বিএনপি এমপি সেলিমুজ্জামানের বাড়িতে আগুন দিলো আওয়ামী সন্ত্রাসীরা
ককটেল বিস্ফোরণ, পেট্রলবোমা নিক্ষেপ ও ভাঙচুরের অভিযোগ; হামলার শিকার আরও দুই সংসদ সদস্যের বাড়ি।
গোপালগঞ্জে সহিংসতা ও হামলার ঘটনা ক্রমেই ছড়িয়ে পড়ছে। এবার গোপালগঞ্জ-১ আসনের সংসদ সদস্য মো. সেলিমুজ্জামান মোল্লার বাড়িতে ককটেল বিস্ফোরণ, ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে। বৃহস্পতিবার (১৯ নভেম্বর) সকাল ১১টার দিকে কাশিয়ানী উপজেলার মহেশপুর ইউনিয়নের শিবগাতী গ্রামে এ হামলার ঘটনা ঘটে।
স্থানীয় সূত্রে জানা গেছে, সকালে একদল আওয়ামী লীগ, ছাত্রলীগের সন্ত্রাসী মিছিল নিয়ে সংসদ সদস্যের বাড়ির সামনে জড়ো হন। একপর্যায়ে তারা বাড়ি লক্ষ্য করে কয়েকটি পেট্রলবোমা নিক্ষেপ করেন। পরে বাড়িতে হামলা চালিয়ে ব্যাপক ভাঙচুরের পর আগুন ধরিয়ে দেয়া হয়।
ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন মুকসুদপুর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক তরিকুল ইসলাম রাজু। তিনি বলেন, সকালে বেশ কিছু আওয়ামী লীগ, ছাত্রলীগের সন্ত্রাসী মিছিল নিয়ে সংসদ সদস্যের বাড়িতে এসে ভাঙচুর, ককটেল বিস্ফোরণ ও অগ্নিসংযোগ করে।
তবে তাৎক্ষণিক ক্ষয়ক্ষতি এবং এ ঘটনায় কেউ হতাহত হয়েছেন কি না, সে বিষয়ে বিস্তারিত তথ্য পাওয়া যায়নি।
বিজিবির গাড়িতে ইট-পাটকেল নিক্ষেপ
এদিকে গোপালগঞ্জ সদর উপজেলার বিজয়পাশা এলাকায় টহলরত বিজিবি ও এসআরবির গাড়ি লক্ষ্য করে ইট-পাটকেল নিক্ষেপের ঘটনা ঘটেছে। তবে এ ঘটনায় কোনও সদস্য আহত হয়েছেন কি না, তা তাৎক্ষণিকভাবে জানা যায়নি।
অন্যদিকে, গোপালগঞ্জ শহরের পোস্ট অফিস মোড় এলাকায় অবরোধকারীদের একটি মিছিল থেকে এফএনএফ নামের একটি সুপারশপে হামলা, ভাঙচুর ও লুটপাটের অভিযোগ উঠেছে।
একই দিনে জেলার বিভিন্ন স্থানে হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগের এসব ঘটনায় স্থানীয় বাসিন্দাদের মধ্যে উদ্বেগ তৈরি হয়েছে। গুরুত্বপূর্ণ স্থাপনা ও ব্যবসাপ্রতিষ্ঠানের নিরাপত্তা নিয়েও প্রশ্ন দেখা দিয়েছে।
আগেও দুই সংসদ সদস্যের বাড়িতে অগ্নিসংযোগ
এর আগে বুধবার (১৮ নভেম্বর) রাতে গোপালগঞ্জ-২ আসনের সংসদ সদস্য ডা. কে এম বাবরের গোপালগঞ্জ শহরের বাসায় অগ্নিসংযোগ ও ভাঙচুরের ঘটনা ঘটে।
এরও আগে গত মঙ্গলবার (১৭ নভেম্বর) রাতে গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় সংসদ সদস্য এস এম জিলানীর বাড়িতে আগুন দেয়ার ঘটনা ঘটে।
পরপর কয়েক দিনে জেলার তিন সংসদ সদস্যের বাড়িতে হামলা ও অগ্নিসংযোগের ঘটনায় গোপালগঞ্জের আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে নতুন করে উদ্বেগ সৃষ্টি হয়েছে।
একই সঙ্গে বিজিবির টহল গাড়িতে হামলা এবং ব্যবসাপ্রতিষ্ঠানে ভাঙচুর ও লুটপাটের ঘটনা পরিস্থিতির আরও অবনতির আশঙ্কা তৈরি করেছে।
এসব ঘটনায় জড়িত ব্যক্তিদের শনাক্ত করে আইনের আওতায় আনা এবং জেলার সার্বিক নিরাপত্তা নিশ্চিত করতে প্রশাসনের কার্যকর পদক্ষেপ এখন জরুরি।
সবার দেশ/এমকেজে




























