Sobar Desh | সবার দেশ সবার দেশ প্রতিবেদক

প্রকাশিত: ২২:০১, ২৪ জুন ২০২৬

আস্থা ফিরেছে সংসদে

১৭ বছর পর পেয়েছি কার্যকর জাতীয় সংসদ: স্পিকার 

১৭ বছর পর পেয়েছি কার্যকর জাতীয় সংসদ: স্পিকার 
ছবি: সংগৃহীত

দীর্ঘ ১৭ বছর পর বাংলাদেশ একটি সত্যিকারের কার্যকর জাতীয় সংসদ পেয়েছে বলে মন্তব্য করেছেন জাতীয় সংসদের স্পিকার হাফিজ উদ্দিন আহমদ। তিনি বলেছেন, দেশের মানুষ দীর্ঘদিন ধরে একটি প্রতিনিধিত্বশীল ও কার্যকর সংসদের প্রত্যাশা করেছিলো। এবারের অবাধ ও সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে সে প্রত্যাশা পূরণ হয়েছে এবং জাতীয় সংসদের প্রতি জনগণের আস্থা বহুগুণে বৃদ্ধি পাবে।

বুধবার (২৪ জুন) জাতীয় সংসদের সাংবাদিক লাউঞ্জে বাংলাদেশ পার্লামেন্ট জার্নালিস্টস অ্যাসোসিয়েশন (বিপিজেএ) আয়োজিত ‘ফল উৎসব-২০২৬’-এ প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

স্পিকার বলেন, গণমাধ্যমের শক্তিশালী ও দায়িত্বশীল ভূমিকার মাধ্যমে জাতীয় সংসদ আরও মর্যাদাপূর্ণ হয়ে উঠবে এবং জনগণের আশা-আকাঙ্ক্ষার প্রকৃত কেন্দ্রবিন্দুতে পরিণত হবে। তিনি মনে করেন, সংসদের কার্যক্রম জনগণের কাছে পৌঁছে দিতে সাংবাদিকদের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ।

দীর্ঘ রাজনৈতিক জীবনের অভিজ্ঞতা তুলে ধরে হাফিজ উদ্দিন আহমদ অতীতের সংসদীয় ব্যবস্থার কঠোর সমালোচনা করেন। বিশেষ করে সাবেক রাষ্ট্রপতি হুসেইন মুহম্মদ এরশাদের আমলে সংসদ সদস্য থাকার অভিজ্ঞতা স্মরণ করে তিনি বলেন, সে সময়ের অনেক ঘটনা আজও তাকে বিব্রত করে।

স্পিকার বলেন, আমি বেশ কয়েকটি সংসদের সদস্য নির্বাচিত হয়েছিলাম। বিশেষ করে হুসেইন মুহম্মদ এরশাদের আমলের সংসদের সদস্য ছিলাম, এটা বলতেই লজ্জা পাই। অনেক সময় টেলিভিশনে দেখেছি কিংবা রেডিওতে শুনেছি, একটি এলাকা থেকে একজন নির্বাচিত হয়েছেন, কিন্তু দুই দিন পর দেখা গেছে অন্য কেউ সংসদে এসে বসেছেন। নানা কৌশলে অনেকেই সংসদ সদস্য নির্বাচিত হয়ে যেতেন।

তিনি বলেন, দীর্ঘদিন ধরে দেশে এমন ‘আবোল-তাবোল’ সংসদ পরিচালিত হওয়ার পর এবার একটি প্রকৃত ও কার্যকর সংসদ গঠিত হয়েছে। বর্তমান সংসদকে তিনি ১৯৯১ সালের পঞ্চম জাতীয় সংসদের সঙ্গে তুলনা করে বলেন, সে সময়ের মতোই এ সংসদও শক্তিশালী, প্রতিনিধিত্বশীল ও কার্যকর হওয়ার সম্ভাবনা রাখে।

স্পিকার আরও বলেন, এবারের নির্বাচনে এমন অনেক প্রার্থী বিজয়ী হয়েছেন, যাদের আগে বড় কোনও রাজনৈতিক পরিচিতি ছিলো না। কিন্তু জনগণ তাদের যোগ্যতা ও গ্রহণযোগ্যতার ভিত্তিতে নির্বাচিত করেছে। এটি দেশের রাজনৈতিক সংস্কৃতিতে ইতিবাচক পরিবর্তনের ইঙ্গিত বহন করে।

ভোটারদের মনোভাব বিশ্লেষণ করে তিনি বলেন, এবারের ভোটিং প্যাটার্ন স্পষ্টভাবে প্রমাণ করেছে যে দেশের মানুষ পরিবর্তন চায়। অতীতে অনেক সংসদ সদস্যের কর্মকাণ্ডে জনগণ সন্তুষ্ট ছিলো না। তারা এমন একটি সংসদ চেয়েছিলো, যেখানে জনগণের স্বার্থ ও প্রত্যাশার প্রতিফলন ঘটবে।

নবনির্বাচিত সংসদ সদস্যদের দায়িত্বের কথা স্মরণ করিয়ে দিয়ে স্পিকার বলেন, মানুষ আমাদের ওপর আস্থা রেখেছে। সে আস্থার মর্যাদা রক্ষা করতে হলে জনগণের সেবায় নিজেদের সম্পূর্ণভাবে নিয়োজিত করতে হবে। এখন আমাদের দায়িত্ব আগের যেকোনও সময়ের চেয়ে বেশি।

অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্যে জাতীয় সংসদের ডেপুটি স্পিকার ব্যারিস্টার কায়সার কামাল গণতন্ত্রকে প্রাতিষ্ঠানিক রূপ দেয়ার ওপর গুরুত্বারোপ করেন। তিনি বলেন, সংসদকে দেশের সবকিছুর কেন্দ্রবিন্দু হিসেবে প্রতিষ্ঠিত করতে হবে এবং এ লক্ষ্যে সাংবাদিকদের ভূমিকা অত্যন্ত তাৎপর্যপূর্ণ।

ডেপুটি স্পিকার বলেন, শক্তিশালী গণতন্ত্র গড়ে তুলতে স্বাধীন ও দায়িত্বশীল সাংবাদিকতা অপরিহার্য। সংসদ সদস্য ও সাংবাদিকদের মধ্যে পারস্পরিক সম্পর্ক ও সহযোগিতা বৃদ্ধিতে এ ধরনের আয়োজন ইতিবাচক ভূমিকা রাখবে।

জাতীয় সংসদের চিফ হুইপ মো. নূরুল ইসলাম মনি বলেন, সংসদকে জনগণের আরও কাছাকাছি নিয়ে যেতে সাংবাদিকদের যেকোনও ইতিবাচক ও গঠনমূলক উদ্যোগে সংসদ সচিবালয় সর্বাত্মক সহযোগিতা প্রদান করবে।

বিপিজেএর সভাপতি হারুন জামিলের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক শওকত আলী খান লিথোর সঞ্চালনায় আয়োজিত এ ফল উৎসবে রাজনৈতিক অঙ্গন, সংসদ সচিবালয় এবং গণমাধ্যমের শীর্ষস্থানীয় ব্যক্তিরা অংশ নেন।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সরকারদলীয় হুইপ জি কে গউছ, মিয়া নুরুদ্দিন আহাম্মেদ অপু, আখতারুজ্জামান মিয়া, এ বি এম আশরাফ উদ্দিন (নিজান), বিরোধীদলীয় চিফ হুইপ নাহিদ ইসলাম, বিএনপির সংসদ সদস্য শেখ ফরিদ আহমেদ মানিক, জামায়াতের সংসদ সদস্য ব্যারিস্টার মোহাম্মদ নাজিবুর রহমান, রাশেদুল ইসলাম রাশেদ, সালাহ উদ্দিন, জাতীয় সংসদের সচিব ব্যারিস্টার মো. গোলাম সরওয়ার ভূঁইয়া, সরকারের প্রধান তথ্য কর্মকর্তা সৈয়দ আবদাল আহমেদসহ বিভিন্ন রাজনৈতিক ও গণমাধ্যম ব্যক্তিত্ব।

এ ছাড়া বিপিজেএর সহসভাপতি ফয়েজ উল্লাহ ভূঁইয়া, যুগ্ম সাধারণ সম্পাদক মিজানুর রহমান, অর্থ সম্পাদক মো. শাহজাহান মোল্লা, দপ্তর সম্পাদক নাজমুল ইসলাম (তানিম আহমেদ), কার্যনির্বাহী সদস্য মশিউর রহমান ও মনিরুল ইসলামসহ সংগঠনের নেতারাও অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।

সবার দেশ/কেএম

সর্বশেষ

শীর্ষ সংবাদ:

পারমাণবিক অস্ত্রই বিশ্বকে বড় যুদ্ধ থেকে বাঁচিয়ে রেখেছে: রাশিয়া
ডা. জাহেদের ঘটনায় দিল্লির ব্যাখ্যা প্রত্যাখ্যান করলো ঢাকা
হিজাব ছাড়া গান গাওয়ায় ইরানি গায়িকার ৭৪ দোররার সাজা
বিশ্বকাপ ফাইনালে ট্রাম্প-ইনফান্তিনোর যৌথ ট্রফি প্রদান
ডিসি সারওয়ার আমাদের ‘চোখ খুলে দিয়েছেন’: মন্ত্রী আরিফুল হক
সীমান্ত রক্ষায় সীমান্তবাসীদের সামরিক ট্রেনিং দিতে হবে: নাসীরুদ্দিন পাটওয়ারী
রেমিট্যান্সে নতুন রেকর্ডের পথে বাংলাদেশ
প্যারিসে ফের খুলছে মেরি ও লুই পাস্তুরের অ্যাপার্টমেন্ট-মিউজিয়াম
প্রেমের বিয়ে, সাবেক স্বামীর ম্যাসেজে প্রাণ গেলো তরুণীর
রিজার্ভে স্বস্তি, ছাড়ালো ৩৬ বিলিয়ন ডলার
১৭ বছর পর পেয়েছি কার্যকর জাতীয় সংসদ: স্পিকার
রোনালদোর জোড়া গোলে উজবেকিস্তানকে উড়িয়ে দিলো পর্তুগাল
৫ আগস্টের পর আ.লীগের রাজনীতি শেষ হয়ে গেছে: নাহিদ ইসলাম