উৎসবমুখর ভোটে নতুন কমিটি
কুমিল্লা সাংবাদিক ফোরাম, ঢাকার নেতৃত্বে সাঈদ-জসিম
ঢাকায় কর্মরত কুমিল্লা জেলার সাংবাদিকদের অন্যতম ঐতিহ্যবাহী সংগঠন কুমিল্লা সাংবাদিক ফোরাম, ঢাকার ২০২৬ সালের নির্বাহী কমিটির নির্বাচন উৎসবমুখর পরিবেশে সম্পন্ন হয়েছে। সদস্যদের প্রত্যক্ষ ভোটে সভাপতি পদে দৈনিক ইনকিলাবের বিশেষ প্রতিনিধি সাঈদ আহমেদ খান এবং সাধারণ সম্পাদক পদে জাগো নিউজের সালাহ উদ্দিন জসিম নির্বাচিত হয়েছেন।
শুক্রবার (১৭ জুলাই) জাতীয় প্রেস ক্লাবে দুপুর ২টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়। এর আগে একই দিন সকালে সংগঠনের দ্বি-বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত হয়। ভোটগ্রহণ শেষে রাতেই নির্বাচন কমিশন আনুষ্ঠানিকভাবে ফলাফল ঘোষণা করে।
এবারের নির্বাচনে মোট ১৭৬ জন ভোটারের মধ্যে ১৩২ জন সদস্য ভোটাধিকার প্রয়োগ করেন, যা সদস্যদের ব্যাপক অংশগ্রহণেরই প্রতিফলন। ভোটগ্রহণ, গণনা ও ফলাফল ঘোষণার পুরো প্রক্রিয়া শান্তিপূর্ণ ও সুশৃঙ্খলভাবে সম্পন্ন হয়।
ঘোষিত ফলাফলে সভাপতি পদে সাঈদ আহমেদ খান ৯০ ভোট পেয়ে নির্বাচিত হন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী আ. ন. ম. কুদরাত-ই-খোদা পান ৪১ ভোট।
সাধারণ সম্পাদক পদে ত্রিমুখী প্রতিদ্বন্দ্বিতায় জয়ী হন সালাহ উদ্দিন জসিম। তিনি পান ৬২ ভোট। তার প্রতিদ্বন্দ্বী সায়ীদ আবদুল মালিক ৩৬ ভোট এবং মো. শরীফুল ইসলাম ৩৪ ভোট লাভ করেন।
সহ-সভাপতির দুটি পদে আরটিভির সালাম ফারুক ৮০ ভোট এবং প্রিয়পাতার মোসাম্মৎ নাসরীন সুলতানা ৬১ ভোট পেয়ে নির্বাচিত হন। এ পদে অপর প্রার্থী নাজমুল হক শ্যামল পান ৫২ ভোট।
যুগ্ম-সম্পাদকের দুটি পদে দৈনিক জনকণ্ঠের মনির আহমাদ জারিফ ৮১ ভোট এবং বাংলাদেশের আলোর ফারজানা আফরিন ৭৫ ভোট পেয়ে বিজয়ী হন।
অর্থ সম্পাদক পদে দৈনিক মানব কথার নিজাম উদ্দিন দরবেশ ১০০ ভোট পেয়ে নির্বাচিত হন। তার প্রতিদ্বন্দ্বী সাইফুল ইসলাম মাসুম পান ২৯ ভোট।
সাংগঠনিক সম্পাদক পদে চ্যানেল ২৪-এর মো. শাহনেওয়াজ বাবলু ৮৫ ভোট পেয়ে জয়ী হন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী জহির আলম সিকদার পান ৪০ ভোট।
দপ্তর সম্পাদক পদে স্টার নিউজের মো. আশিকুর রহমান ৯৯ ভোট পেয়ে নির্বাচিত হন। তার প্রতিদ্বন্দ্বী নুরুল ইসলাম খান মামুন পান ১৯ ভোট।
বিনা প্রতিদ্বন্দ্বিতায় প্রচার ও প্রকাশনা সম্পাদক পদে ঢাকা পোস্টের শাহাদাত হোসেন রাকিব এবং ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক পদে আহমেদ আজম নির্বাচিত হন।
সমাজকল্যাণ সম্পাদক পদে নাগরিক টিভির হাবিবুর রহমান বাবু ৬৭ ভোট পেয়ে নির্বাচিত হন। তার প্রতিদ্বন্দ্বী নুর মোহাম্মদ মিঠু পান ৫৩ ভোট।
তথ্য ও প্রযুক্তি সম্পাদক পদে দৈনিক একুশে সংবাদের এ এফ এম রাসেল পাটোয়ারী ৬৫ ভোট পেয়ে নির্বাচিত হন। তার প্রতিদ্বন্দ্বী আবদুল হাকিম আবির পান ৫৫ ভোট।
শিক্ষা ও প্রশিক্ষণ সম্পাদক পদে দৈনিক যায়যায়দিনের কাজী দ্বীন মোহাম্মদ বেলাল ৮৯ ভোট পেয়ে জয়ী হন। তার প্রতিদ্বন্দ্বী এ কে সালমান পান ৩৬ ভোট।
আন্তর্জাতিক সম্পাদক পদে এটিএন বাংলার ইয়াছিন রানা এবং ইভেন্ট ও আপ্যায়ন সম্পাদক পদে দৈনিক আমার দেশের মাহমুদুল হাসান বিপ্লব শিকদার বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হন।
কার্যনির্বাহী সদস্যের পাঁচটি পদে নির্বাচিত হয়েছেন বাংলাদেশ সংবাদ সংস্থার (বাসস) দিদারুল আলম দিদার, যিনি সর্বোচ্চ ১১৭ ভোট পেয়ে প্রথম হন। এছাড়া নিউ নেশনের মোহাম্মদ আবদুল অদুদ ৭৪ ভোট, বেস্ট নিউজের কমল চৌধুরী ও দৈনিক প্রভাতের মো. আবু তাহের সমান ৭৩ ভোট এবং শিল্পকণ্ঠের শারমিন সুলতানা রিনা ৫৭ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। অপর প্রার্থী তাহমিনা আক্তার পেয়েছেন ৫২ ভোট।
এবারের নির্বাচন পরিচালনার দায়িত্বে ছিলেন তিন সদস্যের নির্বাচন কমিশন। প্রধান নির্বাচন কমিশনার হিসেবে দায়িত্ব পালন করেন মো. শরীফুল ইসলাম। নির্বাচন কমিশনার ছিলেন তোফায়েল হোসেন ও এম. এস. দোহা। নির্বাচন কার্যক্রমে সহযোগিতা করেন রাসেল সরকার।
এর আগে সকালে অনুষ্ঠিত দ্বি-বার্ষিক সাধারণ সভায় সভাপতিত্ব করেন সংগঠনের বিদায়ী সভাপতি মো. সাজ্জাদ হোসেন। সভা পরিচালনা করেন বিদায়ী সাধারণ সম্পাদক এম. মোশাররফ হোসাইন। সাধারণ সভায় সংগঠনের গত দুই বছরের কার্যক্রম, ভবিষ্যৎ পরিকল্পনা এবং সাংবাদিকদের পেশাগত উন্নয়ন, কল্যাণ ও সংগঠনের কার্যক্রম আরও গতিশীল করার বিষয়ে আলোচনা হয়।
অনুষ্ঠানে বক্তব্য দেন বাংলাদেশ সংবাদ সংস্থার (বাসস) সাবেক ব্যবস্থাপনা পরিচালক ও একুশে পদকপ্রাপ্ত সাংবাদিক গাজিউল হাসান খান, বায়োফার্মা গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক ডা. লকিয়ত উল্ল্যা, সংগঠনের প্রতিষ্ঠাতা সভাপতি মাহমুদুর রহমান খোকন, প্রতিষ্ঠাতা সদস্য সচিব এবং স্টেট ইউনিভার্সিটি অব নিউইয়র্কের সহকারী অধ্যাপক ড. ইমরান আনসারীসহ সংগঠনের জ্যেষ্ঠ ও নবীন সদস্যরা। বক্তারা কুমিল্লা সাংবাদিক ফোরামকে আরও শক্তিশালী, ঐক্যবদ্ধ ও কার্যকর সংগঠন হিসেবে গড়ে তোলার ওপর গুরুত্বারোপ করেন।
নির্বাচনে বিজয়ের পর নবনির্বাচিত সভাপতি সাঈদ আহমেদ খান ও সাধারণ সম্পাদক সালাহ উদ্দিন জসিম সংগঠনের সদস্যদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন। তারা বলেন, সদস্যদের আস্থার প্রতিদান দিতে সাংবাদিকদের পেশাগত স্বার্থ রক্ষা, পারস্পরিক সম্প্রীতি বৃদ্ধি, দক্ষতা উন্নয়ন, কল্যাণমূলক কর্মকাণ্ড সম্প্রসারণ এবং নতুন প্রজন্মের সাংবাদিকদের সম্পৃক্ত করে সংগঠনকে আরও গতিশীল ও আধুনিক করে তুলতে তারা সবাইকে সঙ্গে নিয়ে কাজ করবেন।
উল্লেখ্য, কুমিল্লা সাংবাদিক ফোরাম, ঢাকার দ্বি-বার্ষিক সাধারণ সভা ও নির্বাচন আয়োজনে সার্বিক সহযোগিতা করেছে সোনালী ব্যাংক পিএলসি, আরএফএল, বায়োফার্মা ও খন্দকার টি।
সবার দেশ/কেএম




























