এক দফা এখনও পূর্ণ বাস্তবায়িত হয়নি: নাহিদ ইসলাম
চব্বিশের গণ-অভ্যুত্থানে ঘোষিত ‘এক দফা’ এখনো পুরোপুরি বাস্তবায়িত হয়নি বলে মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক ও বিরোধীদলীয় চিফ হুইপ নাহিদ ইসলাম। তার দাবি, ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী ভারতে পলাতক হাসিনার পদত্যাগ হলেও যে ‘ফ্যাসিবাদী ব্যবস্থার’ অবসানের লক্ষ্য নির্ধারণ করা হয়েছিলো, তা এখনও অর্জিত হয়নি।
সোমবার (৩ আগস্ট) বিকেলে রাজধানীর কাকরাইলে ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন (আইডিইবি) মিলনায়তনে এনসিপি আয়োজিত ‘শহীদ পরিবার ও আহতদের কণ্ঠে জনতার ১ দফা’ শীর্ষক আলোচনা সভায় তিনি এসব কথা বলেন।
জুলাই গণ-অভ্যুত্থানের দুই বছর পূর্তি উপলক্ষে আয়োজিত এ অনুষ্ঠানে নাহিদ ইসলাম বলেন, ৩ আগস্ট ঘোষিত এক দফার মূল লক্ষ্য ছিলো শুধু শেখ হাসিনার পদত্যাগ নয়, বরং ফ্যাসিবাদী রাষ্ট্রব্যবস্থার সম্পূর্ণ অবসান। তবে আন্দোলনের শরিকদের বিরোধিতার কারণে সে লক্ষ্য পূর্ণাঙ্গভাবে বাস্তবায়িত হয়নি বলে তিনি অভিযোগ করেন।
তিনি বলেন, এক দফা পুরোপুরি বাস্তবায়িত হলে পুলিশের দলীয়করণ বন্ধ হতো, গ্রামে-গঞ্জে চাঁদাবাজি ও দুর্নীতি কমে যেতো এবং জনগণ মৌলিক সেবায় স্বস্তি পেতো। তার ভাষায়,
চুলায় গ্যাস নেই, ঘরে ঘরে বিদ্যুৎ নেই। দেশের কোনও পরিবর্তন হয়নি। পরিবর্তন একটাই হয়েছে, তারেক রহমান লন্ডন থেকে এসে প্রধানমন্ত্রী হয়েছেন।
প্রধানমন্ত্রী তারেক রহমান ও বিএনপির সমালোচনা করে নাহিদ ইসলাম বলেন, গত দুই বছরে বিএনপি সংস্কার প্রক্রিয়ার বিরোধিতা করেছে। তিনি দাবি করেন, ক্ষমতায় আসার পাঁচ মাস পরও ঘুষ ও দুর্নীতির চিত্র বদলায়নি।
তিনি বলেন, বিএনপির নেতারাই বলছেন, পাঁচ মাসে তেমন কোনও পরিবর্তন হয়নি। আবার বলছেন, তারেক রহমান ভালো, বাকিরা খারাপ। শেখ হাসিনার সময়ও এমন প্রচারণা দেখা গেছে—শেখ হাসিনা ভালো, তাকে ভুল বোঝানো হচ্ছে। এখন একই ধরনের প্রচারণা আবার দেখা যাচ্ছে।
নাহিদ ইসলাম আরও বলেন, এনসিপি ক্ষমতায় যাওয়ার জন্য আন্দোলন করেনি। তাদের আন্দোলনের উদ্দেশ্য ছিলো ফ্যাসিবাদী ব্যবস্থার বিলোপ এবং এমন একটি রাষ্ট্র গঠন, যেখানে দুর্নীতি, চাঁদাবাজি ও স্বৈরতন্ত্রের স্থান থাকবে না।
শেখ হাসিনা দেশে আসলে সরাসরি ফাঁসি কার্যকর করা হবে উল্লেখ করে নাহিদ ইসলাম বলেন, যদি শেখ হাসিনা ডিসেম্বরে আসে, সে ডিসেম্বরে আসার জন্য যদি ব্যবস্থা তারেক রহমান (প্রধানমন্ত্রী) করে দেয়, তাহলে সেটার জন্য আপনারা (জুলাই যোদ্ধা ও আহত) প্রস্তুত আছেন তো? আমরা সবাই সেটার জন্য প্রস্তুত আছি; এয়ারপোর্ট থেকে সরাসরি ফাঁসির মঞ্চে, কোনও কথা হবে না। পুরা বাংলাদেশের জনগণ...সেদিন থাকবে বাংলাদেশের রাজপথে, ঢাকার রাজপথে; সরাসরি ফাঁসির মঞ্চে নিয়ে যাবে। ফাঁসি কার্যকর না হওয়া পর্যন্ত রাজপথ থেকে ঘরে ফিরবো না।
এছাড়া আওয়ামী লীগের রাজনীতিতে পুনর্বাসনের যেকোনও উদ্যোগের বিরুদ্ধেও কঠোর হুঁশিয়ারি দেন এনসিপির এ নেতা। তিনি বলেন, আওয়ামী লীগকে পুনর্বাসনের চেষ্টা করা হলে জনগণ মাঠে থেকেই তার জবাব দেবে। তার দাবি, এ ধরনের উদ্যোগ বাস্তবায়নের সাহস কারও নেই এবং চেষ্টা করলে রাজনৈতিকভাবে তার পরিণতি মোকাবিলা করতে হবে।
সবার দেশ/কেএম




























