Sobar Desh | সবার দেশ বিনোদন ডেস্ক

প্রকাশিত: ০২:১৬, ৩০ জানুয়ারি ২০২৬

আপডেট: ০২:১৭, ৩০ জানুয়ারি ২০২৬

জাতীয় চলচ্চিত্র পুরস্কার ২০২৩: 

‘সাঁতাও’র জয়জয়কার, সেরা আফরান নিশো-পুতুল

‘সাঁতাও’র জয়জয়কার, সেরা আফরান নিশো-পুতুল
ছবি: সংগৃহীত

দেশের চলচ্চিত্রাঙ্গনের সবচেয়ে মর্যাদাপূর্ণ স্বীকৃতি জাতীয় চলচ্চিত্র পুরস্কার ২০২৩ ঘোষণা করা হয়েছে। দীর্ঘ যাচাই-বাছাই শেষে চূড়ান্ত বিজয়ীদের নাম প্রকাশ করেছে তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়। বৃহস্পতিবার (২৯ জানুয়ারি) সন্ধ্যায় জারি করা প্রজ্ঞাপনে ২৮টি বিভাগে শিল্পী, কলাকুশলী, প্রতিষ্ঠান ও চলচ্চিত্রকে পুরস্কারের জন্য নির্বাচিত করা হয়।

এবার পুরস্কারের আসরে সবচেয়ে বেশি আলো কেড়েছে ‘সাঁতাও’। সিনেমাটি জিতে নিয়েছে সেরা চলচ্চিত্রের সম্মান। একই সঙ্গে এ সিনেমার জন্য শ্রেষ্ঠ পরিচালক নির্বাচিত হয়েছেন নির্মাতা খন্দকার সুমন। পাশাপাশি এ সিনেমায় অভিনয়ের জন্য শ্রেষ্ঠ অভিনেত্রীর পুরস্কার পেয়েছেন আইনুন পুতুল।

অন্যদিকে ‘সুরঙ্গ’ সিনেমায় শক্তিশালী অভিনয়ের স্বীকৃতি হিসেবে শ্রেষ্ঠ অভিনেতার পুরস্কার জিতেছেন আফরান নিশো। একই সিনেমা থেকে পার্শ্ব অভিনেতা, কৌতুক অভিনেতা, শিল্প নির্দেশনা, চিত্রগ্রহণসহ একাধিক বিভাগে পুরস্কার গেছে।

চলচ্চিত্রে বিশেষ অবদানের স্বীকৃতি হিসেবে যৌথভাবে আজীবন সম্মাননা দেয়া হয়েছে প্রয়াত কিংবদন্তি নির্মাতা তারেক মাসুদ এবং চিত্রগ্রাহক ও নির্মাতা আব্দুল লতিফ বাচ্চুকে। চলচ্চিত্রে তাদের দীর্ঘ অবদানকে স্মরণ করেই এ সম্মাননা প্রদান করা হয়।

স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র বিভাগে ‘মরিয়ম’ সিনেমার জন্য পুরস্কার পেয়েছেন চৈত্রালী সমদ্দার। প্রামাণ্যচিত্র বিভাগে ‘লীলাবতী নাগ: দ্য রেবেল’ নির্মাণের জন্য সম্মাননা পেয়েছেন এলিজা বিনতে এলাহী।

অভিনয় বিভাগেও ছিল বৈচিত্র্য। ‘সুরঙ্গ’ সিনেমার জন্য মনির আহাম্মেদ পেয়েছেন শ্রেষ্ঠ পার্শ্ব অভিনেতার পুরস্কার। ‘ওরা সাত জন’ সিনেমার জন্য শ্রেষ্ঠ পার্শ্ব অভিনেত্রী হয়েছেন নাজিয়া হক অর্ষা। ‘অ্যাডভেঞ্চার অব সুন্দরবন’ সিনেমার জন্য শ্রেষ্ঠ খলঅভিনেতা নির্বাচিত হয়েছেন আশীষ খন্দকার। আর শ্রেষ্ঠ কৌতুক অভিনেতার পুরস্কার গেছে শহীদুজ্জামান সেলিমের ঝুলিতে।

শিশু শিল্পী বিভাগে ‘আম কাঁঠালের ছুটি’ সিনেমার জন্য শ্রেষ্ঠ শিশু শিল্পী হয়েছেন মো. লিয়ন। একই সিনেমার জন্য বিশেষ পুরস্কার পেয়েছেন আরিফ হাসান ও আনাইরা খান।

সংগীত বিভাগেও ছিল উল্লেখযোগ্য প্রতিযোগিতা। ‘অ্যাডভেঞ্চার অব সুন্দরবন’ সিনেমার জন্য শ্রেষ্ঠ সংগীত পরিচালক হয়েছেন ইমন চৌধুরী। শ্রেষ্ঠ গায়ক নির্বাচিত হয়েছেন বালাম, আর শ্রেষ্ঠ গায়িকা হয়েছেন অবন্তী দেব সিঁথি। গীতিকার হিসেবে পুরস্কার পেয়েছেন সোমেশ্বর অলি এবং সুরকার হিসেবে সম্মাননা পেয়েছেন প্রিন্স মাহমুদ।

কারিগরি বিভাগেও বিভিন্ন সিনেমা থেকে দক্ষ কলাকুশলীরা স্বীকৃতি পেয়েছেন। কাহিনীকার হিসেবে পুরস্কার পেয়েছেন ফারুক হোসেন, চিত্রনাট্যকার হিসেবে নিয়ামুল মুক্তা এবং সংলাপ রচয়িতা হিসেবে যৌথভাবে পুরস্কার পেয়েছেন রায়হান রাফী ও সৈয়দ নাজিম উদ দৌলা। এছাড়া সম্পাদনা, শিল্প নির্দেশনা, চিত্রগ্রহণ, শব্দগ্রহণ, পোশাক ও সাজসজ্জা, মেকআপ এবং নৃত্য পরিচালনায়ও বিভিন্ন শিল্পী পুরস্কার অর্জন করেছেন।

চলচ্চিত্র সংশ্লিষ্টদের মতে, এবারের পুরস্কার তালিকায় মূলধারার বাণিজ্যিক সিনেমা ও কনটেন্টভিত্তিক সিনেমার মধ্যে একটি ভারসাম্য দেখা গেছে, যা দেশের চলচ্চিত্র শিল্পের বৈচিত্র্যকেই তুলে ধরে।

সবার দেশ/কেএম

সর্বশেষ

শীর্ষ সংবাদ:

যুদ্ধবিরতি ভেঙে মধ্যপ্রাচ্যে ফের সংঘাত
নতুন করে কাউকে ‘শেখ হাসিনা’ হতে দেয়া হবে না: সারজিস
কোয়ার্টারে সুইজারল্যান্ড, ইতিহাসে আর্জেন্টিনার দাপট
বিদ্যুতের চুক্তি বাতিল সম্ভব নয়, দাম কমানোর চেষ্টা চলছে: জ্বালানিমন্ত্রী
‘আজ রাতেই ইরানে শক্তিশালী হামলা’— হুঁশিয়ারি ট্রাম্পের
টানা বৃষ্টিতে পাহাড়ধসের শঙ্কা, রাঙ্গামাটির সব প্রাথমিক বিদ্যালয় বন্ধ
সায়েদাবাদ বাস টার্মিনাল সরছে কাঁচপুরে, প্রকল্প অনুমোদন
শাপলা গণহত্যার তদন্ত শেষ, হাসিনাসহ বাহিনী প্রধানরা আসামী
সেনাবাহিনীর গ্রীষ্মকালীন মহড়ায় আকস্মিক প্রধানমন্ত্রীর উপস্থিতি
এনসিপির সমাবেশে হামলার ঘটনায় সংসদে উত্তাপ
দুই গোলে পিছিয়েও ইতিহাস গড়া জয় আর্জেন্টিনার
কোমে খামেনির জানাজায় জনসমুদ্র
সংসদে কথা বলতে দেয় না, জনসভায় বোমা নিক্ষেপ করা হয়: অভিযোগ নাহিদ ইসলামের
বন্যার কারণে দুই জেলার এইচএসসি পরীক্ষা স্থগিত
অবিশ্বাস্য প্রত্যাবর্তনে মিশরকে কাঁদিয়ে কোয়ার্টার ফাইনালে আর্জেন্টিনা