Sobar Desh | সবার দেশ সবার দেশ প্রতিবেদক

প্রকাশিত: ০০:২৫, ২১ জুলাই ২০২৬

জেলা-উপজেলায় বড় পরিকল্পনা সরকারের

সরকারি হাসপাতালেই মিলবে পূর্ণ চিকিৎসাসেবা: প্রধানমন্ত্রী

সরকারি হাসপাতালেই মিলবে পূর্ণ চিকিৎসাসেবা: প্রধানমন্ত্রী
ছবি: সংগৃহীত

সরকারি হাসপাতালই যেনো দেশের মানুষের চিকিৎসার প্রথম ও একমাত্র ভরসার জায়গা হয়ে ওঠে— এমন লক্ষ্য সামনে রেখে স্বাস্থ্যখাতে ব্যাপক সংস্কার ও সেবার মানোন্নয়নের নির্দেশনা দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তিনি বলেছেন, গ্রামের মানুষ যেন কোনো ভোগান্তি ছাড়াই সরকারি হাসপাতালে প্রয়োজনীয় চিকিৎসা, পরীক্ষা-নিরীক্ষা ও ওষুধ পান, সেজন্য সংশ্লিষ্ট সবাইকে আন্তরিকতার সঙ্গে কাজ করতে হবে।

সোমবার (২০ জুলাই) বিকেলে সচিবালয়ে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয় পরিদর্শন করে মন্ত্রণালয়ের কর্মকর্তা ও সংশ্লিষ্টদের সঙ্গে বৈঠকে এসব নির্দেশনা দেন প্রধানমন্ত্রী।

বৈঠকে প্রধানমন্ত্রী বলেন, সরকারি হাসপাতালে চিকিৎসা নিতে এসে মানুষ যেন হয়রানির শিকার না হন এবং চিকিৎসার জন্য বেসরকারি প্রতিষ্ঠানের দিকে যেতে বাধ্য না হন। চিকিৎসকদের দায়িত্বশীলতা ও মানবিক আচরণের ওপর গুরুত্বারোপ করে তিনি বলেন, রোগীদের সেবা দেওয়ার ক্ষেত্রে আরও আন্তরিক হতে হবে। মানুষের আস্থা অর্জন করতে হলে সরকারি হাসপাতালের সেবার মান দৃশ্যমানভাবে বাড়াতে হবে।

বৈঠকের শুরুতে বর্তমান সরকার দায়িত্ব গ্রহণের পর গত পাঁচ মাসে স্বাস্থ্যখাতের অগ্রগতি সম্পর্কে স্বাস্থ্যমন্ত্রী, প্রতিমন্ত্রী, স্বাস্থ্যসচিব ও সংশ্লিষ্ট কর্মকর্তাদের কাছে জানতে চান প্রধানমন্ত্রী।

জবাবে তারা জানান, দীর্ঘদিনের অব্যবস্থাপনা ও নানা সীমাবদ্ধতার কারণে স্বাস্থ্যখাত অত্যন্ত নাজুক অবস্থায় পৌঁছেছিলো। বিশেষ করে প্রান্তিক জনগোষ্ঠীর জন্য মানসম্মত স্বাস্থ্যসেবা নিশ্চিত করা কঠিন হয়ে পড়েছিলো। সে পরিস্থিতি থেকে উত্তরণে সরকার বিভিন্ন সংস্কারমূলক পদক্ষেপ গ্রহণ করেছে এবং স্বাস্থ্যসেবা জনগণের দোরগোড়ায় পৌঁছে দিতে কাজ করে যাচ্ছে।

বৈঠকে সোশ্যাল মিডিয়া ও গণমাধ্যমে প্রকাশিত উপজেলা পর্যায়ের স্বাস্থ্যসেবা নিয়ে বিভিন্ন অভিযোগও উঠে আসে। বিশেষ করে হাসপাতালে চিকিৎসক কর্মরত থাকলেও রোগীরা কাঙ্ক্ষিত চিকিৎসাসেবা পাচ্ছেন না এবং দায়িত্বে অবহেলার অভিযোগ রয়েছে বলে উল্লেখ করা হয়।

এ বিষয়ে প্রধানমন্ত্রী কঠোর অবস্থান নেয়ার নির্দেশ দিয়ে বলেন, দায়িত্বে অবহেলা বা জনগণকে সেবা দিতে গাফিলতির কোনও সুযোগ নেই। অভিযোগের সত্যতা পাওয়া গেলে সংশ্লিষ্টদের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণসহ প্রয়োজনীয় প্রশাসনিক পদক্ষেপ নিতে হবে।

কিডনি রোগীদের চিকিৎসাসেবা সম্প্রসারণেও বড় পরিকল্পনার কথা তুলে ধরেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তিনি বলেন, বর্তমানে যেসব জেলায় ১০ শয্যার ডায়ালাইসিস সেন্টার রয়েছে, সেগুলো পর্যায়ক্রমে ৫০ শয্যায় উন্নীত করা হবে। পাশাপাশি আগামী তিন বছরের মধ্যে দেশের সব উপজেলায় পর্যায়ক্রমে ডায়ালাইসিস সেন্টার স্থাপন করা হবে, যাতে কিডনি রোগীদের চিকিৎসার জন্য দূর-দূরান্তে যেতে না হয়।

এ লক্ষ্যে প্রয়োজনীয় দক্ষ জনবল তৈরি, আধুনিক যন্ত্রপাতি সংগ্রহ এবং লজিস্টিক সহায়তা নিশ্চিত করার জন্য সংশ্লিষ্টদের নির্দেশ দেন তিনি।

এ ছাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সগুলোর সক্ষমতা বাড়াতে ৫১ শয্যার হাসপাতালগুলোকে ১০১ শয্যায় উন্নীত করার সরকারি উদ্যোগ নিয়েও বৈঠকে বিস্তারিত আলোচনা হয়। এ সময় গণপূর্ত বিভাগের প্রকৌশলীরা হাসপাতালের অবকাঠামো সম্প্রসারণ, নতুন ভবনের নকশা এবং প্রয়োজনীয় জনবল নিয়োগসংক্রান্ত পরিকল্পনা প্রধানমন্ত্রীর সামনে উপস্থাপন করেন।

বৈঠকে প্রধানমন্ত্রী স্বাস্থ্যখাতকে আরও জনবান্ধব, কার্যকর ও আধুনিক করতে প্রয়োজনীয় সব ধরনের উদ্যোগ দ্রুত বাস্তবায়নের নির্দেশনা দেন। তিনি বলেন, মানুষের মৌলিক অধিকার নিশ্চিত করতে স্বাস্থ্যসেবার বিকল্প নেই। তাই সরকারি হাসপাতালগুলোকে এমনভাবে গড়ে তুলতে হবে, যাতে দেশের প্রতিটি মানুষ নিশ্চিন্তে সেখানে চিকিৎসা নিতে পারেন এবং সরকারি স্বাস্থ্যব্যবস্থার ওপর পূর্ণ আস্থা রাখতে পারেন।

সবার দেশ/কেএম

জনপ্রিয়

শীর্ষ সংবাদ:

ভারত-যুক্তরাষ্ট্র বাণিজ্য চুক্তির প্রতিবাদে দিল্লিমুখী কৃষকরা
এনআইডি সংশোধনে স্বস্তি, প্রবাসীদের ভোটার নিবন্ধন হবে আরও দ্রুত
স্বরাষ্ট্রমন্ত্রী সীমান্ত হত্যাকে বৈধতা দিয়েছেন: হাসনাত
মেসি আমার আদর্শ, তার হার দেখতে ভালো লাগে না: কুবার্সি
সবুজবাগে বিএনপি কর্মীকে কুপিয়ে হত্যা
প্রবাসীর স্ত্রীর ঘরে যুবকের লাশ উদ্ধার
বেনজীরকে ফেরাতে আরও এক ধাপ অগ্রগতি
ভাইরাল ভিডিও ঘিরে বিতর্কে জামায়াত এমপি
রাহুল গান্ধীকে কোথায় নিয়ে গেছে পুলিশ, জানেন না কংগ্রেস নেতারা
গুজবে রাজশাহীর পেট্রল পাম্পে উপচে পড়া ভিড়
শার্শায় ট্রলি-মোটরসাইকেল সংঘর্ষে নিহত ২, আহত ৩
দিল্লির শিক্ষার্থী আন্দোলনে গিয়ে অসুস্থ শাবানা আজমি
কাশিমপুর মহিলা কারাগারের জেলার বরখাস্ত
হাসিনার লাশ বাংলাদেশে জানাজা পাবে না: সারোয়ার তুষার
বিশ্ব চ্যাম্পিয়ন স্পেন ফিফা র‌্যাঙ্কিংয়ের শীর্ষে
ছাত্রাবাসে তরুণীকে চার দিন আটকে ধর্ষণের অভিযোগ
সরকারি হাসপাতালেই মিলবে পূর্ণ চিকিৎসাসেবা: প্রধানমন্ত্রী
৩১ দফা ও জুলাই সনদের ভিত্তিতেই হবে রাষ্ট্র সংস্কার: মির্জা ফখরুল
দিল্লির বিক্ষোভ যেনো আরেক জুলাই বিপ্লব