Sobar Desh | সবার দেশ বরিশাল প্রতিনিধি

প্রকাশিত: ০৭:৫৫, ২৩ মার্চ ২০২৬

বরিশালে তোলপাড়

সালিশে বৃদ্ধকে পিটিয়ে হত‍্যা, বিএনপি নেতা বহিস্কার

সালিশে বৃদ্ধকে পিটিয়ে হত‍্যা, বিএনপি নেতা বহিস্কার
ছবি: সংগৃহীত

বরিশালের মেহেন্দিগঞ্জ উপজেলার চরহোগলা গ্রামে সালিশি বৈঠকে পুলিশের উপস্থিতিতেই এক বৃদ্ধকে পিটিয়ে হত্যার ঘটনায় এলাকায় চাঞ্চল্য সৃষ্টি হয়েছে। রোববার (২২ মার্চ) বিকেলে সংঘটিত এ ঘটনায় নিহত হয়েছেন খোরশেদ সিকদার (৬৫)।

প্রত্যক্ষদর্শী ও সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়া ভিডিওতে দেখা যায়, কয়েকজন ব্যক্তি মিলে খোরশেদ সিকদারকে নির্মমভাবে মারধর করছে। ঘটনাস্থলে উপস্থিত পুলিশ সদস্যরা হামলা থামানোর চেষ্টা করলেও পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে ব্যর্থ হন। একপর্যায়ে চেয়ার ও লাঠির আঘাতে গুরুতর আহত হয়ে মাটিতে লুটিয়ে পড়েন তিনি।

পরে তাকে দ্রুত মেহেন্দিগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স-এ নেয়া হলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

ঘটনার পর ভিডিও ফুটেজের ভিত্তিতে হামলায় জড়িত থাকার অভিযোগে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর স্থানীয় এক নেতার বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হয়েছে। মেহেন্দিগঞ্জ পৌর বিএনপির ১ নম্বর ওয়ার্ড শাখার সাধারণ সম্পাদক জাহাঙ্গীর হাওলাদারকে দল থেকে স্থায়ীভাবে বহিষ্কার করা হয়েছে।

পৌর বিএনপির আহ্বায়ক সৈয়দ রিয়াজ শাহিন লিটন এবং সদস্যসচিব রিয়াজ উদ্দিন চৌধুরী দিনু মিয়ার সই করা এক বিজ্ঞপ্তিতে রোববার রাতে এ সিদ্ধান্তের কথা জানানো হয়।

এ বিষয়ে মেহেন্দিগঞ্জ থানা পুলিশের এসআই বশির আহম্মেদ জানান, ঘর নির্মাণের পাওনা টাকা নিয়ে দুই পক্ষের মধ্যে দীর্ঘদিন ধরে বিরোধ চলছিলো। সে বিরোধ মীমাংসার জন্যই রোববার বিকেলে সালিশ বৈঠক বসে। কিন্তু কথা কাটাকাটি থেকে হঠাৎ সংঘর্ষে রূপ নেয় পরিস্থিতি।

তিনি আরও জানান, নিহতের লাশ ময়নাতদন্তের জন্য বরিশাল মর্গে পাঠানো হয়েছে এবং ঘটনায় জড়িতদের গ্রেফতারে অভিযান চলছে। এ ঘটনায় আরও অন্তত তিনজন আহত হয়েছেন।

বরিশালের পুলিশ সুপার এ জেড এম মোস্তাফিজুর রহমান বলেন, পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার চেষ্টা করেছিলো, তবে সহিংসতা দ্রুত ছড়িয়ে পড়ায় তাৎক্ষণিকভাবে নিয়ন্ত্রণ সম্ভব হয়নি।

এদিকে নিহতের পরিবার মামলা দায়েরের প্রস্তুতি নিচ্ছে। স্থানীয়দের মধ্যে এ ঘটনাকে কেন্দ্র করে চরম উত্তেজনা বিরাজ করছে।

সবার দেশ/কেএম

শীর্ষ সংবাদ:

২০৩০ সালে শীর্ষ ৩০ অর্থনীতির সম্ভাবনা বাংলাদেশের
সাবেক সিইসি হাবিবুল আউয়াল হত্যা মামলায় গ্রেফতার
১০ এয়ারবাস কিনছে বিমান, ৭ অক্টোবর চুক্তি
ভয়ভীতি দেখিয়ে পাটওয়ারীর কণ্ঠ স্তব্ধ করা যাবে না: নাহিদ
এক বছরে বদলে যাবে শেয়ারমার্কেটের চেহারা: অর্থমন্ত্রী
প্রীতম-শাহতাজের চার বছরের সংসারে বিচ্ছেদ
ছাত্রদলের হামলায় রাবির ৪ সাংবাদিক গুরুতর আহত
নাসীরুদ্দীন পাটওয়ারীর ওপর ফের হামলা, গাড়ি ভাঙচুর
ইমরান খানের মুক্তির দাবিতে পিটিআইয়ের লংমার্চ
৩০০ ফিটে উচ্ছেদ অভিযান, সরানো হলো বিলবোর্ড
রামপালে বিদ্যুৎ উৎপাদনে নতুন রেকর্ড
ভারতে পিটিয়ে ও পুড়িয়ে দুই মুসলিম যুবক হত্যা
জামায়াতকে ‘গুপ্ত’ বলার আগে নিজের চেহারা আয়নায় দেখুন: গোলাম পরওয়ার