যুব মহিলা লীগ নেত্রীকে বাংলোয় ডেকে কপাল পুড়লো ওসির
ফেনীর দাগনভূঞায় যুব মহিলা লীগের এক নেত্রীর সঙ্গে কথোপকথনের অডিও সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়ার পর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ ফয়জুল আজীম নোমানকে প্রত্যাহার করা হয়েছে। তাকে থানা থেকে সরিয়ে পুলিশ লাইনে সংযুক্ত করা হয়েছে। ছড়িয়ে পড়া অডিওতে ওই নারী নেত্রীকে সিএনজিচালিত অটোরিকশা ভাড়া করে নিজের বাংলোতে যাওয়ার আমন্ত্রণ জানাতে শোনা যায় ওসিকে। পাশাপাশি আটকের পর অর্থ লেনদেন ও পুনরায় টাকা দাবির অভিযোগ নিয়েও দুজনের কথোপকথন উঠে এসেছে।
বুধবার (২৫ নভেম্বর) ফেনীর অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ) সাইফুল ইসলাম গণমাধ্যমকে ওসির প্রত্যাহারের বিষয়টি নিশ্চিত করেছেন।
সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়া অডিওতে দাগনভূঞা পৌর যুব মহিলা লীগের সভাপতি তাসকিরা তান্নি সনির সঙ্গে ওসি মোহাম্মদ ফয়জুল আজীম নোমানকে কথা বলতে শোনা যায়। কথোপকথনের একপর্যায়ে মাইগ্রেনের ব্যথা সারানোর কথা বলে ওই নারী নেত্রীকে দ্রুত তার বাংলোতে যেতে বলেন ওসি। এ জন্য প্রয়োজন হলে সিএনজিচালিত অটোরিকশা ভাড়া করে আসার পরামর্শ দেন তিনি।
অডিওতে ওসিকে বলতে শোনা যায়,
যত টাকা লাগে একটি সিএনজি রিজার্ভ করে সরাসরি বাসায় চলে আসো।
এ সময় তাসকিরা তান্নি সনি সেখানে যেতে কোনও সমস্যা হবে কি না জানতে চাইলে ওসি বলেন, ওসি থাকলে সব ঠিক। কোনো সমস্যা হবে না। কথোপকথনের একপর্যায়ে ওই নারী নেত্রী তাকে ‘আঙ্কেল’ বলে সম্বোধন করলে ওসি মনঃক্ষুণ্ন হন বলেও অডিওতে শোনা যায়।
তবে শুধু বাসায় যাওয়ার আমন্ত্রণ নয়, কথোপকথনে পুলিশের হাতে আটকের পর অর্থ লেনদেনের অভিযোগও উঠে আসে। অডিওতে তাসকিরা তান্নি সনিকে আটকের পর থানায় দুই লাখ টাকা দেয়া, জামিনের জন্য অর্থ ব্যয় এবং পরবর্তী সময়ে আবারও টাকা চাওয়ার বিষয়ে কথা বলতে শোনা যায়।
স্থানীয় সূত্রে জানা গেছে, গত ১১ নভেম্বর তাসকিরা তান্নি সনিকে আটক করে থানায় নেয়া হয়েছিলো। পরে একটি সাধারণ মামলায় মুচলেকা দিয়ে তিনি ছাড়া পান।
অডিওতে সনি অভিযোগ করেন, আটকের পর থানায় দুই লাখ টাকা দেওয়ার পাশাপাশি জামিনের জন্যও তাকে অর্থ খরচ করতে হয়েছে। এরপর আবারও টাকা চাওয়ার বিষয়টি তিনি ওসিকে জানান। জবাবে ওসি সংশ্লিষ্ট ব্যক্তির সঙ্গে কথা বলার আশ্বাস দেন বলে কথোপকথনে শোনা যায়।
এ ছাড়া নিজের সাবেক স্বামী ও পলাতক যুবলীগ নেতা পারভেজের সঙ্গে পুলিশের যোগাযোগ এবং থানায় টাকা দেয়ার বিষয়টি গোপন রাখতে তার ছেলে তাসরিফকে ফোনে চাপ দেয়ার অভিযোগও তোলেন ওই নারী নেত্রী।
তবে অডিওতে উঠে আসা অর্থ লেনদেন ও অন্যান্য অভিযোগ অস্বীকার করেছেন ওসি মোহাম্মদ ফয়জুল আজীম নোমান। তার দাবি, ছড়িয়ে পড়া অডিওটি ভুয়া ও ভিত্তিহীন। কী দিয়ে বা কীভাবে অডিওটি তৈরি করা হয়েছে, সে বিষয়ে তিনি কিছু জানেন না বলেও দাবি করেন। তার ভাষ্য, অভিযোগগুলো সম্পূর্ণ অসত্য।
অন্যদিকে, ফেনীর অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ) সাইফুল ইসলাম ওসিকে প্রত্যাহার করে পুলিশ লাইনে সংযুক্ত করার বিষয়টি নিশ্চিত করেছেন। তবে অডিওর সত্যতা যাচাই, অর্থ লেনদেনের অভিযোগের তদন্ত কিংবা এ ঘটনায় পরবর্তী প্রশাসনিক ব্যবস্থা কী হবে, সে বিষয়ে তিনি বিস্তারিত কিছু জানাননি।
সবার দেশ/কেএম




























