পুলিশ সদর দফতরের ১২ দিনের পরিসংখ্যান
দেশজুড়ে আওয়ামী সন্ত্রাস, ৭৪ পরিবহনে আগুন, ৭৮ স্থানে ককটেল
দেশজুড়ে ১২ দিনে ৭৪টি পরিবহনে অগ্নিসংযোগ এবং ৭৮টি স্থানে ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। একই সময়ে পুলিশের তিনটি স্থাপনায় অগ্নিসংযোগ ও ভাঙচুর এবং ১৮টি গাড়িতে আগুন দেয়ার ঘটনা ঘটেছে। গত ৭ থেকে ১৮ নভেম্বর পর্যন্ত এসব নাশকতার ঘটনা ঘটে বলে জানিয়েছে পুলিশ সদর দফতর।
বৃহস্পতিবার (১৯ নভেম্বর) পুলিশ সদর দফতরের প্রকাশিত পরিসংখ্যানে এসব তথ্য তুলে ধরা হয়।
পুলিশের তথ্য অনুযায়ী, ১২ দিনে দেশের বিভিন্ন স্থানে ৭৪টি পরিবহনে আগুন দেয়া হয়েছে। এ ছাড়া ৭৮টি স্থানে ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। একই সময়ে পুলিশের তিনটি স্থাপনায় অগ্নিসংযোগ ও ভাঙচুর করা হয়। পুলিশের ১৮টি গাড়িতেও আগুন দেয়ার ঘটনা ঘটে।
পরিসংখ্যানে আরও বলা হয়েছে, ওই সময়ে পুলিশের দুটি স্থাপনায় ককটেল বিস্ফোরণ ঘটানো হয়েছে। এ ছাড়া একটি গাড়ি ককটেল বিস্ফোরণে ক্ষতিগ্রস্ত হয়েছে।
এসব ঘটনায় এখন পর্যন্ত ৩৮টি মামলা দায়ের করা হয়েছে। নাশকতার ঘটনায় জড়িত থাকার অভিযোগে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ৬৩ জনকে গ্রেফতার করেছে।
পুলিশ সদর দফতরের এআইজি (মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশনস) কামারুম মুনিরা জানান, দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে আগাম গোয়েন্দা তথ্য সংগ্রহ, নজরদারি ও টহল বাড়ানো হয়েছে। পাশাপাশি গুরুত্বপূর্ণ বিভিন্ন স্থানে চেকপোস্ট স্থাপন করা হয়েছে। যেকোনও অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি মোকাবিলায় পুলিশ প্রয়োজনীয় প্রস্তুতিও নিয়েছে।
তিনি বলেন, নিষিদ্ধ সংগঠন ও কার্যক্রম নিষিদ্ধ দল যাতে কোনও ধরনের নাশকতা চালাতে না পারে, সে জন্য পুলিশ সর্বোচ্চ সতর্ক অবস্থানে থেকে দায়িত্ব পালন করবে। অরাজক পরিস্থিতি সৃষ্টি করে আইনশৃঙ্খলার অবনতি ঘটানোর সুযোগ কাউকে দেয়া হবে না।
পুলিশের এ কর্মকর্তা আরও বলেন, কেউ নাশকতার চেষ্টা করলে তা কঠোরভাবে দমন করা হবে।
সবার দেশ/কেএম




























