ইরানের পারমাণবিক নিরস্ত্রীকরণই চূড়ান্ত লক্ষ্য: মার্কো রুবিও
যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও বলেছেন, ইরানের সঙ্গে ভবিষ্যতে যে কোনো চূড়ান্ত চুক্তির মূল লক্ষ্য হবে দেশটির সম্পূর্ণ পারমাণবিক নিরস্ত্রীকরণ। একই সঙ্গে হরমুজ প্রণালিতে আন্তর্জাতিক জাহাজ চলাচল আরও নিরাপদ রাখতে ইরান ও ওমানের সঙ্গে আলোচনা চালিয়ে যাচ্ছে ওয়াশিংটন।
হোয়াইট হাউসে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে রুবিও বলেন, বর্তমানে হরমুজ প্রণালি উন্মুক্ত রয়েছে এবং বাণিজ্যিক জাহাজ স্বাভাবিকভাবেই এ গুরুত্বপূর্ণ জলপথ ব্যবহার করছে। তবে যুক্তরাষ্ট্র এমন একটি সমঝোতা চায়, যাতে আরও বেশি সংখ্যক জাহাজ নিরাপদে ও নির্বিঘ্নে এ প্রণালি অতিক্রম করতে পারে।
তিনি জানান, স্বল্পমেয়াদে হরমুজ প্রণালিতে নিরাপদ নৌচলাচল নিশ্চিত করতে ইরান ও ওমানের সঙ্গে আলোচনা এবং কূটনৈতিক যোগাযোগ অব্যাহত রয়েছে। এসব আলোচনা শুধু সামুদ্রিক নিরাপত্তা নিশ্চিত করার জন্যই নয়, বরং ভবিষ্যতে ইরানের পারমাণবিক কর্মসূচি নিয়ে দীর্ঘমেয়াদি আলোচনার ভিত্তি তৈরিতেও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
মার্কো রুবিও বলেন, যুক্তরাষ্ট্রের লক্ষ্য স্পষ্ট। ইরানের সঙ্গে যে চূড়ান্ত সমঝোতা হবে, তার কেন্দ্রবিন্দুতে থাকবে দেশটির পারমাণবিক নিরস্ত্রীকরণ। এ বিষয়ে ওয়াশিংটনের অবস্থানে কোনো পরিবর্তন হয়নি বলেও তিনি উল্লেখ করেন।
বিশ্লেষকদের মতে, হরমুজ প্রণালি বিশ্ব জ্বালানি সরবরাহের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি নৌপথ। ফলে এ অঞ্চলে নিরাপত্তা নিশ্চিত করার পাশাপাশি ইরানের পারমাণবিক কর্মসূচি নিয়ে কূটনৈতিক সমাধান খুঁজে পাওয়াও যুক্তরাষ্ট্রের অন্যতম অগ্রাধিকার হিসেবে বিবেচিত হচ্ছে।
সবার দেশ/এফও




























