Sobar Desh | সবার দেশ মেঘনা (কুমিল্লা) প্রতিনিধি

প্রকাশিত: ১০:০৫, ৩০ মে ২০২৬

নবীন-প্রবীণের মিলনমেলায় মেঘনার শিক্ষা উন্নয়নে নানা প্রস্তাব

নবীন-প্রবীণের মিলনমেলায় মেঘনার শিক্ষা উন্নয়নে নানা প্রস্তাব
ছবি: সবার দেশ

কুমিল্লার মেঘনা উপজেলার উন্নয়ন, ঐতিহ্য সংরক্ষণ এবং শিক্ষার মানোন্নয়নকে সামনে রেখে অনুষ্ঠিত হয়েছে নবীন-প্রবীণদের ঈদ পুনর্মিলনী। ঈদের আনন্দঘন পরিবেশে আয়োজিত এ মিলনমেলায় স্থানীয় ইতিহাস-ঐতিহ্য, সংস্কৃতি, শিক্ষা ও সামাজিক উন্নয়ন নিয়ে প্রাণবন্ত আলোচনা হয়। আলোচনার কেন্দ্রবিন্দুতে ছিলো মেঘনার শিক্ষার মানের অবনতি এবং তা থেকে উত্তরণের কার্যকর উপায়।

শুক্রবার (২৯ মে) মানিকারচর সরকারি কলেজ অডিটোরিয়ামে ‘আমরা মেঘনাবাসী’ সামাজিক সংগঠনের উদ্যোগে এ ঈদ পুনর্মিলনী অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে অংশ নেন উপজেলার বিভিন্ন ক্ষেত্রে প্রতিষ্ঠিত নবীন ও প্রবীণ ব্যক্তিত্ব। উপস্থিত ছিলেন শিক্ষাবিদ, বিভিন্ন বিশ্ববিদ্যালয়, কলেজ ও স্কুলের শিক্ষক, গণমাধ্যমকর্মী, করপোরেট পেশাজীবী, ব্যবসায়ী, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠকসহ এলাকার বিশিষ্টজনেরা।

অনুষ্ঠানের শুরুতে মেঘনার ইতিহাস, ঐতিহ্য ও সংস্কৃতিকে ধারণ করে স্থানীয় ভাষা, লোকজ স্মৃতি এবং কয়েক দশক আগের গ্রামীণ খাবারের আয়োজন অংশগ্রহণকারীদের মধ্যে ভিন্নমাত্রার আবেগ তৈরি করে। অতীত স্মৃতিচারণের পাশাপাশি বর্তমান প্রজন্মের ভবিষ্যৎ নিয়ে গভীর আলোচনা হয়।

বক্তারা বলেন, অর্থনৈতিকভাবে অনেক পরিবার স্বচ্ছল হলেও মেঘনার মানুষ এখনও মানসম্মত শিক্ষা ও চিকিৎসা সুবিধা থেকে বঞ্চিত। বিশেষ করে শিক্ষার ক্ষেত্রে উপজেলার অবস্থান ক্রমেই পিছিয়ে পড়ছে, যা ভবিষ্যৎ প্রজন্মের জন্য উদ্বেগজনক। এ পরিস্থিতি থেকে উত্তরণের জন্য সবাইকে সম্মিলিত উদ্যোগ গ্রহণের আহ্বান জানানো হয়।

শিক্ষার মানোন্নয়ন নিয়ে আলোচনায় অংশ নেয়া শিক্ষাবিদরা আশপাশের কয়েকটি উপজেলার উদাহরণ তুলে ধরে বলেন, পরিকল্পিত উদ্যোগ, দক্ষ শিক্ষক এবং সমন্বিত তদারকির মাধ্যমে শিক্ষা খাতে উল্লেখযোগ্য উন্নয়ন সম্ভব। তারা মেঘনার শিক্ষাব্যবস্থার দুর্বলতা চিহ্নিত করে তা দূরীকরণে একাধিক প্রস্তাব উপস্থাপন করেন। প্রস্তাবনাগুলোর মধ্যে ছিলো—

  • শিক্ষা বিষয়ক টকশোর আযোজন করা
  • সেমিনার ও মতবিনিময় সভার আয়োজন বৃদ্ধি
  • গবেষণাভিত্তিক বিজ্ঞানসম্মত পাঠদানের লক্ষ্যে মানসম্পন্ন শিক্ষা প্রতিষ্ঠান গড়ে তোলা
  • দক্ষ ও যোগ্য শিক্ষক নিয়োগ নিশ্চিত করা
  • উপজেলার শিক্ষার্থীদের জন্য উন্নতমানের ভর্তি ও একাডেমিক কোচিং ব্যবস্থা গড়ে তোলা
  • শিক্ষা উন্নয়নে গ্রহণযোগ্য ও অভিজ্ঞ ব্যক্তিদের সমন্বয়ে কার্যকর প্ল্যাটফর্ম তৈরি করা
  • আধুনিক ও প্রয়োগভিত্তিক শিক্ষার জন্য প্রয়োজনীয় উপকরণ সরবরাহ নিশ্চিত করা এবং 
  • এলাকার সব শিক্ষাপ্রতিষ্ঠানের জন্য সমন্বিত তদারকি ব্যবস্থা চালু করা।

এছাড়া স্থানীয় শিক্ষা প্রতিষ্ঠানগুলোর মধ্যে ইতিবাচক প্রতিযোগিতার পরিবেশ সৃষ্টি, আবাসিক সুবিধা ও আর্থিক সহায়তার সম্ভাবনা যাচাই, বর্তমান জাতীয় শিক্ষাক্রম বাস্তবায়নে স্থানীয় পর্যায়ে কার্যকর উদ্যোগ গ্রহণ, প্রাথমিক স্তরের শিক্ষকদের প্রশিক্ষণ ও দক্ষতা উন্নয়ন এবং একটি সাংস্কৃতিক একাডেমি প্রতিষ্ঠার প্রস্তাবও উঠে আসে।

শুধু শিক্ষা নয়, মেঘনার সামগ্রিক উন্নয়ন নিয়েও বিভিন্ন প্রস্তাব দেন বক্তারা। তারা নব্বইয়ের দশকের মেঘনার জীবনযাত্রা, সংস্কৃতি ও সামাজিক বাস্তবতা নিয়ে একটি শর্টফিল্ম নির্মাণের উদ্যোগ গ্রহণের আহ্বান জানানো হয়। পাশাপাশি ‘আমরা মেঘনাবাসী’ সংগঠনকে আরও শক্তিশালী ও কার্যকর করার ওপর গুরুত্বারোপ করা হয়।

অনুষ্ঠানে অংশগ্রহণকারীরা মনে করেন, প্রবাসী, শিক্ষিত ও পেশাজীবী মেঘনাবাসীদের মধ্যে সমন্বয় বাড়ানো গেলে উপজেলার উন্নয়নে নতুন দিগন্ত উন্মোচিত হতে পারে। এ লক্ষ্যে বিভিন্ন খাতে সমন্বিত পরিকল্পনা গ্রহণের প্রয়োজনীয়তার কথা তুলে ধরা হয়।

আলোচনা শেষে তাৎক্ষণিকভাবে কয়েকটি গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত গ্রহণ করা হয়। এর মধ্যে রয়েছে— 

  • মেঘনায় একটি মানসম্মত শিক্ষা প্রতিষ্ঠান প্রতিষ্ঠার সম্ভাব্যতা যাচাইয়ের জন্য শিক্ষাবিদ ও ব্যবসায়ীদের সমন্বয়ে একটি টিম গঠন এবং 
  • উপজেলার বিভিন্ন সেবা, তথ্য ও যোগাযোগ কার্যক্রমকে এক প্ল্যাটফর্মে আনার লক্ষ্যে ‘মেঘনা ই-সেবা’ নামে একটি সামাজিক অ্যাপস দ্রুত চালুর উদ্যোগ।

আয়োজকরা আশা প্রকাশ করেন, এ ধরনের মিলনমেলা শুধু ঈদের আনন্দ ভাগাভাগির মধ্যেই সীমাবদ্ধ থাকবে না; বরং মেঘনার শিক্ষা, সংস্কৃতি ও সামগ্রিক উন্নয়নে কার্যকর ভূমিকা রাখবে। নবীনদের উদ্যম ও প্রবীণদের অভিজ্ঞতার সমন্বয়ে একটি উন্নত, শিক্ষিত ও সমৃদ্ধ মেঘনা গড়ে তোলার প্রত্যয় নিয়েই শেষ হয় ব্যতিক্রমধর্মী এ আয়োজন।

সবার দেশ/কেএম

শীর্ষ সংবাদ:

ফিটনেসবিহীন গাড়ির চালকের আসনে তারেক রহমান: হাসনাত
ড. ইউনূসকে হেনস্তা, ৪ আওয়ামী জঙ্গি শনাক্ত
এনসিপির শীর্ষ চার পদ বিলুপ্তির সিদ্ধান্ত, বদলাচ্ছে নেতৃত্ব
ড. ইউনূসকে হেনস্তা, ১২ সাবেক উপদেষ্টার নিন্দা
মুচলেকা দিয়ে পুলিশি পাহারায় ক্যাম্পাস ছাড়লেন চুয়েট ভিসি
ড. ইউনূসের হেনস্তার দায় পররাষ্ট্রমন্ত্রীর: নাহিদ
যুক্তরাষ্ট্রে ড. ইউনূসকে হেনস্তা, সরকারের নিন্দা
ড. ইউনূস ভালো আছেন, কোনও ক্ষতি হয়নি: লামিয়া মোরশেদ
মোদিবিরোধী আন্দোলনে বাজলো হাসিনাবিরোধী প্রতিবাদী গান
পাখি আমদানির আড়ালে শত কোটি টাকা পাচার
ওয়ান ব্যাংকে অভিজ্ঞতা ছাড়াই নিয়োগ
বিএনপি’র সাবেক এমপি সালাহউদ্দিন আহমেদ আর নেই
ইরানে অতিরিক্ত বাড়াবাড়ি করে ফেলেছি: ট্রাম্প
ড. ইউনূসকে হেনস্তার ঘটনায় জুলাই জার্নালিস্ট ইউনিটির নিন্দা ও প্রতিবাদ
টেস্টে লিটন দাসের বিশ্বরেকর্ড
চুয়েটে ২৪ ঘণ্টা ধরে অবরুদ্ধ উপাচার্যসহ ১১ জন
নিউইয়র্কে ইউনূসকে হেনস্তা, ব্যবস্থা নেবে সরকার: তথ্য উপদেষ্টা