Sobar Desh | সবার দেশ সবার দেশ প্রতিবেদক

প্রকাশিত: ১৬:১৭, ২৯ জানুয়ারি ২০২৬

আপডেট: ১৬:১৮, ২৯ জানুয়ারি ২০২৬

নির্বাচনের দিকে বিশ্ব নজর

নির্বাচনে আন্তর্জাতিক পর্যবেক্ষকদের বড় উপস্থিতি

নির্বাচনে আন্তর্জাতিক পর্যবেক্ষকদের বড় উপস্থিতি
ছবি: সংগৃহীত

আগামী ১২ ফেব্রুয়ারির জাতীয় সংসদ নির্বাচন ও জুলাই সংস্কার সনদ বিষয়ক গণভোট ঘিরে আন্তর্জাতিক পর্যবেক্ষকদের ব্যাপক আগ্রহ তৈরি হয়েছে। কমনওয়েলথ ও ইউরোপীয় ইউনিয়ন (ইইউ) বড় আকারের পর্যবেক্ষক দল পাঠানোর সিদ্ধান্ত নিয়েছে বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।

বৃহস্পতিবার (২৯ জানুয়ারি) প্রধান উপদেষ্টার প্রেস উইং থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, নির্বাচন ও গণভোট পর্যবেক্ষণে আন্তর্জাতিক অংশগ্রহণ বাড়ছে, যা নির্বাচনী প্রক্রিয়ার প্রতি বৈশ্বিক মনোযোগ ও আগ্রহের প্রতিফলন।

এর আগে চলতি মাসের শুরুতে লন্ডনে কমনওয়েলথ সেক্রেটারি জেনারেল শার্লি বচওয়ে ঘোষণা দেন, ঘানার সাবেক প্রেসিডেন্ট নানা আকুফো-আড্ডোর নেতৃত্বে ১৪ সদস্যের একটি পর্যবেক্ষক দল বাংলাদেশে আসবে। এ দলে রাজনীতি, নির্বাচন ব্যবস্থাপনা, আইন, গণমাধ্যম ও লিঙ্গসমতা বিষয়ে অভিজ্ঞ আন্তর্জাতিক বিশেষজ্ঞরা থাকবেন।

কমনওয়েলথ জানিয়েছে, নির্বাচন ও গণভোট কতটা স্বচ্ছ, অন্তর্ভুক্তিমূলক ও বিশ্বাসযোগ্যভাবে অনুষ্ঠিত হচ্ছে তা স্বাধীনভাবে মূল্যায়ন করাই পর্যবেক্ষকদের মূল দায়িত্ব। একই সঙ্গে বাংলাদেশ যে আন্তর্জাতিক ও জাতীয় নির্বাচনী মানদণ্ড অনুসরণের অঙ্গীকার করেছে, তার আলোকে পূর্ণাঙ্গ প্রতিবেদন তৈরি করবে দলটি।

কমনওয়েলথ পর্যবেক্ষক দলে বিভিন্ন দেশের গুরুত্বপূর্ণ ব্যক্তিত্ব অন্তর্ভুক্ত রয়েছেন। তাদের মধ্যে মালদ্বীপ, সিয়েরা লিওন, মালয়েশিয়াসহ কমনওয়েলথভুক্ত বিভিন্ন দেশের সাবেক মন্ত্রী, সংসদ সদস্য ও নীতিনির্ধারকরা রয়েছেন।

অন্যদিকে ইউরোপীয় ইউনিয়নও বড় পরিসরে নির্বাচন পর্যবেক্ষণের ঘোষণা দিয়েছে। ইইউ জানিয়েছে, ২৭টি সদস্য রাষ্ট্রের পাশাপাশি নরওয়ে, সুইজারল্যান্ড ও কানাডা থেকে প্রায় ২০০ জন পর্যবেক্ষক বাংলাদেশে আসবেন। এ মিশনের প্রধান হিসেবে দায়িত্ব পালন করবেন লাটভিয়ার ইউরোপীয় পার্লামেন্ট সদস্য ইভার্স ইজাবস।

ইইউ পর্যবেক্ষক মিশনের কার্যক্রম ইতোমধ্যে শুরু হয়েছে। গত ডিসেম্বরের শেষ দিকে একটি কোর টিম ঢাকায় এসে কাজ শুরু করে। এতে নির্বাচন প্রক্রিয়ার আইনি, রাজনৈতিক, প্রশাসনিক ও গণমাধ্যম সংশ্লিষ্ট দিকগুলো বিশ্লেষণ করা হচ্ছে। এছাড়া দেশের বিভিন্ন বিভাগে দীর্ঘমেয়াদি পর্যবেক্ষক মোতায়েন করা হয়েছে, যারা মাঠপর্যায়ের পরিস্থিতি পর্যবেক্ষণ করছেন।

নির্বাচনের আগে আরও স্বল্পমেয়াদি পর্যবেক্ষক যুক্ত হবে বলে জানা গেছে। ভোটের দিন ভোটগ্রহণ, গণনা ও ফলাফল সমন্বয় প্রক্রিয়া নিবিড়ভাবে পর্যবেক্ষণ করবেন আন্তর্জাতিক প্রতিনিধিরা।

সরকারের পক্ষ থেকে বলা হয়েছে, আন্তর্জাতিক সংস্থা ও বিভিন্ন দেশের পর্যবেক্ষক পাঠানোর আগ্রহ প্রতিদিন বাড়ছে। এটি নির্বাচন কমিশন ও অন্তর্বর্তী সরকারের ওপর আন্তর্জাতিক আস্থার প্রতিফলন বলে মনে করা হচ্ছে।

উল্লেখ্য, এবারের নির্বাচনে ৫০টির বেশি রাজনৈতিক দল ও স্বতন্ত্র প্রার্থীসহ প্রায় দুই হাজার প্রার্থী ৩০০ সংসদীয় আসনে প্রতিদ্বন্দ্বিতা করছেন। একই দিনে জুলাই সংস্কার সনদ নিয়ে গণভোটও অনুষ্ঠিত হবে। 

সবার দেশ/কেএম

শীর্ষ সংবাদ:

ভারতের তৈরি ম্যালওয়্যার বঙ্গভবনের মেইলের মাধ্যমে ছড়ানো হয়
সুদানে সেনাবাহিনী ও আরএসএফের রক্তক্ষয়ী সংঘাত তীব্রতর
প্যারিসে এক্স কার্যালয়ে তল্লাশি ও ইলন মাস্ককে তলব
জামায়াত আমিরের এক্স হ্যান্ডেল হ্যাকড, বঙ্গভবনের আইসিটি কর্মকর্তা
বন্দুকধারীর গুলিতে নিহত গাদ্দাফির দ্বিতীয় ছেলে সাইফ
জামায়াতের বিরুদ্ধে অভিযোগ দেয়া বিএনপির মুদ্রাদোষ: রেজাউল করিম
ইরানে সরকারবিরোধী আন্দোলনে জড়িত ১৩৯ বিদেশি গ্রেফতার
গায়ক নোবেলসহ ৫ জনের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি
৬৫০ টাকায় গরুর মাংস ও ৮ টাকায় ডিম দেবে সরকার
জামায়াত আমিরের এক্স হ্যান্ডেল হ্যাকড, মধ্যরাতে ডিবির অভিযান
বিএনপির দাবিতে ভোটকেন্দ্রে বিএনসিসি বাতিল
ক্যানসার প্রতিরোধে তামাক নিয়ন্ত্রণ অধ্যাদেশ পাসের আহ্বান
শার্শায় ধলদা হাইস্কুল মাঠে ধানের শীষের বিশাল জনসভা
অ্যাপেই মিলবে ভোটকেন্দ্র ও প্রার্থীদের সব তথ্য
জামায়াত প্রার্থীকে আলটিমেটাম এক্স-ফোর্সেস অ্যাসোসিয়েশনের
এস আলমের মামলা লড়ছে ব্রিটিশ ল ফার্ম, ঘণ্টায় খরচ দেড় লাখ টাকা
নওগাঁয় বিএনপি–জামায়াতের নির্বাচনী সংঘর্ষ, আহত ১০
আওয়ামী লীগের এ অঞ্চলের দায়িত্ব নিলাম: নুর
জামায়াতের আরও একটি অ্যাকাউন্ট হ্যাকের দাবি