গোপালগঞ্জে সহিংসতায় আ.লীগের ৯৭ জনের ব্যাংক হিসাব জব্দ
গোপালগঞ্জে সাম্প্রতিক হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনায় কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের কয়েকজন নেতাসহ ৯৭ জনের ব্যাংক হিসাব জব্দ করেছে জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) গোয়েন্দা ইউনিট। একই সঙ্গে তাদের মোবাইল আর্থিক সেবার (এমএফএস) মাধ্যমে করা লেনদেনের তথ্যও খতিয়ে দেখা হচ্ছে। এ ছাড়া আরও চারটি প্রতিষ্ঠানের ব্যাংক হিসাব যাচাই করছেন এনবিআরের চারটি গোয়েন্দা ইউনিটের কর্মকর্তারা।
এনবিআরের গোয়েন্দা সূত্র জানিয়েছে, গোপালগঞ্জের সাম্প্রতিক সহিংসতায় মাঠপর্যায়ে ভূমিকা রাখা এবং অর্থায়নের সঙ্গে সংশ্লিষ্টতার প্রাথমিক তথ্য পাওয়ার পর এসব ব্যক্তির আর্থিক লেনদেন তদন্তের সিদ্ধান্ত নেয়া হয়েছে। তাদের ব্যাংক হিসাবের পাশাপাশি বিকাশ, নগদ, রকেটসহ বিভিন্ন মোবাইল আর্থিক সেবার হিসাবও পরীক্ষা করা হচ্ছে।
ব্যাংক হিসাব জব্দের তালিকায় রয়েছেন স্বাস্থ্যের সাবেক সচিব সিরাজুল হক খান ও তার স্ত্রী আশরাতুন নাহার। এ ছাড়া গোপালগঞ্জের পাঁচ উপজেলার বিভিন্ন পর্যায়ের আওয়ামী লীগ নেতা এবং স্থানীয় সরকারের সাবেক জনপ্রতিনিধিরাও রয়েছেন এ তালিকায়।
তালিকাভুক্ত ব্যক্তিদের মধ্যে রয়েছেন গোপালগঞ্জ জেলা আওয়ামী লীগের সহসভাপতি চৌধুরী খাসরুল আলম, সদর উপজেলার সাবেক চেয়ারম্যান কামরুজ্জামান ভূঁইয়া লুটুল ও সাবেক ভাইস চেয়ারম্যান সুশীল বিশ্বাস শিপন। মুকসুদপুর উপজেলা আওয়ামী লীগের সভাপতি রবিউল আলম শিকদার, উপজেলার সাবেক চেয়ারম্যান মো. কাবির মিয়া, কোটালীপাড়া উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আয়নাল হোসেন শেখ ও সভাপতি ভবেন্দ্র নাথের ব্যাংক হিসাবও জব্দ করা হয়েছে।
এ ছাড়া টুঙ্গিপাড়া উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও উপজেলার সাবেক চেয়ারম্যান মো. বাবুল শেখ, কাশিয়ানী উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও সাবেক উপজেলা চেয়ারম্যান মো. মোক্তার হোসেন এবং মুকসুদপুরের ভাবড়াশুর ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান এস এম রিফাতুল আলম মুছার নামও রয়েছে তালিকায়।
তালিকাভুক্ত এস এম রিফাতুল আলম মুছা মুকসুদপুর উপজেলা আওয়ামী লীগের সভাপতি রবিউল আলম শিকদারের ছেলে। মো. কাবির মিয়া ২০২৪ সালে রাজনৈতিক পটপরিবর্তনের পর গ্রেফতার হন। অন্যদিকে কামরুজ্জামান ভূঁইয়া লুটুলকে ২০২৫ সালে গ্রেফতার করা হয়েছিলো।
এদিকে স্বাস্থ্যের সাবেক সচিব সিরাজুল হক খানকে গত ১৯ নভেম্বর রাজধানীর বেইলি রোড এলাকা থেকে গ্রেফতার করা হয়। জুলাই আন্দোলনের সময় মিরপুর ১০ নম্বর গোলচত্বরে সরকারি বাংলা কলেজের শিক্ষার্থী মো. সাগর আহম্মেদ হত্যার মামলায় তাকে গ্রেফতার দেখানো হয়েছে।
এনবিআরের চারটি গোয়েন্দা ইউনিট যৌথভাবে এসব ব্যক্তির আর্থিক লেনদেন যাচাইয়ের কাজ করছে। ইউনিটগুলো হলো কেন্দ্রীয় গোয়েন্দা সেল (সিআইসি), আয়কর গোয়েন্দা ও তদন্ত ইউনিট, নিরীক্ষা, গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তর বা ভ্যাট গোয়েন্দা এবং কাস্টমস গোয়েন্দা ও তদন্ত অধিদফতর (সিআইআইডি) বা শুল্ক গোয়েন্দা।
এর মধ্যে আয়কর গোয়েন্দা ও তদন্ত ইউনিট সংশ্লিষ্ট ব্যক্তিদের কর নথির সঙ্গে তাদের আয়-ব্যয়ের হিসাব মিলিয়ে দেখছে। পাশাপাশি ব্যাংক হিসাব ও মোবাইল আর্থিক সেবার লেনদেন পরীক্ষা করে আয়ের উৎস সম্পর্কে তথ্য সংগ্রহ করা হচ্ছে।
এনবিআরের একটি গোয়েন্দা ইউনিটের জ্যেষ্ঠ এক কর্মকর্তা জানান, আন্দোলনের সময় এসব ব্যক্তি মাঠপর্যায়ের রাজনীতিতে ভূমিকা রাখার পাশাপাশি নেতৃত্ব দিয়েছেন বলে প্রাথমিক গোয়েন্দা তথ্য পাওয়া গেছে। তাদের আর্থিক সংশ্লিষ্টতার তথ্যও পাওয়া গেছে। এসব তথ্যের ভিত্তিতেই ব্যাংক হিসাব জব্দ এবং লেনদেন যাচাইয়ের সিদ্ধান্ত নেয়া হয়েছে।
গোয়েন্দা দলের এক সদস্য বলেন, তাদের কাছে প্রাথমিক তথ্য রয়েছে, সংশ্লিষ্ট ব্যক্তিরা মাঠপর্যায়ের আন্দোলনে নেতৃত্ব দেয়ার পাশাপাশি অর্থ দিয়েও সক্রিয় ছিলেন। এ কারণে তাদের আর্থিক লেনদেনের বিস্তারিত খতিয়ে দেখা হচ্ছে। ব্যাংক হিসাবের পাশাপাশি বিকাশ, নগদ, রকেটসহ অন্যান্য মোবাইল আর্থিক সেবার হিসাবও জব্দ করা হয়েছে।
উল্লেখ্য, কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের বিভিন্ন কর্মসূচিকে কেন্দ্র করে দেশের বিভিন্ন স্থানে হাতবোমা বিস্ফোরণ ও অগ্নিসংযোগের ঘটনা ঘটে। এর ধারাবাহিকতায় গোপালগঞ্জ ও টুঙ্গিপাড়ায় সহিংস পরিস্থিতির সৃষ্টি হয়। সেখানে সড়ক অবরোধের পাশাপাশি বিভিন্ন স্থানে হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনা ঘটে।
সহিংসতার সময় বিএনপির তিন সংসদ সদস্যের বাড়ি ও পারিবারিক প্রতিষ্ঠানে হামলা ও ভাঙচুর চালানো হয়। পাশাপাশি থানা ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনাও ঘটে। পরিস্থিতি নিয়ন্ত্রণে অতিরিক্ত পুলিশ ও বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) মোতায়েন করে সরকার।
এসব ঘটনার পরিপ্রেক্ষিতে সংশ্লিষ্ট ব্যক্তিদের আর্থিক লেনদেনের তথ্য যাচাইয়ে নেমেছে এনবিআরের গোয়েন্দা ইউনিটগুলো। তবে তদন্তের মাধ্যমে অর্থের উৎস, লেনদেনের ধরন এবং সহিংসতার সঙ্গে সংশ্লিষ্টতার বিষয়গুলো যাচাই করা হবে।
সবার দেশ/কেএম




























