‘শাপলা গণহত্যা’র নিরপেক্ষ তদন্ত কমিশন চান জামায়াত আমির
২০১৩ সালের ৫ মে রাজধানীর শাপলা চত্বরে সংঘটিত ঘটনাকে কেন্দ্র করে স্বাধীন ও নিরপেক্ষ তদন্ত কমিশন গঠনের দাবি জানিয়েছেন বিরোধীদলীয় নেতা ও জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান।
মঙ্গলবার (৫ মে) দেয়া এক বিবৃতিতে তিনি বলেন, শাপলা চত্বরের ঘটনার প্রকৃত সত্য উদঘাটন এবং দায়ীদের দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করতে একটি গ্রহণযোগ্য তদন্ত কমিশন গঠন জরুরি।
ডা. শফিকুর রহমান ২০১৩ সালের ওই অভিযানকে দেশের ইতিহাসে ‘বেদনাবিধুর ও কলঙ্কজনক অধ্যায়’ হিসেবে উল্লেখ করেন। তার ভাষ্য অনুযায়ী, সেদিনের ঘটনা জাতির বিবেককে নাড়া দিয়েছিলো এবং তা মানবতা, ন্যায়বিচার ও গণতান্ত্রিক মূল্যবোধের পরিপন্থি ছিলো।
বিবৃতিতে তিনি আরও বলেন, দীর্ঘ সময় পেরিয়ে গেলেও এ ঘটনার সুষ্ঠু ও নিরপেক্ষ বিচার হয়নি। ফলে ভুক্তভোগী পরিবারগুলো এখনও ন্যায়বিচার থেকে বঞ্চিত হচ্ছে এবং জনমনে হতাশা ও ক্ষোভ তৈরি হয়েছে।
বিচারহীনতার সংস্কৃতি নিয়ে উদ্বেগ প্রকাশ করে জামায়াত আমির বলেন, একটি সভ্য রাষ্ট্রে এ ধরনের পরিস্থিতি কাম্য নয়। গণতান্ত্রিক রাষ্ট্রে শান্তিপূর্ণ সমাবেশ ও মতপ্রকাশের অধিকার সাংবিধানিকভাবে স্বীকৃত, তাই এ অধিকার দমনে শক্তি প্রয়োগ গ্রহণযোগ্য হতে পারে না।
তিনি ভবিষ্যতে এ ধরনের ঘটনার পুনরাবৃত্তি রোধে সত্য উদঘাটন এবং সংশ্লিষ্টদের আইনের আওতায় আনার ওপর গুরুত্বারোপ করেন।
বিবৃতির শেষাংশে দেশবাসীর প্রতি শান্তি, ন্যায়বিচার এবং মানবিক মূল্যবোধ প্রতিষ্ঠায় ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান ডা. শফিকুর রহমান।
সবার দেশ/কেএম




























