সংসদে নাহিদ ইসলামের তোপ
‘জুলাই সনদকে প্রতারণার দলিলে পরিণত করেছে বিএনপি’
জাতীয় সংসদের বিরোধীদলীয় চিফ হুইপ নাহিদ ইসলাম বলেছেন, জুলাই সনদকে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) ‘অন্তহীন প্রতারণার দলিলে’ পরিণত করেছে। একই সঙ্গে তিনি দ্রুত সংবিধান সংস্কার পরিষদ গঠনের দাবি জানিয়ে বলেন, সরকারের প্রেসক্রিপশন অনুযায়ী বিরোধীদল আর বিরোধিতা করবে না।
বৃহস্পতিবার (৩০ এপ্রিল) বেলা সাড়ে ১২টার দিকে জাতীয় সংসদের অধিবেশনে রাষ্ট্রপতির ভাষণের ওপর আনা ধন্যবাদ প্রস্তাবের আলোচনায় অংশ নিয়ে তিনি এসব কথা বলেন।
সংসদে বক্তব্য দিতে গিয়ে ঢাকা বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতির সদস্যদের ওপর হামলার ঘটনাও তুলে ধরেন নাহিদ ইসলাম। তিনি প্রশ্ন তোলেন, হামলার ঘটনায় এখনও কেনও মামলা গ্রহণ করা হয়নি এবং এ বিষয়ে স্বরাষ্ট্রমন্ত্রীর ব্যাখ্যা দাবি করেন।
নাহিদ ইসলাম বলেন, শাহবাগ থানার সামনে ঢাকা বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতির কয়েকজন সদস্যকে বেধড়ক মারধর করেছে ছাত্রদলের নেতাকর্মীরা। কিন্তু এখন পর্যন্ত কোনও মামলা নেয়া হয়নি।
তিনি আরও বলেন, স্বরাষ্ট্রমন্ত্রী যদি জানান, এ মামলা কেন নেয়া হচ্ছে না? থানার ভেতরে প্রবেশ করে ডাকসুর দুই নির্বাচিত প্রতিনিধির ওপর হামলা করা হয়েছে। ঢাকা বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতির বাংলাদেশের ও বিশ্ববিদ্যালয়ের গণতান্ত্রিক আন্দোলনে বড় ভূমিকা রয়েছে।
এ সময় মুক্তিযুদ্ধের পক্ষ-বিপক্ষের রাজনীতি নিয়েও কথা বলেন তিনি। নাহিদ ইসলাম বলেন, গত ৫০ বছর ধরে মুক্তিযুদ্ধের পক্ষ-বিপক্ষের রাজনীতি হয়েছে। কিন্তু আমরা এখনও এর সমাধান করতে পারিনি। এর দায়ভার কে নেবে? বিএনপি কি নেবে না, যারা ২৯ বছর জামায়াতের সঙ্গে রাজনীতি করেছে?
তিনি বলেন, এখন একটা কথা সবাই বলে—সাথে থাকলে সঙ্গী, না থাকলে জঙ্গি। এ রিকনসিলিয়েশন তৈরি করা এবং এ প্রশ্নের সুরাহা করা তো তাদের দায়িত্ব ছিলো।
নাহিদ ইসলাম আরও বলেন, মুক্তিযুদ্ধ আমাদের ফাউন্ডেশন, এটা নিয়ে বিতর্কের সুযোগ নেই। তবে মুক্তিযুদ্ধের নামে যে লুটপাট ও ফ্যাসিবাদ কায়েম হয়েছে, তাও ভোলা যাবে না। জুলাই গণঅভ্যুত্থান ছিলো মুক্তিযুদ্ধেরই নবায়ন।
ইতিহাসের বিতর্ক পেছনে ফেলে সামনে এগিয়ে যাওয়ার আহ্বান জানিয়ে তিনি বলেন, মুক্তিযুদ্ধের নাম করে বা পক্ষ-বিপক্ষ কার্ড খেলে জনগণকে আর বিভক্ত করা যাবে না।
সবার দেশ/কেএম




























