Sobar Desh | সবার দেশ সবার দেশ প্রতিবেদক

প্রকাশিত: ০১:১১, ৩ সেপ্টেম্বর ২০২৬

আপডেট: ০১:১২, ৩ সেপ্টেম্বর ২০২৬

ফ্যাসিস্ট সরকারের সময়ে জ্বালানি খাত পঙ্গু করে রাখা হয়েছিলো: প্রধানমন্ত্রী

ফ্যাসিস্ট সরকারের সময়ে জ্বালানি খাত পঙ্গু করে রাখা হয়েছিলো: প্রধানমন্ত্রী
ছবি: সংগৃহীত

দীর্ঘদিনের অপর্যাপ্ত গ্যাস অনুসন্ধান ও আমদানিনির্ভরতার কারণে দেশে যে জ্বালানি সংকট তৈরি হয়েছে, তা কাটিয়ে উঠতে সরকার সমন্বিত কর্মপরিকল্পনা বাস্তবায়ন করছে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

বুধবার (২ সেপ্টেম্বর) জাতীয় সংসদ অধিবেশনের শুরুতে প্রধানমন্ত্রীর প্রশ্নোত্তর পর্বে সেলিনা সুলতানা (সংরক্ষিত মহিলা আসন-৩৫) এর এক প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।

প্রধানমন্ত্রী বলেন, ফ্যাসিস্ট সরকারের সময়ে তৈরি করা পরিকল্পনার মাধ্যমে দেশের জ্বালানি খাতকে রীতিমতো পঙ্গু করে রাখা হয়েছিলো। দীর্ঘদিন পর্যাপ্ত গ্যাস অনুসন্ধান না করা এবং আমদানিনির্ভরতার কারণে বর্তমান সংকট তৈরি হয়েছে। এ পরিস্থিতি থেকে দেশকে বের করে আনতে বর্তমান সরকার একাধিক উদ্যোগ নিয়েছে।

দেশীয় গ্যাস উৎপাদন বাড়ানোর পরিকল্পনা তুলে ধরে প্রধানমন্ত্রী বলেন, ১৫০টি কূপ খনন ও ওয়ার্কওভারের কর্মসূচি নেয়া হয়েছে। এর মধ্যে ইতোমধ্যে ৩০টি কূপের খননকাজ শেষ হয়েছে। এসব কূপ থেকে জাতীয় গ্রিডে প্রতিদিন ১৪০ মিলিয়ন ঘনফুট (এমএমসিএফডি) গ্যাস যুক্ত হয়েছে।

তিনি জানান, বর্তমানে আরও সাতটি কূপের খননকাজ চলছে। এসব কূপের কাজ শেষ হলে জাতীয় গ্রিডে আরও ৮৫ এমএমসিএফডি গ্যাস যুক্ত হবে। অবশিষ্ট কূপগুলোর জন্যও পর্যায়ক্রমে প্রকল্প নেয়া হচ্ছে।

দেশের মাটির নিচে নতুন গ্যাসের উৎস খুঁজে বের করতে ব্যাপক ভূকম্পন জরিপের উদ্যোগ নেয়া হয়েছে জানিয়ে তারেক রহমান বলেন, ৪ হাজার ৫০০ লাইন কিলোমিটার ২ডি সিসমিক সার্ভে এবং ৪ হাজার ২০০ বর্গকিলোমিটার এলাকায় ৩ডি সিসমিক সার্ভে পরিচালনার কর্মপরিকল্পনা গ্রহণ করা হয়েছে।

এ ছাড়া বাংলাদেশ পেট্রোলিয়াম এক্সপ্লোরেশন অ্যান্ড প্রোডাকশন কোম্পানি লিমিটেডকে (বাপেক্স) আরও শক্তিশালী করার উদ্যোগ নেয়া হয়েছে। এ লক্ষ্যে দুটি নতুন রিগ কেনার প্রক্রিয়া চলমান রয়েছে বলে জানান প্রধানমন্ত্রী।

অফশোর ও অনশোরে গ্যাস অনুসন্ধান জোরদারের কথাও তুলে ধরেন তিনি। প্রধানমন্ত্রী বলেন, অফশোর মডেল পিএসসি ২০২৬ অনুমোদনের পর ইতোমধ্যে বিড রাউন্ড আহ্বান করা হয়েছে। পাশাপাশি অনশোর মডেল পিএসসি অনুমোদনের প্রক্রিয়াও চলছে।

তারেক রহমান বলেন, অফশোর ও অনশোর অনুসন্ধানের মাধ্যমে নতুন গ্যাসের সন্ধান পাওয়া গেলে তা দেশের দীর্ঘমেয়াদি জ্বালানি নিরাপত্তা নিশ্চিত করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

এলএনজি অবকাঠামো সম্প্রসারণের পরিকল্পনার কথা জানিয়ে প্রধানমন্ত্রী বলেন, কক্সবাজারের মহেশখালীর গভীর সমুদ্রে কুতুবজোম এলাকায় একটি ভাসমান এলএনজি টার্মিনাল স্থাপনের লক্ষ্যে আগ্রহী প্রতিষ্ঠানের সঙ্গে আলোচনা চলছে। ২০২৮ সালের ডিসেম্বরের মধ্যে ওই টার্মিনাল থেকে রিগ্যাসিফাইড এলএনজি জাতীয় গ্যাস ব্যবস্থায় সরবরাহ করা সম্ভব হবে বলে আশা করা হচ্ছে।

তিনি আরও জানান, আগামী দুই বছরের মধ্যে দেশে এলএনজি আমদানি দৈনিক আরও ৬০০ এমএমসিএফডি বাড়ানোর পরিকল্পনা রয়েছে। পাশাপাশি পায়রা বা মোংলা বন্দর এলাকা অথবা দক্ষিণ-পশ্চিমাঞ্চলের সমুদ্র উপকূলে জরুরি ভিত্তিতে আরও এক থেকে দুটি ভাসমান এলএনজি টার্মিনাল স্থাপনের সম্ভাব্যতা যাচাইয়ের উদ্যোগ নেয়া হয়েছে।

প্রধানমন্ত্রী বলেন, এসব নতুন টার্মিনাল স্থাপন করা হলে দেশে গ্যাস সরবরাহের সক্ষমতা বাড়বে এবং সামগ্রিকভাবে জ্বালানি নিরাপত্তা আরও শক্তিশালী হবে।

এর আগে স্পিকার হাফিজ উদ্দিন আহমদের সভাপতিত্বে জাতীয় সংসদের অধিবেশন শুরু হয়। অধিবেশনের প্রথম ৩০ মিনিট প্রধানমন্ত্রীর প্রশ্নোত্তর পর্বের জন্য নির্ধারিত ছিলো।

সবার দেশ/কেএম

শীর্ষ সংবাদ:

প্রমাণ জনগণের জন্য উন্মুক্ত করুন: আসিফ মাহমুদ
নেপালে বন্যায় মৃতের সংখ্যা বেড়ে ১২০৪
বিদ্যালয়ের অফিসকক্ষে আপত্তিকর ভিডিও, দুই শিক্ষক বরখাস্ত
ফ্যাসিস্ট সরকারের সময়ে জ্বালানি খাত পঙ্গু করে রাখা হয়েছিলো: প্রধানমন্ত্রী
পিএসসির নতুন চেয়ারম্যান অধ্যাপক নাজমুজ্জামান
ঢাকা-আশুলিয়া এক্সপ্রেসওয়েতে চালু দুই সার্ভিস সেতু
ফেনীতে বিএনপির সভা শেষে দুপক্ষের সংঘর্ষ, আহত ২৫
২৪ ঘণ্টার মধ্যে বক্তব্য উইথড্র না করলে দুদকের বিরুদ্ধে মামলা: আসিফ
৪৮ ঘণ্টায় আমার বিরুদ্ধে ১০৯ উদ্দেশ্যমূলক নিউজ: হাসনাত
দেশে ফিরলেন মির্জা আব্বাস
আমার মানহানির জন্য দুদক কি দুঃখপ্রকাশ করবে: আসিফ মাহমুদ
জামায়াতে যোগ দিলেন বিএনপি নেতা, সাবেক বিচারপতিসহ ৬৫০ জন
অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি বিদ্যুৎমন্ত্রী টুকু
ইরানে ফের মার্কিন হামলা, জানালেন ট্রাম্প
পাপারাজ্জিদের ওপর বিরক্ত কারিনা, তুলনা জয়া বচ্চনের সঙ্গে
শিগগিরই তারেক রহমানের সঙ্গে সাক্ষাৎ চান ট্রাম্প