Sobar Desh | সবার দেশ সবার দেশ প্রতিবেদক

প্রকাশিত: ০০:২৪, ১২ আগস্ট ২০২৬

আপডেট: ০০:২৮, ১২ আগস্ট ২০২৬

বাংলাদেশে কেউ আদিবাসী নই, সবাই বাংলাদেশি: স্বরাষ্ট্রমন্ত্রী

বাংলাদেশে কেউ আদিবাসী নই, সবাই বাংলাদেশি: স্বরাষ্ট্রমন্ত্রী
ছবি: সংগৃহীত

বাংলাদেশের ভূখণ্ডে বসবাসকারী সব নাগরিকের মূল পরিচয় বাংলাদেশি বলে মন্তব্য করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। তিনি বলেছেন, ভৌগোলিক ও সাংবিধানিক বাস্তবতায় বাংলাদেশের সব নাগরিক সমান অধিকার ও সুযোগ-সুবিধা ভোগ করেন। তার দাবি, বাংলাদেশে কোনো ‘আদিবাসী’ গোষ্ঠী নেই; দেশের সবাই বাংলাদেশের অধিবাসী।

মঙ্গলবার (১১ আগস্ট) রাজধানীর গুলশানের ক্রাউন প্লাজা হোটেলের বলরুমে চিটাগং হিল ট্র্যাক্টস রিসার্চ ফাউন্ডেশনের (সিএইচটিআরএফ) উদ্যোগে আয়োজিত ‘ইনডিজেনাস আইডেনটিটি ইজ ইরিলেভ্যান্ট ফর বাংলাদেশ’ শীর্ষক গোলটেবিল বৈঠকে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

সিএইচটিআরএফের চেয়ারম্যান মেহেদী হাসান পলাশের সভাপতিত্বে অনুষ্ঠিত বৈঠকে বিশেষ অতিথি ছিলেন তথ্য ও সম্প্রচারমন্ত্রী জহির উদ্দিন স্বপন এবং সংস্কৃতিবিষয়ক প্রতিমন্ত্রী আলী নেওয়াজ মাহমুদ খৈয়ম।

স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, বাংলাদেশের ভৌগোলিক সীমানার মধ্যে বসবাসকারী সব নাগরিক সমান নাগরিক অধিকার ভোগ করেন। সংবিধান অনুযায়ী দেশের প্রতিটি নাগরিকের অধিকার ও সুযোগ-সুবিধা সমানভাবে সুরক্ষিত।

রাজনৈতিক সমঝোতার দলিল ‘জুলাই জাতীয় সনদ’-এর প্রসঙ্গ তুলে তিনি দাবি করেন, দেশের রাজনৈতিক দল ও বিভিন্ন অংশীজন বাংলাদেশের মানুষের পরিচয় ‘বাংলাদেশি’ হিসেবে নির্ধারণে সম্মত হয়েছেন।

তিনি বলেন, এ জাতীয় ঐক্য ও রাজনৈতিক অঙ্গীকার দেশের সার্বভৌমত্ব ও অখণ্ডতা রক্ষার ভিত্তি হিসেবে কাজ করবে।

অনগ্রসর জনগোষ্ঠীর অধিকার ও সাংস্কৃতিক ঐতিহ্য সংরক্ষণের বিষয়েও সরকারের অবস্থান তুলে ধরেন স্বরাষ্ট্রমন্ত্রী। তিনি বলেন, ক্ষুদ্র নৃগোষ্ঠী, উপজাতি ও বিভিন্ন সম্প্রদায়ের ধর্মীয়, সামাজিক ও সাংস্কৃতিক ঐতিহ্য রক্ষা, বিকাশ ও সংরক্ষণে রাষ্ট্র প্রতিশ্রুতিবদ্ধ।

পিছিয়ে পড়া জনগোষ্ঠী, নারী ও শিশুদের মূলধারার সঙ্গে সমতায় আনতে রাষ্ট্র বিভিন্ন বিশেষ সুবিধা ও কোটাব্যবস্থা বজায় রেখেছে বলেও জানান তিনি। এসব ব্যবস্থার সাংবিধানিক ভিত্তি রয়েছে বলে দাবি করেন স্বরাষ্ট্রমন্ত্রী।

প্রতিবেশী কয়েকটি বহুভাষী ও বহুজাতিক রাষ্ট্রের উদাহরণ তুলে ধরে সালাহউদ্দিন আহমদ বলেন, বহু ভাষা ও জনগোষ্ঠীর বসবাস থাকা সত্ত্বেও এসব দেশে পৃথক ‘আদিবাসী’ পরিচয়ের রাষ্ট্রীয় স্বীকৃতির পরিবর্তে অনগ্রসর জনগোষ্ঠীকে বিশেষ সুবিধা দিয়ে মূলধারায় যুক্ত করার নীতি অনুসরণ করা হয়েছে।

ইউএনডিআরআইপি নিয়ে যা বললেন স্বরাষ্ট্রমন্ত্রী

ইউনাইটেড নেশনস ডিক্লারেশন অন দ্য রাইটস অব ইনডিজেনাস পিপলস (ইউএনডিআরআইপি) প্রসঙ্গেও কথা বলেন স্বরাষ্ট্রমন্ত্রী।

তিনি বলেন, ২০০৭ সালের ১৩ সেপ্টেম্বর জাতিসংঘের সাধারণ পরিষদে ঘোষণাটি গৃহীত হওয়ার সময় বাংলাদেশ ভোটদানে বিরত ছিলো।

সালাহউদ্দিন আহমদ আরও বলেন, ইউএনডিআরআইপি কিংবা আন্তর্জাতিক শ্রম সংস্থার (আইএলও) কনভেনশন-১৬৯ বাংলাদেশের ক্ষেত্রে প্রযোজ্য নয় এবং বাংলাদেশ এসব আন্তর্জাতিক কাঠামোর অংশীদার নয়।

গোলটেবিল বৈঠকে আরও বক্তব্য দেন সংসদ সদস্য নিলোফার চৌধুরী মনি, বিএনপির যুগ্ম মহাসচিব ও ময়মনসিংহ জেলা পরিষদের প্রশাসক এমরান সালেহ প্রিন্স, প্রধানমন্ত্রীর সহকারী (রাজনৈতিক) রাশেদ খান, বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা অধ্যাপক সুকোমল বড়ুয়া, এনসিপির মুখ্য সংগঠক (উত্তরাঞ্চল) সারজিস আলম এবং অন্তর্বর্তী সরকারের সাবেক উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া।

এ ছাড়া লেফটেন্যান্ট জেনারেল (অব.) আবদুল্লাহিল আমান আযমী, মেজর জেনারেল (অব.) ফজলে এলাহী আকবর, প্রতিদিনের বাংলাদেশের সম্পাদক মারুফ কামাল খান এবং মানারাত বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ আব্দুর রবসহ বিভিন্ন শ্রেণি-পেশার প্রতিনিধিরা আলোচনায় অংশ নেন।

বৈঠকে বাংলাদেশের নাগরিক পরিচয়, ক্ষুদ্র নৃগোষ্ঠীর অধিকার, সাংস্কৃতিক ঐতিহ্য সংরক্ষণ এবং আন্তর্জাতিক বিভিন্ন ঘোষণার প্রাসঙ্গিকতা নিয়ে আলোচনা হয়।

সবার দেশ/কেএম

শীর্ষ সংবাদ:

সাভারে বোমাসহ যুবক আটক, সিটিটিসির অভিযান
চাঁদাবাজি ঘিরে নিউ মার্কেটে ছাত্রদল-যুবদল সংঘর্ষে রণক্ষেত্র
তারেক রহমানকে ভারত সফর ও ব্রিকস সম্মেলনে যোগ দেয়ার আমন্ত্রণ
যশোরের শার্শা উপজেলার স্কুল মাদ্রাসার ফলাফল হতাশাজনক
ভারতীয় হাইকমিশনার দীনেশ ত্রিবেদীর মোদির সঙ্গে সাক্ষাৎ
কলম্বিয়ায় ভয়াবহ ভূমিকম্প, প্রাণহানি বেড়ে ২২৪
মোবাইল চুরি করে সিসিটিভি ক্যামেরায় ধরা খেলেন এসআই
বাংলাদেশে কেউ আদিবাসী নই, সবাই বাংলাদেশি: স্বরাষ্ট্রমন্ত্রী
নির্মাণাধীন মাদরাসার তদন্তে গিয়ে পুলিশের ওপর হামলা
দলীয় সিদ্ধান্তের বাইরে ভোট দিলে এমপি পদ হারাবেন: চিফ হুইপ
১১ শিক্ষকের বিদ্যালয়ে ৫ পরীক্ষার্থী, পাস করেনি কেউ
যুব বয়সেই উচ্চ রক্তচাপের ছোবল, ১২ শতাংশ আক্রান্ত
গলায় রামদা ধরে এমপির সম্পত্তি লিখে নেয়ার অভিযোগ
পুরোনো মালিকদের ব্যাংকে ফেরার পথ বন্ধ হচ্ছে