ভয়ঙ্কর প্রতারণার ফাঁদ থেকে বাঁচার অভিজ্ঞতা শেয়ার করলেন অভিনেত্রী
আমি কখনও কোনও জুয়ার প্রমোশন করবো না: প্রভা
অভিনেত্রী ও মডেল সাদিয়া জাহান প্রভা দীর্ঘদিন ধরে একটি বেটিং সাইটের প্রমোশন নিয়ে চলা ভুল–বোঝাবুঝির ব্যাখ্যা দিয়েছেন। সোমবার (২ ডিসেম্বর) রাতে নিজের ফেসবুক পেজে দেয়া ভিডিও বার্তায় তিনি জানান—এটি সম্পূর্ণই একটি প্রতারণা ও ভুল তথ্যের ফাঁদ, যেখানে তিনি অজান্তে জড়িয়ে পড়েছিলেন।
প্রভা বলেন, রোজার মাসে একটি কোম্পানি তার সঙ্গে ‘গেমিং ওয়েবসাইট’ প্রচারের কাজ নিয়ে যোগাযোগ করে। শুরু থেকেই তারা সাইটটির প্রকৃতি নিয়ে স্পষ্ট কোনো তথ্য দেয়নি।

‘একদমই জানতাম না এটি একটি বেটিং সাইট’
প্রভা জানান, গেমিং প্ল্যাটফর্ম হিসেবে পরিচয় দিয়ে কোম্পানি তাকে টি–টোয়েন্টি ক্রিকেট দেখানোর ‘ওবিসি’ বিজ্ঞাপন দেখায়। তিনি কয়েকবার জিজ্ঞেস করলেও তারা বেটিং বা জুয়ার কথা এড়িয়ে যায়।

আমি তো গেমসই খেলি না। বারবার জিজ্ঞেস করেছি—এটা কোন ধরনের সাইট? তারা বলেছে শুধু খেলা দেখায়, বলেন প্রভা।
পরবর্তীতে একটি অফিসে গিয়ে চুক্তিতে সই করার সময় তারা তাকে একটি ছোট ভিডিও বাইট দিতে বলেন—যেখানে তিনি ওই ‘গেমিং’ সাইটের সঙ্গে থাকার কথা বলেন। তিনি জানান, সামান্য টোকেন মানিও তিনি পেয়েছিলেন।

‘পোস্ট দিতেই জানতে পারলাম—এটি জুয়ার সাইট’
বাইটটি পোস্ট করার পর দর্শকদের মন্তব্যে তিনি প্রথম জানতে পারেন এটি একটি বেটিং/জুয়ার সাইট। মানুষজন লিখলো—প্রভা তুমি জুয়ার প্রমোশন করছো। তখনই আমার মাথা কাজ করলো, বলেন তিনি।

তারপর সঙ্গে সঙ্গে তিনি কোম্পানির সঙ্গে যোগাযোগ করলে তারা উল্টো তাকে ভয়ভীতি দেখানোর চেষ্টা করে। তারা বললো—আপু বোধ হয় আপনি বেটিং ওয়েবসাইটের মানে জানেন না। আমি বললাম—হ্যাঁ, জানি না। কিন্তু আমি বারবার তো আপনাদের জিজ্ঞেস করেছি।
‘আমাকে বিভ্রান্ত করার চেষ্টা করা হয়েছে’
প্রভা ভিডিওতে জানান—সাইটটির বিদেশি বিজ্ঞাপন দেখিয়ে তাকে ভুল বোঝানো হয়। এমনকি পোশাক দেখানোর সময়ও কয়েকটি জুয়ার বিজ্ঞাপন দেখানো হয়, যা দেখে তিনি সন্দেহ প্রকাশ করেছিলেন।

আমি হাসতে হাসতে জিজ্ঞেস করেছিলাম—ভাই, কোন জুয়াটুয়া না তো? তখন তারা বললো—ওগুলো বাইরের দেশের, আমাদেরটা গেমের।
‘সঙ্গে সঙ্গেই কাজ বন্ধ করেছি’—আরটিসিকিউরিটির সঙ্গে যোগাযোগ
বেটিং সাইটের বিষয়টি নিশ্চিত হওয়ার পরই তিনি কাজ স্থগিত করেন এবং নিরাপত্তা সংস্থার সঙ্গেও যোগাযোগ করেন।
আমাকে ট্র্যাপে ফেলতে চাইছিলো। যিনি কাজ এনেছিলেন তিনি একজন ক্যামেরাম্যান। তার সঙ্গে কনভার্সেশনের সব স্ক্রিনশট আমার কাছে আছে, বলেন তিনি।

‘আমার লিপসিং–ও মিলছে না—এডিটিং করে অন্য কোম্পানির নাম বসানো হয়েছে’
প্রভা অভিযোগ করেন—ইন্টারনেটে ছড়ানো কিছু ভিডিওতে তার দেয়া বাইট এডিট করে অন্য বেটিং সাইটের নাম বসানো হয়েছে। ভালো করে দেখবেন—আমার লিপসিং মিলছে না।
‘আমি কখনও কোনও জুয়ার প্রমোশন করবো না’
ভিডিও বার্তার শেষে তিনি কঠোর ভাষায় বলেন—
আমি কখনও কোনও জুয়ার প্রমোশন করবো না। ভবিষ্যতেও না। জুয়ার সঙ্গে আমার কোনো সম্পর্ক নেই।
তিনি সাংবাদিকদেরও অনুরোধ করে বলেন—সঠিক তথ্য তুলে ধরতে এবং ভুল ব্যাখ্যা না দিতে।

প্রভা তার ভিডিওতে স্পষ্টভাবে জানান—তিনি প্রতারণার শিকার হতে গিয়ে শেষ মুহূর্তে তা থেকে বেরিয়ে এসেছেন। এবং আজও ভুল তথ্যের কারণে তাকে নিয়মিত সমস্যার মুখোমুখি হতে হচ্ছে।
এ দীর্ঘ ব্যাখ্যার মাধ্যমে তিনি চাইলেন—জনগণ যেন তার অবস্থান বুঝতে পারে এবং ভ্রান্ত তথ্য ছড়িয়ে তাকে আবারও বিব্রত না করা হয়।
সবার দেশ/কেএম




























