কবিয়াল সাহিত্য পুরস্কার পাচ্ছেন কুমিল্লার দুই কৃতী সন্তান
বাংলার লোকসংস্কৃতি, কবিগানের ঐতিহ্য ও দেশজ সাহিত্যচর্চায় অবদানের স্বীকৃতিস্বরূপ ‘কবিয়াল সাহিত্য পুরস্কার-২০২৬’ পাচ্ছেন একুশে পদকপ্রাপ্ত সাংবাদিক গাজীউল হাসান খান এবং কবি জুনান নাশিত। তাদের সঙ্গে এ পুরস্কার পাচ্ছেন কবি ও শিক্ষা মন্ত্রণালয়ের উপসচিব সুব্রত পাল।
বাংলার লোকজ সংস্কৃতি ও দেশজ ঐতিহ্য সংরক্ষণ এবং নতুন প্রজন্মের কাছে তা তুলে ধরার লক্ষ্যে আয়োজন করা হচ্ছে ‘কবিয়াল উৎসব-২০২৬’। কবিয়াল ফাউন্ডেশনের উদ্যোগে মঙ্গলবার (২৭ অক্টোবর) বিকেল সাড়ে ৪টায় রাজধানীর বাংলাদেশ শিল্পকলা একাডেমির জাতীয় চিত্রশালা মিলনায়তনে এ উৎসব অনুষ্ঠিত হবে।
পুরস্কারপ্রাপ্তদের মধ্যে গাজীউল হাসান খান বাংলাদেশ সংবাদ সংস্থার (বাসস) সাবেক ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান সম্পাদক। সাংবাদিকতায় বিশেষ অবদানের জন্য তিনি একুশে পদকে ভূষিত হয়েছেন। কবি জুনান নাশিতও এ আয়োজনের মাধ্যমে সাহিত্যচর্চায় তার অবদানের স্বীকৃতি পাচ্ছেন। বর্তমানে তিনি বাসস-এর উপপ্রধান বার্তা সম্পাদক হিসেবে কর্মরত আছেন।অন্যদিকে, কবি সুব্রত পাল শিক্ষা মন্ত্রণালয়ের উপসচিব হিসেবে দায়িত্ব পালনের পাশাপাশি সাহিত্যচর্চার সঙ্গে যুক্ত রয়েছেন।
আয়োজকদের দেয়া তথ্য অনুযায়ী, অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন বাংলাদেশ এনজিও ফাউন্ডেশনের চেয়ারম্যান খোন্দকার মো. মোরতাজুল করিম (বাদরু)। উৎসব উদ্বোধন করবেন বাংলাদেশ সুপ্রিম কোর্টের অবসরপ্রাপ্ত বিচারপতি মীর হাসমত আলী। মুখ্য আলোচক হিসেবে বক্তব্য দেবেন বাংলাদেশ পুলিশের সাবেক অতিরিক্ত মহাপরিদর্শক সরদার তমিজউদ্দীন আহমেদ।
অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেবেন কবিয়াল ফাউন্ডেশনের গভর্নর বাপ্পি সাহা। সভাপতিত্ব করবেন ফাউন্ডেশনের কেন্দ্রীয় চেয়ারম্যান কবি অধ্যাপক ড. মু. নজরুল ইসলাম তামিজী।
উৎসবে অধ্যাপক ড. মু. নজরুল ইসলাম তামিজীর গবেষণাগ্রন্থ ‘নজরুলের সাম্যবাদী চেতনা’ এবং মুহাম্মদ ছমিউদ্দীন চিশতীর কাব্যগ্রন্থ ‘রুহের সফর’-এর মোড়ক উন্মোচন করা হবে। এর মধ্য দিয়ে সাহিত্য ও গবেষণাধর্মী বইয়ের সঙ্গে পাঠকদের পরিচিত হওয়ার সুযোগ তৈরি হবে বলে আশা করছেন আয়োজকেরা।
আয়োজকেরা জানান, বাংলার লোকজ সংস্কৃতি, কবিগানের ঐতিহ্য এবং সাহিত্যচর্চার প্রসারে এ উৎসব গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। একই সঙ্গে দেশজ সাংস্কৃতিক ঐতিহ্য সংরক্ষণে তরুণ প্রজন্মের মধ্যে আগ্রহ ও সচেতনতা বাড়বে বলে তারা আশাবাদী।
সূত্র: বাসস
সবার দেশ/কেএম




























