন।
তিনি দাবি করেন, এ উদ্দেশ্যেই উসকানিমূলক কর্মসূচি দেয়া হচ্ছে, যাতে প্রাণহানির ঘটনা ঘটে। বিশেষ করে আওয়ামী লীগের নেতাকর্মীদের কেউ নিহত হলে সে ঘটনাকে কেন্দ্র করে আরও অরাজকতা সৃষ্টি এবং সরকার পতনের পরিস্থিতি তৈরির চেষ্টা হতে পারে বলে মন্তব্য করেন তিনি।
সোহেল তাজ তার পোস্টে পলাতক হাসিনার রাজনৈতিক কর্মকাণ্ডের কঠোর সমালোচনা করে আরও লেখেন,
নিজেই গণহত্যা চালিয়ে এখন নিজেকে ভুক্তভোগী হিসেবে উপস্থাপন করে বক্তব্য দিচ্ছেন তিনি। এ ধরনের আচরণকে ‘সাইকোপ্যাথের চরিত্র’ বলেও আখ্যা দেন সাবেক এই স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী।
সবার দেশ/এমকেজে




























